কমছে উইকেট, বাড়ছে রান
১৩ উইকেটে ১৮২। ৭ উইকেটে ২৫৭। ৪ উইকেটে ৩২৯ রান। জাতীয় ক্রিকেট লিগে সিলেট-ঢাকা মহানগর ম্যাচের প্রথম তিন দিনের পরিসংখ্যান। বাড়ছে রান, কমছে উইকেট।কাল সিলেটে সারা দিন ব্যাট করেছে ঢাকা মহানগর। প্রথম ইনিংসে ১২৯ রানে অলআউট মহানগর তৃতীয় দিন শেষ করেছে ৪ উইকেটে ৩৭৬ নিয়ে। প্রথম ইনিংসে ১৩৪ রানের লিড নেওয়া সিলেট এখন উল্টো ২৪২ রানে পিছিয়ে। আজ শেষ দিনে সিলেটের সামনে কত রানের লক্ষ্য দেয় মহানগর, সেটিই দেখার।জাতীয় লিগের কালকের দিনটি ব্যতিক্রমই। এদিন রান পেয়েছেন মহানগরের সব ব্যাটসম্যান। দুই ওপেনার আরমান হোসেন ৩৪ ও ফোরকান ৩৩ রানে আউট, তবে ফিফটি করেছেন পরের চার ব্যাটসম্যানই। তৃতীয় উইকেটে ১৫৪ রানের জুটি গড়েছেন এবারের লিগের সর্বোচ্চ রান সংগ্রহকারী আসিফ আহমেদ (৮২) ও শামসুর রহমান (৯৩)। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে ১০৬ রান মেহরাব জুনিয়র (৬৪*) ও মার্শাল আইয়ুবের (৫৭*)। প্রথম ইনিংসেও ফিফটি করেছিলেন মার্শাল।সংক্ষিপ্ত স্কোরঢাকা মহানগর: ১২৯ ও ১০০ ওভারে ৩৭৬/৪ (শামসুর ৯৩, আসিফ ৮২, মেহরাব ৬৪*, মার্শাল ৫৭*, আরমান ৩৪, ফোরকান ৩৩; জায়েদ ২/৫৮, এনামুল ২/১২৬)। সিলেট ১ম ইনিংস: ১০৭.৩ ওভারে ২৬৩।