কমনওয়েলথ গেমস: কোচের বদলে কর্মকর্তা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
  •  ৪ এপ্রিল অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে শুরু হবে কমনওয়েলথ গেমস
  •  গেমসে বাংলাদেশ থেকে তিনজন সাঁতারু অংশ নেবেন
  •  কিন্তু তাঁদের সঙ্গে পাঠানো হচ্ছে না কোনো কোচ
  •  কোচের কোটায় যাচ্ছেন ফেডারেশনের কোষাধ্যক্ষ

কমনওয়েলথ গেমস আসন্ন। অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে এবার বসছে ব্রিটেনের সাবেক উপনিবেশ দেশগুলোর অংশগ্রহণে এই ক্রীড়া প্রতিযোগিতা। প্রতিবারের মতো এবারও এতে বাংলাদেশ অংশ নিচ্ছে। সেটা করতেই পারে। কমনওয়েলথ গেমস যে এর আগে বেশ কয়েকবারই সাফল্যের মঞ্চ হয়েছে বাংলাদেশের জন্য। ১৯৯০ সালে অকল্যান্ডের কমনওয়েলথ গেমসে শুটিংয়ের দলীয় ইভেন্টে সোনা জিতেছিলেন আবদুস সাত্তার নিনি ও আতিকুর রহমান। ২০০২ সালে জাতীয় সংগীত বেজেছিল আসিফ হোসেন খানের কল্যাণে। সর্বশেষ আসরেও শুটিংয়ে রুপা জিতেছিলেন আবদুল্লাহ হেল বাকী।
এবার গোল্ডকোস্ট যাবে বাংলাদেশের ৪২ সদস্যের দল। অংশগ্রহণ করবে সাঁতার, বক্সিং, শুটিং, ভারোত্তলন, কুস্তি ও অ্যাথলেটিকসে। ছয়টি খেলাতে খেলোয়াড় ও প্রশিক্ষকসহ ৩৭ জনের সঙ্গে থাকছেন শেফ ডি মিশন, জেনারেল টিম ম্যানেজার, চিকিৎসক, টিম অ্যাটাশে ও একজন প্রশাসনিক কর্মকর্তা। কিন্তু সমস্যা হচ্ছে, সাঁতার দলের কোচকে ছেঁটে ফেলে তাঁর বদলে যাচ্ছেন ফেডারেশনের কোষাধ্যক্ষ!
কোরিয়ান কোচ পার্ক তে গুন দীর্ঘদিন ধরেই বাংলাদেশের সাঁতারের সঙ্গে আছেন। ২০১৬ সালে গুয়াহাটি-শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসে তাঁর প্রশিক্ষণেই এসেছিল দুটি সোনার পদক। এবারের কমনওয়েলথ গেমসকে সামনে রেখে তাঁর অধীনেই চলছে প্রশিক্ষণ। যে কোচ দল তৈরি করলেন, তাঁকে বাদ দিয়ে ফেডারেশনের কোষাধ্যক্ষ কেন যাবেন, সে প্রশ্ন কিন্তু উঠছেই।
গত অলিম্পিকেও একই কাজটি করেছিল সাঁতার ফেডারেশন। কোচকে না পাঠিয়ে গিয়েছিলেন সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন নিজেই। এবারও সে রীতিই বজায় রাখছেন তাঁরা।
দলের সঙ্গে কোচ নেই কেন? এ প্রশ্নের জবাবে সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ বলেন, ‘কোচ ও পাঠানো যেতে পারে, আবার ম্যানেজারকেও পাঠানো যেতে পারে। আমাদের মিটিংয়েই সিদ্ধান্ত হয়েছে বাদশাহ সাহেবকে পাঠানোর।’
কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) সৈয়দ শাহেদ রেজা বলেন, ‘অবশ্যই দলের সঙ্গে কোচ পাঠানো উচিত ছিল। কিন্তু এগুলো তো ফেডারেশনের দেখভালের বিষয়।’
কোচ না পাঠালে দলের পারফরম্যান্সে সেটির প্রভাব পড়ে। বিদেশের মাটিতে কোচ ব্যক্তিগত ইভেন্টের একজন ক্রীড়াবিদের অভিভাবকই। ১৯৯২ সালে বার্সেলোনা অলিম্পিকে বাংলাদেশের প্রতিনিধি মোখলেছুর রহমান নিজের ইভেন্টে ভুল সময়ে উপস্থিত হয়েছিলেন। তাঁর সঙ্গে সেবার কোচ পাঠানো হয়নি। ২০০৪ সালে ইসলামাবাদ সাফ গেমসে কোচ না পাঠানোয় প্রবল সম্ভাবনা সত্ত্বেও সোনা হাতছাড়া হয়েছিল বাংলাদেশের—এমনটা বলেন সাঁতার-সংশ্লিষ্ট অনেকেই।