কবে কীভাবে নতুন সভাপতি
সবাই অপেক্ষায় আছেন। কখন আসবেন বোর্ড সভাপতি?বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি কথাটার এখন দুই রকম অর্থ। একজন বিদায়ী সভাপতি। আরেকজন নতুন সভাপতি। অপেক্ষা দুজনের জন্যই। আইসিসির সহসভাপতি হয়ে যাওয়ার পর আ হ ম মুস্তফা কামাল আসবেন বিদায় নিতে। তিনি বিদায় নিয়ে গেলে নতুন সভাপতি এসে দায়িত্ব নেবেন বাংলাদেশের ক্রিকেটের। কাল পর্যন্ত শুধু অপেক্ষাই হলো। দুই সভাপতির কাউকেই দেখা গেল না বোর্ডে।পুরোনো সভাপতি বিদায় নিয়ে না গেলে অবশ্য নতুন সভাপতি আসবেন না। কিন্তু পুরোনো সভাপতি বিদায় নেবেন কখন? আইসিসির সহসভাপতি হিসেবে মেয়াদকাল শুরু হয়ে যাওয়ায় সাংবিধানিকভাবে মুস্তফা কামালের আর বিসিবির সভাপতি থাকার কথা নয়। তার পরও তিনি এখনো সভাপতি, কারণ তাঁকে এই পদে বসিয়েছে সরকার। সরকার নতুন কাউকে সভাপতি না করলে কার কাছে দায়িত্ব হস্তান্তর করে যাবেন মুস্তফা কামাল? কাল টেলিফোনে তিনিও বললেন, ‘সরকার নতুন কাউকে সভাপতি হিসেবে মনোনয়ন দিলে আমি তাঁর কাছে দায়িত্ব দিয়ে চলে যাব।’ কামালই জানিয়েছেন, আজ সরকারের শীর্ষ পর্যায়ে আইসিসির সহসভাপতি হওয়ার খবরটি তিনি আনুষ্ঠানিকভাবে জানাবেন। এরপর যাবেন বোর্ডে। সরকারও হয়তো এরপরই নতুন কাউকে সভাপতি ঘোষণা করবে।মুস্তফা কামাল আরও জানিয়েছেন, আইসিসিকে গতকাল ই-মেইল পাঠিয়ে তিনি জানতে চেয়েছেন, আইসিসির সহসভাপতি হওয়ার পর আর কত দিন বিসিবির সভাপতি থাকতে পারবেন। নভেম্বরেই যেহেতু বিসিবির নির্বাচন, আইসিসি অনুমোদন করলে হয়তো সে পর্যন্ত মুস্তফা কামালই সভাপতি থেকে যাবেন। অনুমোদন না করলে আসবে নতুন সভাপতির প্রশ্ন।বিসিবির বর্তমান গঠনতন্ত্র অনুযায়ী নতুন সভাপতি আসার পথ খোলা আছে দুটি। মুস্তফা কামাল আর দায়িত্ব পালন না করলে গঠনতন্ত্র অনুযায়ী হয় সরকার নতুন কাউকে মনোনয়ন দেবে অথবা বর্তমান সিনিয়র সহসভাপতিকেই বলবে সভাপতির দায়িত্ব পালন করতে। তবে আইসিসির বাধ্যবাধকতা অনুযায়ী আগামী জুনের মধ্যে বিসিবিতে নির্বাচিত সভাপতি আনতেই হবে।কেমন হবে সভাপতি নির্বাচনপ্রক্রিয়া? মুস্তফা কামাল আগেও বলেছেন, আইসিসির সহসভাপতি হয়ে দেশে ফেরার পর সংবাদ সম্মেলনেও বলেছেন—আইসিসির কাছে এ-সংক্রান্ত একটি প্রস্তাব পাঠিয়েছে বিসিবি। সরকারের মনোনীত দুজন সম্ভাব্য সভাপতি থেকে বিসিবি নির্বাচনের মাধ্যমে একজন সভাপতি বেছে নিতে পারবে কি না, সেটাই জানতে চাওয়া হয়েছে প্রস্তাবে। তবে বিসিবির গঠনতন্ত্র সংশোধনী কমিটির প্রধান দেওয়ান শফিউল আরেফিন বলেছেন, তাঁর জানামতে বিসিবির কাছ থেকে এমন কোনো প্রস্তাব কখনোই আইসিসিতে যায়নি। বরং গঠনতন্ত্রের সংশোধনী প্রস্তাবেই উল্লেখ আছে কীভাবে সভাপতি নির্বাচন হবে। ‘বিসিবির সব কাউন্সিলরের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হবেন, সংশোধনী প্রস্তাবে এমনটাই উল্লেখ আছে এবং সভাপতি প্রার্থীকেও অবশ্যই একজন কাউন্সিলর হতে হবে। এ ক্ষেত্রে অন্য কোনো উপায়ে সভাপতি মনোনয়নের কোনো সুযোগই নেই’—বলেছেন তিনি।নির্বাচিত সভাপতির আগে এ মুহূর্তে আপৎকালীন সভাপতিই বেশি জরুরি বিসিবির। তারও আগে জরুরি চলমান কিছু সমস্যার সমাধান। কোচ রিচার্ড পাইবাসকে নিয়ে অনিশ্চয়তা তার মধ্যে অন্যতম। শোনা যাচ্ছে, পাইবাস নাকি ঈদুল আজহার পর ঢাকায় ফিরবেন। কিন্তু তিনি যে ফিরবেনই, সেই নিশ্চয়তা বিসিবির কেউই দিতে পারছে না। অনিশ্চয়তা সভাপতি মুস্তফা কামালের কণ্ঠেও, ‘যত দূর জানি, পারিবারিক কারণেই তাঁর (পাইবাস) বাংলাদেশে থাকা কঠিন। পরিবার চায় তিনি যেন তাদের আরও বেশি সময় দেন। আমি তাই বলেছিলাম, উনি যেন ঢাকায় পরিবার নিয়ে চলে আসেন। কিন্তু তারা সেটাতে রাজি না।’ বোঝাই যাচ্ছে, বিসিবির সঙ্গে ছুটি নিয়ে দর-কষাকষিটা পরিবারের চাপেই করছেন বাংলাদেশ কোচ। কিন্তু সভাপতি আবারও দৃঢ় কণ্ঠে বলেছেন, বিসিবির চাকরি করলে পাইবাসকে ৪৫ দিনের ছুটির শর্ত মেনেই করতে হবে, ‘৪৫ দিন ছুটি পাইবাসের জন্য যথেষ্ট না হওয়াই স্বাভাবিক, কিন্তু আমাদেরও কিছু করার নেই। খেলা যখন থাকবে না তখন উনি (পাইবাস) এখানে থাকবেন না, এটা হয় নাকি? সে ক্ষেত্রে আমরা নতুন কোচ খুঁজব।’