
সবুজ রঙের জার্সির মতোই আরেকটি তকমা তাদের গায়ে। চিরকালীন দ্বিতীয় রাউন্ডের দল! মেক্সিকো বিশ্বকাপে আসবে, গতিময় ফুটবল খেলে উঠবে দ্বিতীয় রাউন্ডে। কিন্তু দ্বিতীয় রাউন্ডের গণ্ডিটা আর পেরোনো হবে না। সেই ১৯৯৪ বিশ্বকাপ থেকে তারা দ্বিতীয় রাউন্ডে উঠছে, এখানে এসেই জলাঞ্জলি দিচ্ছে আরও বড় অর্জনের স্বপ্ন। কাল হল্যান্ডের কাছে তাদের স্বপ্ন ভাঙল টানা ষষ্ঠবারের মতো। ২-১ গোলে সবুজ দেয়ালের বাধা টপকে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল কমলা বিপ্লব।
তবে ফোর্তালেজায় কাল মেক্সিকোর বাধাটা সহজেই টপকাতে পারেনি হল্যান্ড। যেমনটা মনে হয়েছিল, ব্রাজিলকে কাঁপিয়ে চলতে থাকা কমলা ঝড়ের সামনে মুখ থুবড়ে পড়বে মেক্সিকো, মোটেই তা নয়। ৮৮ মিনিটে ওয়েসলি স্নাইডারের সমতা ফেরানো গোলটির পর ডাচরা জিতেছে ক্লাস-ইয়ান হান্টেলারের যোগ করা সময়ে দেওয়া পেনাল্টি গোলে। ৪৮ মিনিটে জিওভান্নি দস সান্তোসের অসাধারণ এক গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল মেক্সিকোই। শুধু এগিয়ে যাওয়াই তো নয়, ওই পর্যন্ত মেক্সিকোই শ্রেয়তর দল। আক্রমণ ও প্রতি-আক্রমণে ‘এল ত্রি’রা যেভাবে নিয়ন্ত্রণ করছিল ম্যাচ, তাতে কমলা-মিথেরই অপমৃত্যু দেখছিল ফুটবলের বিশ্ব সংসার। ডাচদের গতিটা কোথায় কোন গহিনে যেন লুকিয়ে ছিল। গ্রুপ ম্যাচগুলোতে যে ডাচদের ট্যাকটিক্যাল শৃঙ্খলা ছিল দেখার মতো, সেটি ভোজবাজির মতো উধাও। তীব্র গরম ও আর্দ্রতা কি প্রভাব ফেলল এতটাই? ব্যাখ্যা মেলে না।
গ্রুপ ম্যাচে স্পেন ধ্বংস হয়েছিল আরিয়েন রোবেনের গতির কাছে। ফিফার বিশ্লেষণ পরে দেখাল, গতিটা ছিল ঘণ্টায় ৩৭ কিলোমিটার। এ তো এই গ্রহের দ্রুততম মানব উসাইন বোল্টের গতি। বিনয়ের সঙ্গে প্রতিবাদ করলেন রোবেন, হতেই পারে না! কোনো ফুটবলার বিশ্বসেরা স্প্রিন্টারের গতিতে দৌড়াতে পারে না। ভুলটা ধরা পড়ল পরে। রোবেন স্পেন ম্যাচে দৌড়েছিলেন মাত্র ৩১ কিলোমিটার গতিতে! কী সাংঘাতিক ব্যাপার। একজন ফুটবলার দৌড়াচ্ছেন এমন চিতার ক্ষিপ্রতায়!
স্বাভাবিক ধারণা ছিল, মেক্সিকোকেও উড়িয়ে দেবে রোবেনের গতি। ঘটল উল্টোটা। প্রায় গোটা প্রথমার্ধজুড়ে রোবেন গতির ঝড় তুলতে পারলেন না। দ্বিতীয়ার্ধের শুরুতে বার কয়েক ঝলক দেখালেন। কিন্তু তার আগেই সেই খরগোশ আর কচ্ছপের গল্পের মতো ছোট ছোট পায়ে প্রায় গন্তব্যে পৌঁছানোর হুমকি দিল মেক্সিকো। এরপরই ঘুম ভাঙল ডাচদের, শুরু করল দৌড়। ৫৬ মিনিটে পল ফারাহর জায়গায় মেম্ফিস ডিপাই নামার পর ডাচরা ঢুকল কক্ষপথে । আর ৭৬ মিনিটে কুঁকড়ে থাকা রবিন ফন পার্সির বদলে ক্লাস-ইয়ান হান্টেলার নামতেই হল্যান্ড আবার ক্ষিপ্র চিতার দল। আক্রমণে আক্রমণে মেক্সিকোর রক্ষণকে তারা করল ক্ষতবিক্ষত। কখনো গোলরক্ষক ওচোয়ার উঁচু হয়ে ওঠা দুখানা হাত, কখনো সেন্টার ব্যাক রাফায়েল মার্কেজের প্রতিরোধে তারা পার পাচ্ছিল কোনোক্রমে। একের পর কর্নার আদায় করছিল হল্যান্ড। আক্রমণের নেতৃত্বে যথারীতি রোবেন। ওই কর্নার থেকেই আসে সমতাসূচক গোল। রোবেনের কর্নারে হান্টেলার মাথা ছুঁইয়ে বলটি ফেলেন স্নাইডারের সামনে। আগের বিশ্বকাপের ডাচ নায়ক বক্সের ওপর থেকে ডান পায়ের তীব্র শটে সঠিক ঠিকানা লিখে দেন বলের। নির্ধারিত সময় শেষ হতে মাত্র ২ মিনিট তখন বাকি। মেক্সিকো হয়তো আগের রাতের চিলির মতোই লিখতে চাইছিল একটা প্রতিরোধের কাব্য। কিন্তু হলো না। আবারও সামনে দাঁড়িয়ে গেলেন রোবেন। তিনি বল নিয়ে বক্সে ঢুকলেন ঝড়ের বেগে। বাধা দিলেন মার্কেজ, অবৈধ। বাঁশি বাজল পেনাল্টির। হান্টেলারের পেনাল্টি গোলেই শেষ আটে উঠল হল্যান্ড। যেখানে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা অথবা গ্রিস।
কমলা ঝড় নকআউট পর্বের প্রথম বাধাটা পেরোলেই আরও ভয়ংকর। কোস্টারিকা বা গ্রিস, এদের সামনে কি কোনো বাধা? এই ঝড়ের প্রেরণা যে এবার তিনবারের শেষ লড়াইটার ব্যর্থতা!
মেক্সিকোর জিওভানির গোলটি দেখুন
হল্যান্ডের স্নাইডারের গোলটি দেখুন
পেনাল্টি থেকে হল্যান্ডের জয়সুচক গোলটি দেখুন