কমনওয়েলথ গেমসের বর্ণিল উদ্বোধন
অবশেষে প্রতীক্ষার অবসান হলো। আবাসন-সমস্যা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন—এসব কারণে বন্ধ হতেই বসেছিল আসরটি। তবে সব প্রতিকূলতা কাটিয়ে শুরু হয়েছে ১৯তম কমনওয়েলথ গেমসের যাত্রা। দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামে আজ রোববার রাতে গেমসের বর্ণিল উদ্বোধন করেছেন যুক্তরাজ্যের যুবরাজ চার্লস ও ভারতের রাষ্ট্রপতি প্রতিভা দেবী সিং পাতিল।ভারতের ক্রীড়া ইতিহাসের সবচেয়ে বড় এ প্রতিযোগিতার উদ্বোধন উপভোগ করতে স্টেডিয়ামে হাজির হয় প্রায় ৬০ হাজার দর্শক। প্রিন্স চার্লস, প্রতিভা পাতিল ছাড়াও উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, ক্ষমতাসীন ইউপিএর চেয়ারপারসন সোনিয়া গান্ধীসহ বিদেশি কূটনীতিকরা। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, গেমস উপলক্ষে গোটা দিল্লিকে ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার ভারী চাদরে। কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী প্রায় সাত হাজার অ্যাথলেট ও ক্রীড়া স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি গোটা শহরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। মোতায়েন করা হয়েছে প্রায় ৮০ হাজার পুলিশ।নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাশাপাশি গোটা দিল্লিতে ডগ স্কোয়াডের ৩০০ কুকুর সার্বক্ষণিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে। এ ছাড়া দায়িত্ব পালন করবে বোমা নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। দিল্লি শহরের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে তিন হাজার ক্লোজসার্কিট ক্যামেরা। নিয়মিত পুলিশ ও সন্ত্রাস দমন বাহিনীর পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার গেমস ভিলেজের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। হেলিকপ্টারগুলো সার্বক্ষণিক গেমস ভিলেজের ওপর চক্কর দিয়ে নিরাপত্তা রক্ষার কাজ করে যাচ্ছে।