টেস্ট আঙিনায় ১২ বছরের বিচরণে এমন দিন খুব কমই এসেছে বাংলাদেশের, যেদিন মাঠে পা রাখার সময় চোখে থাকবে জয়ের স্বপ্ন!
কমই এসেছে এমন দিন!
শিরোনাম ভুল বোঝাতে পারে। সব মিলিয়ে কালকের দিনটি খারাপ কাটেনি। কিন্তু এই ‘এমন দিন’ কিন্তু কালকের দিন নয়। বলা হচ্ছে আজকের কথা, কমই এসেছে বাংলাদেশের এমন দিন!চারদিনের প্রায় পুরোটাজুড়েই লড়াইটা ছিল একতরফা, ব্যাটের দাপটে অসহায় বল। হঠাত্ই টেস্ট ক্রিকেট হাজির তার সব সৌন্দর্য নিয়ে। শেষ বিকেলের মরে আসা আলোয় প্রাণ ফিরল প্রায় মৃত ম্যাচের। আচমকা বদলে যাওয়া সেই দৃশ্যপট বাংলাদেশকে জোগাচ্ছে স্বপ্ন দেখার সাহস। টেস্ট আঙিনায় ১২ বছরের বিচরণে এমন দিন খুব কমই এসেছে বাংলাদেশের, যেদিন মাঠে পা রাখার সময় চোখে থাকবে জয়ের স্বপ্ন! পেছনে তাকিয়ে একটু নির্দিষ্ট করেও বলা যায়। মুলতান, চট্টগ্রাম, ফতুল্লা, সেন্ট ভিনসেন্ট আর গ্রেনাডা...এই তো! এর মধ্যে তিনবার ধরা দিয়েছে স্বপ্নের জয়। ফসকে গেছে মুলতান ও ফতুল্লায়। এই দুটো ম্যাচ আরেকটা দিক থেকেও মিলে যাচ্ছে এক বিন্দুতে। দুবারই জয়ের স্বপ্নকে সত্যি করার ভার ছিল বোলারদের ওপর। কিন্তু শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে। মুলতানে শেষ দুই ব্যাটসম্যানকে নিয়ে ৫৭ রান তুলে পাকিস্তানকে জেতানোর পাশাপাশি নিজের ক্যারিয়ার পুনরুজ্জীবিত করেছিলেন ইনজামাম-উল-হক। অপরাজিত ১৩৮ রানের অসাধারণ এক ইনিংসে দলকে জিতিয়েছিলেন ১ উইকেটে। ফতুল্লায় বাংলাদেশের স্বপ্ন খুন হয়েছিল রিকি পন্টিংয়ের ব্যাটে। অধিনায়কের অপরাজিত ১১৮ রানে অস্ট্রেলিয়া জিতেছিল ৩ উইকেটে।আবার উল্টো অভিজ্ঞতাও আছে। বাংলাদেশের তিন জয়ের দুটিতেই শেষ দিনে দায়িত্বটা ছিল বোলারদের। ‘জয়’ শব্দটাই বলছে, বোলাররা সফল হয়েছিলেন! আজকের দিনের প্রেক্ষাপটের সঙ্গে দারুণ মিলে যাচ্ছে বাংলাদেশের শেষ জয়। প্রতিপক্ষ এই ওয়েস্ট ইন্ডিজ, ২০০৯ সালের গ্রেনাডা। চতুর্থ দিন শুরুর সময় ২ উইকেট হাতে নিয়ে ১৯৭ রানে এগিয়ে ছিল ওয়েস্ট ইন্ডিজ। খানিকটা কাজ ছিল বোলারদের, অনেকটা ব্যাটসম্যানদের। আজও তা-ই। বোলারদের কাজ দ্রুত শেষ ৪ উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের গুটিয়ে দেওয়া। এরপর মূল কাজটা ব্যাটসম্যানদের! গ্রেনাডায় ২১৫ রানের লক্ষ্য বাংলাদেশ ছুঁয়েছিল রকিবুলের ৬৫ আর সাকিবের অপরাজিত ৯৬ রানে। আজ মিরপুরে কী অপেক্ষা করছে? সাকিব আর বাংলাদেশ কি পারবে ৩ বছর আগে ফিরে যেতে? নাকি ‘অসুস্থ’ চন্দরপল এসে বাঁচিয়ে দেবেন ম্যাচ? ড্যারেন স্যামির চোখে জয়ের স্বপ্নও থাকতে পারে!জোড়া সেঞ্চুরিয়ান কাইরান পাওয়েল জয়টাকে ভাবনার বাইরে রাখছেন না স্বাভাবিকভাবেই। তবে ম্যাচ বাঁচানোর তাগিদটাই আগে, ‘প্রথম সেশনটা আমাদের ব্যাট করতে হবে। সেটা করতে পারলে আমরা নিরাপদ একটা অবস্থায় থাকব, এরপর করতে হবে জয়ের চেষ্টা। আমার ধারণা, ৩০০ করতে পারলেই জেতার মতো অবস্থায় যেতে পারব।’কাল প্রায় শেষ মুহূর্ত পর্যন্ত উইকেটে ছিলেন পাওয়েল। উইকেটের সর্বশেষ অবস্থা যা বললেন, তাতে কাজটা খুব একটা সহজ হবে না ব্যাটসম্যানদের জন্য, ‘বল এখনো খুব বেশি টার্ন করছে না, তবে বাউন্স আগের চেয়ে বেশি পাচ্ছে স্পিনাররা। বিকেলের দিকে বল একটু থেমে থেমে আসছিল ব্যাটে। এর সঙ্গে ওই বাড়তি বাউন্স আর খানিকটা আর্দ্রতা মিলে শট খেলা খানিকটা কঠিন করে তুলেছে।’নাসির হোসেনের কণ্ঠে যেন খানিকটা দ্বিধা। জয়ের স্বপ্ন আছে চোখে, তবে আবার যেন সতর্কও, ‘কাল প্রথম ঘণ্টায় অথবা ২৫-৩০ ওভারের মধ্যে যদি অলআউট করে দিতে পারি, তাহলে সুবিধাজনক একটা অবস্থা আমরা পাব। আমাদের হয়তো ৬০ ওভার ব্যাটিং করতে হতে পারে বা ৩০০ রান চেজ করতে হতে পারে। আমার মনে হয়, ওরা প্রথমে একটা সেফ পজিশনে যাবে। এরপর ছাড়লেও ছাড়তে পারে। আমরাও প্রথমে চাইব একটা সেফ পজিশনে যাওয়ার। এরপরে দেখব কী হয়।’কী হয়, সেটা দেখার প্রতীক্ষায় তো গোটা বাংলাদেশই!