কমনওয়েলথ গেমসের আবাসন ব্যবস্থা নিয়ে উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর কদিন পরই দিল্লিতে শুরু হতে যাচ্ছে কমনওয়েলথ গেমসের আসর। গেমসের বিভিন্ন স্থাপনা নির্মাণে দুর্নীতির বিস্তর অভিযোগে ইতিমধ্যেই কলঙ্কিত হয়েছে গোটা আয়োজন। দুর্নীতি পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল—যাতে হস্তক্ষেপ করতে হয়েছে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও। এমনকি এসব অনিয়মের অভিযোগ ওঠায় রানি এলিজাবেথও স্বয়ং প্রকাশ করেছেন বিরক্তি।এত কিছুর পরও পরিস্থিতির যে খুব একটা উন্নতি হয়নি, তার প্রমাণ মিলল অংশগ্রহণকারী কয়েকটি দলের প্রতিনিধিদের গেমসের আবাসন ব্যবস্থা পরিদর্শনের সময়ই। অংশগ্রহণকারী দলগুলোর কয়েকটির প্রতিনিধিরা গেমস ভিলেজ পরিদর্শন করে তারা নাকি রীতিমতো ক্ষুব্ধ। ব্যাপারটি নিয়ে এন্তার অভিযোগ জানিয়ে কমনওয়েলথ ক্রীড়া ফেডারেশনের প্রধান ভারত সরকারের কাছে একটি চিঠিও পাঠিয়েছেন।সেই চিঠিতে কমনওয়েলথ ক্রীড়া ফেডারেশনের প্রধান জানিয়েছেন, ‘কমনওয়েলথ গেমস সুন্দরভাবে আয়োজনে এখনো কিছু পদক্ষেপ নেওয়ার বাকি রয়েছে।’ কমনওয়েলথ ক্রীড়া ফেডারেশনের প্রধান মাইকেল ফেননেল আরও অভিযোগ করেছেন, গেমসে অংশগ্রহণকারী কয়েকটি দেশের অগ্রবর্তী দলের সদস্যরা গেমসের আবাসন ব্যবস্থায় মারাত্মক ত্রুটি পেয়েছেন। বেশির ভাগ প্রতিনিধিই গেমস ভিলেজের অবস্থা দেখে শঙ্কিত হয়েছেন। ভিলেজে অনেক প্রয়োজনীয় উপকরণের সংকট রয়েছে।এদিকে কমনওয়েলথ গেমস শুরু হওয়ার প্রাক্কালে দিল্লি শহরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন অংশগ্রহণকারী দেশগুলো। এই শঙ্কার কারণ, সম্প্রতি দিল্লির কেন্দ্রস্থলে একটি পর্যটক বাসে সন্ত্রাসীদের গুলিবর্ষণ। এতে তাইওয়ানের দুইজন নাগরিক মারাত্মকভাবে আহত হন। তবে কমনওয়েলথ গেমসের সময় নিশ্ছিদ্র নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্যতম অংশগ্রহণকারী দেশ নিউজিল্যান্ডের একজন প্রতিনিধি গেমসের আবাসন ব্যবস্থা দেখে জানিয়েছেন, ‘আবাসনস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবই আমাদের ভাবিয়ে তুলেছে। তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের সুবিধা, মুঠোফোনের নিশ্ছিদ্র নেটওয়ার্ক ইত্যাদি নিয়ে আমাদের অভিযোগ রয়েছে। আশা করি, পুনরায় আমরা যখন আবাসন ব্যবস্থা পরিদর্শন করতে আসব, তার আগেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।ভারতীয় আয়োজকেরা জানিয়েছেন, বিভিন্ন স্থাপনা নির্মাণে দেরি হওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। আশা করা যাচ্ছে, কয়েক দিনের মধ্যেই সব সমস্যার সমাধান হয়ে যাবে।আগামী ৩ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজন হতে যাচ্ছে ভারতের ইতিহাসের সবচেয়ে বড় ও ব্যয়বহুল ক্রীড়া আয়োজন। এর আগে ১৯৮২ সালে দিল্লিতে আয়োজিত এশিয়ান গেমস ছিল এর আগ পর্যন্ত ভারতে আয়োজিত সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতা। রয়টার্স।