কমলা-ঝড়ে ব্রাজিলের বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দিন সম্মেলনে হল্যান্ড কোচ বার্ট ফন মারউইক কী প্রশস্তি গাইতে শুরু করলেন ব্রাজিলের! ‘ওরা বিশ্বের সেরা দল। এই টুর্নামেন্টেরও ওরা সেরা’—ইত্যাদি ইত্যাদি। প্রশ্ন ছুটে গেল তাঁর দিকে, তাহলে যদি সুযোগ দেওয়া হয় স্নাইডার-রোবেনের সঙ্গে কাকা-রবিনহোকে অদল-বদল করে নেওয়ার, নেবেন? এবার মারউইক উচ্চকণ্ঠ, প্রতিবাদী, ‘না, না, তা কেন? আমি শুধু সেরা দলের কথা বলেছি। সেরা খেলোয়াড়ের কথা বলিনি।’এখন ডাচ কোচ হয়তো ব্রাজিলকেই আর সেরা বলবেন না। দুঙ্গা গোটা হল্যান্ড দলের সঙ্গে তাঁর ব্রাজিলকে বদলে নিতে চাইলেও নেবেন না। কেন নেবেন? হল্যান্ডই তো নিজেদের সেরা বলে প্রমাণ করল। যারা পিছিয়ে পড়েও পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নকে হারিয়ে দিতে পারে, তাদের তো সেরার মর্যাদা পাওয়াই উচিত।এই রিপোর্ট যখন লিখছি, পোর্ট এলিজাবেথের নেলসন ম্যান্ডেলা বে স্টেডিয়ামের গ্যালারির রং হয়ে গেছে কমলা। ডাচদের কমলা রঙের কাছে হারিয়ে গেছে ব্রাজিলের হলুদ। ভুভুজেলা বাজছে, ডাচ সমর্থকেরা তাদের গায়ের কমলা জার্সি খুলে হাওয়ায় ওড়াচ্ছে। আর মাঠের মধ্যে শুয়ে রয়েছেন কয়েকজন ব্রাজিল খেলোয়াড়। হলুদ জার্সির বদলে কাল ব্রাজিল পরে ছিল নীল। তাঁরা এখন লজ্জায় নীল, হতাশায় নীল। গতবারের মতো এবারও পেন্টাজয়ীদের হেক্সা জয়ের মিশন কোয়ার্টার ফাইনালে থেমে গেল। থামিয়ে দিল হল্যান্ড, টুর্নামেন্ট শুরুর আগে কেউ তেমন করে যাদের দিকে ফিরেই তাকায়নি।ইতিহাস কত নির্মম। যা সে একবার দেয়, তা ফিরিয়েও দেয় কোনো এক সময়। ১৯৯৮ বিশ্বকাপে এই ব্রাজিলই সেমিফাইনাল থেকে ডাচদের অধরা শিরোপা-স্বপ্নের সলিল সমাধি ঘটিয়েছিল মার্শেইয়ের সমুদ্রে। কাল পোর্ট এলিজাবেথে ব্রাজিল-স্বপ্নের সমাধি দিলেন রোবেন-স্নাইডাররা।রোবেনের নামের আগে স্নাইডারের নাম বলাটাই যুক্তিসংগত। কারণ দলের পক্ষে দুটি গোলই করেছেন এ মৌসুমে ইন্টার মিলানকে ট্রেবল জেতানো এই ফরোয়ার্ড। যদিও ফিফার অফিসিয়াল রিপোর্ট বলছে স্নাইডারের গোল একটি, প্রথমটা আত্মঘাতী। গোলদাতার নাম ফিলিপ মেলো! বিশ্বকাপে ব্রাজিলের প্রথম আত্মঘাতী গোল করে ইতিহাসে নাম উঠে গেল মেলোর। না, এভাবে স্মরণীয় হয়ে থাকতে তিনি চাননি। পরে লাল কার্ড দেখে দুঃস্বপ্নের এক ম্যাচকে সঙ্গী নিয়ে ফিরতে হচ্ছে মেলোকে। বক্সের ডান প্রান্ত থেকে নেওয়া স্নাইডারের ২৪ গজি বাঁ পায়ের ভলি জালে ঢোকার আগে ফিলিপ মেলোর মাথা ছুঁয়ে গিয়েছিল। স্নাইডার ভেবেছিলেন গোলটি তাঁরই। উৎসবও শুরু করেছিলেন। কিন্তু গোলটি তাঁর নামের পাশে লেখা হয়নি।