কম শাস্তিই পাচ্ছেন আমির!
মাইকেল আথারটন, জিওফ লসন, রমিজ রাজাদের চাওয়াই মনে হয় সত্যি হচ্ছে। অপরিণত বয়সটাকে বিবেচনায় নিয়ে মোহাম্মদ আমিরকে শাস্তি কম দেওয়ার আহ্বান জানিয়েছিলেন সাবেকেরা। আইসিসির প্রধান নির্বাহী হারুন লরগাত যেমন ইঙ্গিত দিয়েছেন, তাতে সত্যিই শাস্তি কম হতে পারে আমিরের। তবে বয়সের কারণে নয়, অপরাধের মাত্রার কারণে।সাময়িক নিষেধাজ্ঞার বিরুদ্ধে কদিন আগেই আপিল করেছেন সালমান বাট। গত পরশু আপিল করেছেন মোহাম্মদ আসিফ ও আমিরও। তিনজনই আপিল করেছেন আলাদাভাবে। আইনি লড়াই লড়বেনও তাঁরা আলাদা করেই। আপিল আবেদনের শুনানি হবে শিগগিরই। ওই শুনানিতেই অভিযুক্তদের বিরুদ্ধে পাওয়া প্রমাণগুলো প্রথমবারের মতো প্রকাশ করবে আইসিসি। আমিরের বিরুদ্ধে অভিযোগ সবচেয়ে কম, সে হিসেবেই সবচেয়ে কম শাস্তি হতে পারে ১৮ বছর বয়সী পেসারের। আর অতীতের অসংখ্য ‘কুকীর্তির’ জন্য সবচেয়ে বেশি শাস্তির খাঁড়ার সামনে দাঁড়িয়ে আসিফ।দোষী প্রমাণিত হলে কেমন শাস্তি হবে, সেটি অবশ্য আইসিসি কর্তারা নিজেরাই এখনো বুঝে উঠতে পারছেন না। লরগাত জানিয়েছেন, এখনো তাঁরা ব্যাপারটা নিয়ে কাজ করছেন, ‘একটা নো বল করা বা নো বল করার নির্দেশ দেওয়ার উপযুক্ত শাস্তি কী হতে পারে, সেটা নিয়ে আমরা এখনো কাজ করছি। তবে আমরা বিশ্বাস করি, এই তিনজনকে নিষিদ্ধ করার মতো যথেষ্ট প্রমাণ আমাদের হাতে আছে।’ আইসিসির বর্তমান আইনে বাজিকরদের কাছ থেকে প্রস্তাব পাওয়ার পর না জানালে সবচেয়ে কম শাস্তি ৬ মাসের নিষেধাজ্ঞা। ১২০০ ডলারের হোটেল বিল পরিশোধ করেছিল এক বাজিকর, এই অভিযোগে দুই বছর নিষিদ্ধ হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যান মারলন স্যামুয়েলস। পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইসিসি, আর পিসিবি প্রধান ইজাজ বাটের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে পাকিস্তান সরকার। দলের কোচ-সহকারী কোচ, প্রধান নির্বাচক, ম্যানেজারসহ বাটকে আগামী ১১ অক্টোবর হাজির হতে হবে ক্রীড়াবিষয়ক সংসদীয় কমিটির সামনে। শুধু তা-ই নয়, ১০ অক্টোবরের মধ্যে পিসিবির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রদবদল করতে বলা হয়েছে বাটকে। না হলে, বাটের বোর্ড প্রেসিডেন্ট থাকার মেয়াদ আর বাড়ানো হবে না। বাটের দুই বছরের মেয়াদ শেষ হওয়ার কথা এ মাসের শেষ দিকে। তবে পিসিবির বিভিন্ন পদে রদবদল হলে আগামী বিশ্বকাপ পর্যন্ত থাকতে পারেন বাট। ওয়েবসাইট।