কবে আসছে হকি টার্ফ?
গত ফেব্রুয়ারিতে ঢাকায় এসে আন্তর্জাতিক হকি ফেডারেশন (এফআইএইচ) সভাপতি লিয়ান্দ্রো নেগ্রে ভতুর্কি মূল্যে একটি অ্যাস্ট্রো টার্ফ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যান। প্রায় ছয় মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত নতুন অ্যাস্ট্রো টার্ফ দেশে আসেনি। কবে নাগাদ তা আসবে সেটি নিয়েও সংশয় আছে। অ্যাস্ট্রো টার্ফের বর্তমান বাজারমূল্য ৩ লাখ ডলার (প্রায় ২ কোটি ৩৪ লাখ টাকা)। কিন্তু এফআইএইচ থেকে টার্ফের খরচ বাবদ বাংলাদেশ পাবে দেড় লাখ ডলার। বাকি দেড় লাখ ডলারের অর্ধেকটা দেবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। বাংলাদেশকে দিতে হবে বাকি ৭৫ হাজার ডলার (প্রায় ৬০ লাখ টাকা)। কিন্তু এখন পর্যন্ত এই অর্থ জোগাড় করতে পারেনি হকি ফেডারেশন।
এফআইএইচ থেকে সম্প্রতি জানানো হয়েছে, ৭৫ হাজার ডলারের নিশ্চয়তা দিলে যত তাড়াতাড়ি সম্ভব টার্ফ পাঠানো হবে বাংলাদেশে। হকি ফেডারেশনের অন্তর্বর্তীকালীন সাধারণ সম্পাদক সাফায়েত হোসেন আশাবাদী, ‘খুব তাড়াতাড়ি আমরা এই টাকাটা সরকারের কাছ থেকে পেয়ে যাব।’ টার্ফের টাকার জন্য গত জুনের শেষ সপ্তাহে ক্রীড়ামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন হকি ফেডারেশন সভাপতি এয়ার মার্শাল ইনামুল বারী। মন্ত্রীর কাছে নতুন টার্ফ স্থাপন ও আনুষঙ্গিক খরচ বাবদ প্রায় ৬ কোটি ১০ লাখ টাকার একটা বাজেট দেওয়া হয়। ফেডারেশন সভাপতির প্রতিনিধি উইং কমান্ডার রাফিউল হক জানান, ‘মন্ত্রী আমাদের আশ্বাস দিয়েছেন টাকার ব্যাপারে। আপাতত আমাদের ৬০ লাখ টাকা দিতে হবে এফআইএইচকে। এই টাকার নিশ্চয়তা পেলে দ্রুতই টার্ফ বাংলাদেশে পাঠাবে এফআইএইচ।’ নতুন টার্ফটি মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বসানোর প্রাথমিক পরিকল্পনা আছে ফেডারেশনের। সে ক্ষেত্রে পুরোনো টার্ফটি তুলে নিয়ে রাজশাহী বা দিনাজপুর বিকেএসপিতে বসানো হতে পারে। টার্ফের পাশাপাশি ঝুলে পড়েছে ফ্লাডলাইট বসানোর উদ্যোগও। হকির নির্বাচন নিয়ে ব্যস্ত থাকায় কর্মকর্তারা ফ্লাডলাইট প্রসঙ্গটা যেন ভুলেই বসে আছেন! এফআইএইচের সহযোগিতা প্রকল্প থেকে পাওয়া কোচ মিশেল কিনানের দ্বিতীয় দফায় বাংলাদেশে আসার ব্যাপারটাও পিছিয়ে পড়েছে। ২৫ জুন ঢাকায় আসার কথা ছিল এই ডাচ কোচের। কিন্তু অন্তর্বর্তীকালীন কমিটির কাছে দায়িত্ব থাকায় পরিকল্পনা বদলে ফেলেছেন কিনান। আসতে পারেন এ মাসের শেষের দিকে।