হকির পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। গত ২২ ফেব্রুয়ারি ক্রিকেট বোর্ডের সভায় সিদ্ধান্ত হয়েছে, জাতীয় দলের জন্য হকি ফেডারেশন একজন বিশ্বমানের বিদেশি কোচ আনলে আর্থিক পৃষ্ঠপোষণা দেবে দেশের সবচেয়ে ধনাঢ্য ফেডারেশনটি। এই ঘোষণা পেয়ে স্বাভাবিকভাবেই নড়েচড়ে বসেছে হকি ফেডারেশন। কিন্তু একজন বিদেশি কোচ কবে নাগাদ আনতে পারবে তারা, সেই নিশ্চয়তা মিলছে না।
কোচ মনোনয়নের জন্য হকি ফেডারেশন গঠন করেছে তিন সদস্যের কমিটি। যেটিতে আছেন জাতীয় দলের সর্বশেষ কোচ মাহবুব হারুন, জাতীয় দলের সাবেক অধিনায়ক মামুনুর রশিদ ও ফেডারেশনের যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান। কাল আনভীর জানালেন, চারদিকে যোগাযোগ করে তাঁরা দু-এক মাসের জন্য কোচ পাচ্ছেন। লম্বা সময়ের জন্য নাকি কেউ আসতে রাজি নয়। যে কারণে ব্যাপারটা পড়ে গেছে দীর্ঘসূত্রতায়। তাঁর কথা, ‘এক-দুই মাসের জন্য কোচ এনে লাভ নেই। লম্বা সময়ের জন্য কোচ খুঁজছি আমরা এবং সেই কোচ হবেন ইউরোপের।’ কিন্তু ইউরোপের তেমন কোচ নাকি পাওয়া যাচ্ছে না।
তা ছাড়া উঁচু মানের কোচ আনতে ফেডারেশনের সাংগঠনিক দুর্বলতাও আছে। বাইরের পৃথিবীর সঙ্গে বাংলাদেশের যোগাযোগটা সেভাবে গড়ে ওঠেনি এত বছরেও। ফলে ইউরোপের কোচের জন্য শেষ পর্যন্ত বিশ্ব হকি ফেডারেশনের (এফআইএইচ) দ্বারস্থ হয়েছে কমিটি। আনভীর বলছেন, ‘এফআইএইচের কাছে কয়েকজন কোচের নাম চেয়েছি আমরা। তারা নাম পাঠালে সেখান থেকে একজনকে বেছে নেওয়া হবে। প্রাথমিকভাবে অন্তত এক বছরের চুক্তি করতে চাই। পরে তা বাড়তে পারে। আমরা ২০২০ অলিম্পিক সামনে নিয়ে এগোনোর পরিকল্পনা করছি।’
তবে সেই পরিকল্পনা বাস্তবায়নের পথে পুরোনো বিদেশি কোচের দিকে ঝুঁকতে রাজি নয় ফেডারেশন। তাই বাংলাদেশ দলের সাবেক জার্মান কোচ পিটার গেরহার্ড বা বাংলাদেশেই কাজ করে যাওয়া আরেক জার্মান কোচ অলিভার কার্টজ আগ্রহ প্রকাশ করলেও তাঁদের ব্যাপারে উৎসাহ দেখাচ্ছে না ফেডারেশন।
একজন ভারতীয় কোচের জীবনবৃত্তান্তও এসেছে। তবে অস্ট্রেলিয়া, জার্মানি, হল্যান্ড বা নিউজিল্যান্ডের কাউকেই কোচ চাইছে বাছাই কমিটি। প্রশ্ন হলো, এফআইএইচ কবে কোচের নাম পাঠাবে, বা আদৌ যদি পাঠাতে না পারে? তাহলে কবে ক্রিকেট বোর্ডের আর্থিক সহায়তায় কোচ নিয়োগ দিতে পারবে হকি ফেডারেশন? আপাতত উত্তর জানা নেই কর্মকর্তাদের।