কবে ফিরবেন নর্দে?

ফুটবল ছেড়ে ধর্মকর্মে মন দিলেন নাকি সনি নর্দে? ফেসবুকে তাঁর টাইমলাইনে ঢুকলে যে কারোর এমনটা মনে হতেই পারে। সেখানে লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য চার্চ অব জেসাস ক্রাইস্ট অব লেটার ডে সেইন্টসে সেবক হিসেবে কাজ করছি।’ শেখ জামালের হাইতিয়ান ফরোয়ার্ড পরিচয় দিয়েছেন সাবেক ফুটবলার হিসেবে, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দা!
ইদানীং সনি নর্দে যেন একটা রহস্যে ঘেরা প্যাকেজ। গত সপ্তাহে ফেসবুকেই স্ট্যাটাস দিয়েছিলেন, ঢাকা ছেড়ে যাচ্ছেন। বিমানবন্দরে দাঁড়িয়ে তোলা সেই ছবি দেখে অনেকেই অনুমান করেছিলেন, আইএফএ শিল্ড মাতানো ফুটবলার হয়তো মোহনবাগানে যোগ দিতে কলকাতায় গেছেন। কিন্তু ওই দিন তিনি ক্লাবেই ছিলেন, পরের দিন রওনা হন বেলজিয়ামের প্রথম বিভাগের ক্লাব ওসটেন্ডে ট্রায়াল দিতে। ক্লাব থেকে অনেক চেষ্টা-চরিত্র করে তিন দিনের ছুটি নেন। যাওয়ার আগে একটা সাদা কাগজে নাকি লিখিতও দিয়ে গেছেন, ফিরে আসবেন ঠিক সময়ে।
কিন্তু তিন দিন দূরে থাক, এক সপ্তাহ পেরিয়ে গেলেও ঢাকায় ফেরেননি নর্দে। কাল বেলজিয়ামের একটি হোটেল থেকে ফেয়ারফিল্ড ইউনাইটেড সকার অ্যাসোসিয়েশনের টি-শার্ট পরা একটি ছবি পোস্ট করেছেন। অলাভজনক এই ক্লাব তরুণ ফুটবলারদের বিনা পয়সায় ট্রেনিং দেয়। তবে কি সেবামূলক কাজে জড়িয়ে পড়লেন কোচ হিসেবে?
এমন সম্ভাবনা অবশ্য উড়িয়ে দিয়েছেন শেখ জামালের ম্যানেজার আনোয়ারুল করিম হেলাল, ‘প্রথমে সনির আসার কথা ছিল ১৪ এপ্রিল। পরে জানায় ১৬ এপ্রিল আসবে, পরে ১৯ তারিখে। ও নাকি ভিসা জটিলতায় পড়েছে। মেয়াদ শেষ হওয়ায় নতুন ভিসা করাতে আরও কয়েক দিন সময় লাগবে।’
নর্দেকে ছাড়াই প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বে একটি ম্যাচ খেলেছে শেখ জামাল ধানমন্ডি। ২২ এপ্রিল ব্রাদার্সের সঙ্গে পরের ম্যাচটিতেও তাঁকে পাওয়া যাবে না বলে নিশ্চিত করেছেন হেলাল। কিন্তু নর্দে যদি একেবারেই না ফেরেন? শেখ জামালের ম্যানেজারের কণ্ঠে কাঠিন্য, ‘মৌসুম শেষ করতেই হবে ওকে। তা না হলে বিশ্বের কোথাও আর ফুটবলই খেলতে পারবে না সে।’