কমনওয়েলথ গেমস: সংশয়াচ্ছন্ন উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে দুই বছর আগে অলিম্পিক আয়োজন দিয়ে সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল বেইজিং। তার আগে এ শহরটিকে নিয়ে সারা বিশ্বের কত নাক সিটকানি, কত আলোচনা-সমালোচনা। সবকিছু ছাপিয়ে বেইজিংয়ের ‘বার্ড নেস্টে’ চীন উপহার দিয়েছিল অলিম্পিকের ইতিহাসের সবচেয়ে জমকালো আয়োজন। সবচেয়ে আকর্ষণীয় উদ্বোধনী অনুষ্ঠান। এক অনুষ্ঠানেই চীনকে নিয়ে তাবৎ দুনিয়ার মানুষের ধারণাটাই পাল্টে গেল। অলিম্পিক আয়োজন করে চীন ইতিমধ্যেই ফুলিয়ে-ফাঁপিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে নিজেদের অর্থনৈতিক সামর্থ্যের বিশালতাকে। এশিয়ায় চীনের সবচেয়ে বড় অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী ভারতের রাজধানী দিল্লিতে আজ থেকে শুরু হওয়া কমনওয়েলথ গেমসের ১৯তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তাই ঘুরে-ফিরেই চলে আসছে বেইজিংয়ের সঙ্গে তুলনাটা।কিন্তু তুলনা চললেও কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে আশান্বিত হতে পারছেন না অনেকেই। এর কারণটা হয়তো অর্থনৈতিক নয়, কিন্তু সমন্বয়হীনতা এ অনুষ্ঠানটিকে এমন আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছে যে আয়োজকদের বেইজিং অলিম্পিকের সঙ্গে নিজেদের তুলনা করাটাকে অনেকেই হাস্যকর ব্যাপার হিসেবে দেখছে। ৩০০ কোটি রুপির এ অনুষ্ঠানকে কিন্তু সর্বাঙ্গীণ সুন্দর করার সব ধরনের সামর্থ্যই ছিল ভারতের। বিশ্বের অন্যতম সেরা শোবিজ শিল্প যে দেশকে বিশ্বের দরবারে পরিচিতি দিয়েছে শিল্পে-সংস্কৃতিতে, যে দেশ এখনো বিশ্বে নিজেদের শীর্ষ অবস্থানেই দেখতে অভ্যস্ত, তারাই কি না এমন একটি অনুষ্ঠানের মান ও আকর্ষণ নিয়ে চিন্তিত। এর নেপথ্য কারণ আর কিছুই নয়, দুর্নীতি আর অব্যবস্থাপনা এই গেমসের আয়োজনের পরিপূরক প্রতিশব্দ হয়ে ওঠার কারণেই সবকিছু নিয়ে যত দুশ্চিন্তা, যত সংশয়।অব্যবস্থাপনার একটা উদাহরণ দেওয়া যাক। মোট ৩০০ কোটি রুপির এ উদ্বোধনী অনুষ্ঠানে নাকি একটি বিশাল হিলিয়াম বেলুনের পেছনে ব্যয় করা হয়েছে ৪০ কোটি রুপি। তবে অক্টোবরের সন্ধ্যায় ভারতে বৃষ্টির যে আশঙ্কা থাকে, তা আয়োজকদের মাথায় এসেছে অনেক পরে, খবরে প্রকাশ সেই হিলিয়াম বেলুনটির ব্যবহার নাকি না-ও হতে পারে আজকের এ উদ্বোধনী অনুষ্ঠানে। ভারতের সেরা শিল্প নির্দেশক জাভেদ আকতারের নেতৃত্বে প্রসূন জোশি ও শ্যাম বেনেগাল নিজেদের সামর্থ্য আর প্রতিভার পুরোটাই এ অনুষ্ঠানের পেছনে ঢেলে দেওয়ার প্রয়াস নিলেও বাধ সেঁধেছে প্রস্তুতির জন্য অপর্যাপ্ত সময়। এ ধরনের অনুষ্ঠানে ড্রেস রিহার্সেলের জন্য যে পরিমাণ সময় প্রয়োজন