স্নাইডারের হয়তো সেটি পছন্দ হয়নি। ৬৮ মিনিটে হেড থেকে গোল করে ছুটে গেলেন ক্যামেরার দিকে। বারবার মাথায় ইঙ্গিত করে দেখালেন, ‘এই গোলটা কিন্তু আমিই করেছি।’ চাপ বাড়ছিল, সঙ্গে বাড়ছিল ব্রাজিলীয়দের হতাশা। সেটারই ফল ৭৩ মিনিটে মেলোর লাল কার্ড। অকারণে রোবেনকে বুট দিয়ে মাড়িয়ে দেওয়ার শাস্তি। অথচ প্রথমার্ধে পার্শ্বনায়ক ছিলেন এই মেলোই। ১০ মিনিটে মেলোর দুর্দান্ত এক থ্রু বলে দুই ডিফেন্ডারকে কাটিয়ে ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন রবিনহো। প্রথমার্ধে দুর্দান্ত খেলছিল ব্রাজিল, আর কিছুই হচ্ছিল না হল্যান্ডের।হল্যান্ড দলটা তার গতির জন্য বিখ্যাত। দুঙ্গার মনের মধ্যে একটা ভয় কাজ করছিল ম্যাচের আগের দিন, ওদের গতিকে কীভাবে সামলাবেন! কিন্তু শুরু থেকেই দেখা গেল উল্টো। ব্রাজিলের গতি বাড়ল, আর হল্যান্ডের গতি কমল। মাঝমাঠে এক ফিলিপ মেলোই দু-তিনজনকে টেনে নিয়ে চলে যাচ্ছেন। কাকা-রবিনহো তো অপ্রতিরোধ্য।হল্যান্ডের মাঝমাঠ কাজ করছিল না। রক্ষণ ছিল মৃত। আক্রমণে রোবেন কিংবা ফন পার্সি বিচ্ছিন্ন দ্বীপের মতো জেগে উঠছিলেন মাঝেমধ্যে। কিন্তু বিরতির ১৫ মিনিট হল্যান্ডকে কোন মন্ত্রে জাগিয়ে দিল কে জানে! ৪৬ মিনিট থেকেই ব্রাজিলের গতি এসে ভর করল তাদের পায়ে। স্নাইডার দুর্বার হয়ে উঠলেন, রোবেনও তাঁর সেই গতি ফিরে পেলেন। মাঝমাঠে মার্ক ফন বোমেল নিজেকে ফিরে পেয়ে জায়গা কেড়ে নিতে লাগলেন। তার পরই তো তাদের দুই গোল। তার পরই ব্রাজিলের চোখের কোণে অশ্রু নদীর ধারাপাত।আগের সন্ধ্যায় দুঙ্গার মধ্যে হঠাৎ করে সুন্দরের প্রতি আকাঙ্ক্ষা জেগে উঠল। তিনি বললেন সুন্দর ফুটবলের কথা। তার এই দলটি যে সুন্দর ফুটবল খেলতে জানে, তা তিনি দেখাবেন। কিন্তু এই ব্রাজিলের মধ্যে আসলেই সুন্দর নেই। তারা রক্ষণাত্মক মানসিকতা আঁকড়ে ধরে শেষ হয়ে গেছে। তারা পারে শুধু ফাউল করে খেলতে। ৭৩ মিনিটে সেই অসুন্দর ফুটবলেরই বলি হয়ে মাঠ ছেড়ে যেতে হলো ফিলিপ মেলোকে। রোবেনকে তিনি দুবার লাথি মেরেছেন, তারপর পা দিয়ে মাড়িয়েছেন। জাপানি রেফারি ইউয়ুচি নিশিমোরার কিছুই চোখ এড়ায়নি। তাঁকে সরাসরি দেখিয়েছেন লাল কার্ড। বাকি ১৭ মিনিটে ১০ জনের দল হয়ে পড়া ব্রাজিলের পক্ষে খেলায় ফেরা সম্ভব ছিল না আর। তার পরও কাকা, লুসিও বিচ্ছিন্নভাবে সমতা ফেরানোর চেষ্টা করেছেন। লাভ হয়নি। একসময় শেষ বাঁশি বেজেছে। ব্রাজিল দল মাথা নিচু করে মাঠ ছেড়ে গেছে। আর কমলা রঙের সমুদ্র শুরু করেছে গর্জন তুলতে।এই গর্জন কখন থামবে? কে জানে হয়তো অধরা বিশ্বকাপ ট্রফিটা হাতে তোলার পরই। সেই উল্লাসধ্বনি তুলে হল্যান্ড মাঠ ছাড়ল শেষ চারে ওঠার আনন্দ করতে করতে। কাকা-রবিনহোরা তখন মাঠে শুয়ে। পোর্ট এলিজাবেথের আকাশে হেক্সার স্বপ্ন বিলীন হয়ে যাওয়ার শোকে!