কবে হবে বিসিবির নির্বাচন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকঢোল বেশ জোরেই বাজছে। বিসিবির নির্বাচন ঘিরে আজ এই পক্ষ বক্তব্য দিচ্ছে তো কাল আরেক পক্ষ। কথার লড়াই কখনো কখনো অরুচিকর কাদা ছোড়াছুড়ির পর্যায়েও যাচ্ছে। অথচ বিসিবির বহুল আলোচিত নির্বাচনটি যে কবে হবে, সেটা এখনো কেউ জানে না!
গত ২৫ জুলাই আদালতের রায়ে দূর হয়ে গেছে বাধা। ৫ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের উদ্যোগ নেওয়ার জন্য বিসিবি চিঠি দিলেও এখন পর্যন্ত গঠিত হয়নি সেটি। এনএসসির পরিচালক (ক্রীড়া) হাইয়ুল কাইয়ুম কাল টেলিফোনে ব্যাখ্যা দিলেন, ‘আমরা ১৮ আগস্ট এ-সংক্রান্ত ফাইল মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। এখন মন্ত্রণালয় ও এনএসসি মিলে নির্বাচন কমিশন গঠন করবে। এনএসসির চেয়ারম্যান সাহেব (ক্রীড়া প্রতিমন্ত্রী) সম্ভবত এখন স্টেশনে নেই। তিনি আসলেই কমিশন গঠন হয়ে যাওয়ার কথা।’
নির্বাচন কমিশন গঠন করা হয়নি, নির্বাচনের তারিখ তো দূরের কথা। যে কাউন্সিলর মনোনয়ন নিয়ে এত তর্ক-বিতর্ক, বিসিবি সেটার জন্যও এখনো চিঠি ছাড়েনি। আর কাউন্সিলরদের নামই যেখানে চূড়ান্ত নয়, প্যানেল ঘোষণার তো প্রশ্নই ওঠে না। এখন পর্যন্ত তাই শুধু দুজন লোকই বিসিবির নির্বাচন করবেন বলে আনুষ্ঠানিকভাবে জানা গেছে। প্রথমে ঘোষণা দেন সাবেক বোর্ড সভাপতি সাবের হোসেন চৌধুরী। কাল জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কিছু প্রতিনিধির সঙ্গে সভা শেষে নির্বাচন করবেন বলে জানান বর্তমান সভাপতি নাজমুল হাসানও। বাকি নামগুলো কেবল হাওয়ার মধ্যেই লুটোপুটি খাচ্ছে। ইনি অমুক প্যানেলে, তিনি তমুক প্যানেলে। হাওয়ার মধ্যেই অনেকে আবার ডিগবাজি খেয়ে এক প্যানেল থেকে চলে যাচ্ছেন আরেক প্যানেলে।
নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলে কী হবে, বিসিবি হাওয়াই নির্বাচনেই বুঁদ। টি-টোয়েন্টি বিশ্বকাপের বিভিন্ন ভেন্যুর দরপত্র আর উন্নয়নকাজ নিয়েও ব্যস্ততা আছে। ভাবনার ফ্রেমে ঢুকতে পারছে না শুধু মাঠের ক্রিকেটই। ইংল্যান্ডে অনূর্ধ্ব-১৯ দলের ব্যর্থতার পর ‘এ’ দলও কেবল লজ্জাই উপহার দিচ্ছে। কাল তো সিঙ্গাপুরে সংযুক্ত আরব আমিরাতের কাছে হেরেই বসল অনূর্ধ্ব-২৩ দল।
এসব নিয়ে অবশ্য বোর্ড কর্মকর্তাদের মাথাব্যথা আছে বলে মনে হয় না। মিরপুরের বিসিবি কার্যালয়ে গেলে নির্বাচনী হাওয়াটাই বরং বেশি গায়ে লাগে। কাল যেমন দ্বিতীয় দফায় জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসলেন নাজমুল হাসান। এর আগে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সংগঠন ফোরাম সভাপতি ইউসুফ জামিল নির্বাচনে নাজমুল হাসানকে সমর্থন না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। কাল সেটারই জবাব দিতে ফোরামের আরেকটি অংশ বলল, নাজমুল হাসানের প্রতি তাদের পূর্ণ সমর্থন আছে। সভা শেষে দাবি করা হলো, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার উপস্থিত ৪৯ জন প্রতিনিধির মধ্যে ৩২ জনই সাধারণ সম্পাদক পদমর্যাদার। যদিও আরেকটি সূত্রের তথ্য, সংখ্যাটা মাত্রই ১০। তবে এই ৪৯ কর্মকর্তার মধ্যে চমক বলতে পারেন ঢাকা জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি ও বিসিবির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর হোসেনকে (পল্টু)।
বিসিবির অস্থায়ী কমিটিতে থেকে কেউ বিসিবির নির্বাচনে অংশ নিলে ক্ষমতার অপব্যবহারের শঙ্কা থাকেই। জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বিসিবি সভাপতির এখন পর্যন্ত হওয়া দুটি মতবিনিময় সভায় সে রকম কিছু লক্ষণও দেখা গেল। বিসিবি সভাপতি এই নির্বাচনী সভাগুলো করছেন বিসিবির অবকাঠামো ব্যবহার করে। সভাগুলো উপলক্ষে ব্যতিব্যস্ত থাকতে হয় বোর্ডের অনেক কর্মকর্তা-কর্মচারীকে। কাল সভা শেষে জেলা-বিভাগের প্রতিনিধিরা যে উপঢৌকন নিয়ে গেলেন, ওয়ার্ল্ড টি-টোয়েন্টির লোগো অঙ্কিত সুদৃশ্য লাল ব্যাগে ভরা সেসবও কারও নির্বাচনী সম্পত্তি হওয়ার কথা নয়। দুপুরের ভূরিভোজ, সংবাদ সম্মেলন আর জেলা-বিভাগের কর্মকর্তাপ্রতি তিন হাজার টাকা করে দেওয়া ‘পকেট খরচ’-এর উৎসটা আর নাই-বা খোঁজা হলো। সভাপতির পক্ষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস অবশ্য বোঝাতে চাইলেন, কাউন্সিলরদের এর আগেও এ রকম উপঢৌকন দেওয়া হয়েছে। সঙ্গে বলেছেন, ‘সভাপতি তো নির্বাচনী ক্যাম্পেইন করছেন না। বিসিবির নির্বাচন সামনে রেখে জেলা-বিভাগের কর্মকর্তারাই তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছেন।’ অথচ ঈদের আগে হওয়া প্রথম সভা শেষে বোর্ড সভাপতি নিজেই বলেছিলেন, ঈদের পর জেলা-বিভাগের অন্য কর্মকর্তাদেরও তিনি আলোচনার জন্য ডাকবেন।
আর নির্বাচনী সভা যদি না-ই হবে, দুটি সভাতেই কী করে উপস্থিত থাকেন আকরাম খান! জেলা-বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বিসিবি সভাপতির মতবিনিময়ে প্রধান নির্বাচকের ভূমিকা কী? তার চেয়ে বরং সম্ভাব্য একজন কাউন্সিলর হিসেবেই তাঁর উপস্থিতিটা বেশি বোধগম্য। আসন্ন নির্বাচনে সাবেক এই অধিনায়ককে নিজের তাঁবুতে যে প্রকাশ্যেই চেয়েছেন বর্তমান বোর্ড সভাপতি।