তার কিছুই পাননি শিল্পী ও কলাকুশলীরা। যে বেইজিং অলিম্পিকের সঙ্গে এত তুলনা, সেই বেইজিং গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্বমানের সেই পারফরম্যান্সের পেছনে যে কী পরিমাণ সময় ব্যয় করেছিলেন আয়োজকেরা, তা অবশ্য খতিয়ে দেখছে না কেউই। বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে কেবল ভ্যেনুতে ড্রেস রিহার্সেলই হয়েছে চার মাস ধরে। অপর দিকে জাভেদ আকতার বাহিনী কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের ভ্যেনু জওহরলাল নেহেরু স্টেডিয়াম হাতেই পেয়েছে মাত্র ১০ দিন আগে। সাত হাজার শিল্পীর অংশগ্রহণে যে অনুষ্ঠান আয়োজিত হতে যাচ্ছে, তার প্রস্তুতির জন্য মাত্র ১০ দিন ব্যয় করে সেটাকে বেইজিং অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে তুলনা করতে যাওয়া বাতুলতারই শামিল। ২০১২ সালে লন্ডনে অনুষ্ঠিতব্য অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি নাকি এরই মধ্যে হাতে নেওয়া হয়েছে। লন্ডন পণ করেছে উদ্বোধনী অনুষ্ঠানের জলুস ও চাকচিক্যে বেইজিংকেও ছাড়িয়ে যাওয়ার। উপমহাদেশীয় সংস্কৃতিতে কাজ না করে কথার ফুলঝুরি ছোটানোর যে ব্যাপারটি রয়েছে, তা থেকে বের হতে পারেননি দিল্লি কমনওয়েলথ গেমসের আয়োজকেরাও।আয়োজকদের অব্যবস্থাপনার সঙ্গে যোগ হয়েছিল আবহাওয়ার বৈরী আচরণও। গত এক মাস ধরে দিল্লিতে মৌসুমি বৃষ্টিপাত সব ধরনের প্রস্তুতিকেই করেছে ব্যাহত। বৃষ্টিপাতের কারণে আজকের উদ্বোধনী অনুষ্ঠানেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত পুরোপুরি বন্ধ হতে হতে গেমস শুরুর তারিখ এসে যাওয়াতে ভ্যেনুর মাঠ নাকি পুরোপুরি শুকাতে পারেনি। আর সে কারণে শেষ মুহূর্তে এসে অনেক কিছুই কাটছাঁট করতে হয়েছে। এত বড় যজ্ঞ আয়োজনে যখন তাড়াহুড়োর ব্যাপারটি চলে আসে ঠিক তখনই সমার্থক হয়ে ওঠে দুর্নীতির ব্যাপারটি। এ উপমহাদেশে ক্রীড়াক্ষেত্রে সুযোগ সন্ধানী লোকের সংখ্যা নেহাতই কম নয়। আয়োজনের অব্যবস্থাপনার সুযোগে এরা এদের কালো থাবা আবার মেলে ধরার সুযোগ পেয়ে গেছে। কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের একটি অংশের ব্যবস্থাপনার দায়িত্ব যে ইভেন্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে, তার মান ও সামর্থ্য নিয়েও রয়েছে এন্তার অভিযোগ। সবচেয়ে গুরুতর যে ব্যাপারটি সামনে এসেছে, তা হলো—এ প্রতিষ্ঠানটিকে দায়িত্ব দেওয়ার আগে নাকি কোনো উন্মুক্ত দরপত্রেরই ব্যবস্থা করা হয়নি।কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বিতর্ক থাকতে পারে, সমালোচনা থাকতে পারে, থাকতে পারে হতাশা। কিন্তু সত্যিই আজকের অনুষ্ঠানটি যেন সফল হয়, জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় হয়—এ প্রত্যাশা থাকবে উপমহাদেশের সব দেশের সব নাগরিকেরই। সবাই চাইবে ভারত তার সামর্থ্যের সবচেয়ে সেরাটা তুলে ধরবে এ অনুষ্ঠানে। অনিয়ম আর অব্যবস্থাপনার ব্যাপার থাকতে পারে, কিন্তু কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলার জন্য ভারত তাদের সীমিত সামর্থ্যের মধ্যেও সব ধরনের ব্যবস্থাই হাতে নিয়েছে। চারটি ভিন্ন ভাগে পরিকল্পিত এ অনুষ্ঠানের প্রথম ভাগ ‘স্বাগতমে’ ভারতের মাটিতে এই গেমসে অংশগ্রহণের লক্ষ্যে পা রাখা অতিথিদের স্বাগত জানান হবে ভারতীয় রীতি অনুসারে। দ্বিতীয় ভাগে ‘ইয়োগা’, তৃতীয় ভাগে ‘গ্রেট ইন্ডিয়ান জার্নি’ বিভাগে তুলে ধরা হবে ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে। আর চতুর্থ ভাগে একেকটি বিশাল কোরিওগ্রাফির মাধ্যমে তুলে ধরা হবে গ্রামীণ ভারতকে। এর পাশাপাশি উপমহাদেশের অন্যতম সেরা সংগীত পরিচালক ও গায়ক এ আর রহমানের পরিবেশনা তো থাকছেই। কমনওয়েলথ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে কোরিওগ্রাফার হিসেবে থাকছেন ভারতের ছয়জন নামকরা নৃত্য পরিচালক। পুরো অনুষ্ঠানেরই সংগীত পরিকল্পনা করেছেন সেই এ আর রহমান। আয়োজকদের কাছ থেকে এর পারিশ্রমিক বাবদ তিনি নিয়েছেন পাঁচ কোটি রুপি। এই সংগীত পরিকল্পনার মধ্যে রয়েছে কমনওয়েলথ গেমসের থিম সং। যা ইতিমধ্যেই যথেষ্ট আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপ ফুটবলের শাকিরার গাওয়া সেই ‘ওয়াকা, ওয়াকা’ গানটিকে জনপ্রিয়তায় ছাড়িয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে যে থিম সংয়ের জন্ম হয়েছে, তা নাকি মন ভরাতে পারেনি অনেকেরই। গেমসের আয়োজক কমিটির প্রধান সুরেশ কালামাদি একবার বলেছিলেন, সবদিক বিচারেই দিল্লি কমনওয়েলথ গেমসের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানসহ পুরো আয়োজনটিই হবে ইতিহাসের সেরা। কমনওয়েলথ গেমসের ইতিহাসের সেরা কমনওয়েলথ গেমস আয়োজন করার লক্ষ্য নিয়ে কাজ করতে নেমে এই কালামাদিরাই দিল্লি গেমসকে পরিণত করেছেন মাঠের বাইরের ঘটনার বিচারে সবচেয়ে সমালোচিত আয়োজনের গেমসে। গেমস শুরুর ১০ দিন আগে ভ্যেনুর ওভারব্রিজ ভেঙে পড়া, খেলোয়াড়দের আবাসস্থলে গোখরা সাপের অস্তিত্ব প্রমাণিত হওয়া, বারবার ভ্যেনুর বিভিন্ন অবকাঠামো ভেঙে ভেঙে পড়া ইত্যাদি ঘটনাকে এক করলে আজ যে গেমসটা শেষ পর্যন্ত শুরু হচ্ছে, এটাই বড় কথা। ১৯৮২ সালে এশিয়ান গেমস আয়োজন করে প্রশংসিত ভারতের অনেক বড় স্বপ্নের দুয়ার খুলে যাওয়ার লক্ষ্যে যে গেমসের আয়োজন, তাকে তো সফল করতেই হবে। এ কামনা শুধু ভারতীয়দের নয়, গোটা উপমহাদেশেরই। গোটা উপমহাদেশই তাই আজ ভারতের স্বপ্নযাত্রার সারথি।তথ্যসূত্র: ইন্ডিয়া টুডে