কমলা ঝড়ের সামনে সবুজ দেয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাজটা এ পর্যন্ত একজনই করতে পেরেছেন এবারের বিশ্বকাপে। নাম ইভান পারিসিচ।
মেক্সিকোর ‘সুপারম্যান’ গিলের্মো ওচোয়ার বিশ্বস্ত দুটি হাতকে ফাঁকি দিয়ে একবারই বল জালে ঢুকেছে। সেটা ক্রোয়েশিয়ান মিডফিল্ডার পারিসিচের বাঁ পায়ের শটে।
আজ রোবেন-ফন পার্সি-স্নাইডাররা কি পারবেন ‘পারিসিচ’ হতে? টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগের সামনে এসে কি অবশেষে গুঁড়িয়ে যাবে এখন পর্যন্ত সেরা গোলরক্ষককের সব প্রতিরোধ?
টুর্নামেন্টের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগ কথাটায় অবশ্য অনেকের আপত্তি থাকতে পারে। কাগজে-কলমে মেসি-হিগুয়েইন-আগুয়েরোর আর্জেন্টিনা কিংবা মুলার-গোটশে-পোডলস্কির জার্মানি বরং আরও শক্তিশালী। সেটা হতে পারে। কিন্তু কাগজে-কলমে শক্তিশালী হওয়া আর মাঠে শক্তির অনুবাদ আলাদা ব্যাপার। ডাচরা এই জায়গাতেই এগিয়ে। গ্রুপপর্বে ডাচদের চেয়ে বেশি গোল করতে পারেনি অন্য কোনো দল। রোবেন-ফন পার্সিরা যেকোনো প্রতিপক্ষকে ছিন্নভিন্ন করে দিচ্ছেন, এমনকি দুই ম্যাচে ‘সুপার সাব’ হিসেবে নেমে মেম্ফিস ডিপাইও যেন হয়ে উঠেছেন গোলমেশিন। গ্রুপে স্পেন আর চিলিকে যেভাবে হারিয়ে এসেছে লুই ফন গালের দল, তাতে দলটাকে অপ্রতিরোধ্য দেখাচ্ছে৷
কিন্তু সমস্যা হচ্ছে প্রতিপক্ষ দলটার নাম মেক্সিকো। এমনিতে বিশ্বকাপে প্রায় নিয়মিত যাত্রী, কিন্তু পরাশক্তি কখনো নয়। বাছাইপর্বটা পেরিয়েছে অনেক কাঠখড় পুড়িয়ে প্লে-অফ খেলে। কিন্তু ব্রাজিলে পা দিয়েই যেন বদলে গেছে তারা । ক্যামেরুনকে হারানোর পর ওচোয়ার অবিশ্বাস্য পারফম্যান্সে রুখে দিয়েছে স্বাগতিক ব্রাজিলকেও। শেষ ম্যাচে ক্রোয়েশিয়াও পাত্তা পায়নি তাদের কাছে। হঠাৎ করে ‘লেভ ইয়াসিন’ হয়ে ওঠা ওচোয়া ছাড়াও দুর্দান্ত খেলছে মেক্সিকোর রক্ষণ। প্রতিপক্ষ হিসেবে হল্যান্ড কতটা ভয়ংকর সেটা জেনেও তাই ভয়ের লেশমাত্র নেই মেক্সিকান লেফটব্যাক মিগুয়েল লাইয়ুনের কণ্ঠে, ‘ওদের দলটা অসাধারণ। চার বছর আগে ফাইনালে খেলেছে, এবারও শিরোপার দাবিদার। সুতরাং বুঝতেই পারছেন আমরা জিতে গেলে আত্মবিশ্বাস কতটা বেড়ে যাবে।’ প্রতিপক্ষের শক্তিটা এরই মধ্যে জানা হয়ে গেছে ডাচ উইঙ্গার ডার্ক কাউটের। মেক্সিকোর জন্য তাই তাঁর কণ্ঠে সমীহ, ‘আমি তো বিস্মিত হয়েছি হার্নান্দেজের মতো দারুণ খেলোয়াড়কে ওরা বেঞ্চে বসিয়ে রাখছে দেখে। বুঝতেই পারছেন ওদের দলটা কত শক্তিশালী।’
বদলি হিসেবে আগের তিনটি ম্যাচে খেললেও আজ অবশ্য একাদশেই থাকার একটা সম্ভাবনা আছে হার্নান্দেজের। নিষেধাজ্ঞার কারণে আজ খেলতে পারবেন না মেক্সিকান মিডফিল্ডার হোসে হুয়ান ভাজকেজ। সে ক্ষেত্রে ছক বদলে আজ হার্নান্দেজ কিংবা কার্লোস সালসিদোকে সুযোগ দিতে পারেন মেক্সিকোর কোচ।
বদল আছে ডাচ দলেও, তবে সেটা লুই ফন গালের জন্য বেশ স্বস্তিরই। টানা দুই হলুদ কার্ডের নিষেধাজ্ঞা কাটিয়ে দলে ফিরছেন অধিনায়ক রবিন ফন পার্সি। চোটের কারণে চিলির বিপক্ষে খেলতে পারেননি ব্রুনো মার্টিনস ইন্ডি। আজ দলে ফেরার কথা তাঁরও। স্পেনের বিপক্ষে গতবারের ফাইনাল ছাড়া বিশ্বকাপের সর্বশেষ ১০টি ম্যাচের ৯টিতেই জিতেছে হল্যান্ড। দুর্দান্ত এই ফর্মটাও নিশ্চয়ই স্বস্তিদায়ক ডাচ কোচের জন্য। শুধু একটাই অস্বস্তি, ফোর্তালেজায় বিশ্বকাপে এই প্রথম ম্যাচ খেলবে ডাচরা। ক্যাস্তেলাও স্টেডিয়ামের প্রায় অসহনীয় তাপমাত্রায় খেলাটা হবে ব্রাজিলের সময় দুপুর ১টায়। বৈরী পরিবেশ কি দুর্ভাগ্য বয়ে আনতে পারে ডাচদের জন্য?
মেক্সিকোর অবশ্য এসব না ভাবলেও হচ্ছে। এ মাঠেই কিছুদিন আগে ব্রাজিলের বিপক্ষে একই সময়ে খেলেছে তারা। সুতরাং পরিবেশের সঙ্গে তারা অভ্যস্ত।
সেদিন ওচোয়ার অতিমানবীয় পারফরম্যান্স রুখে দিয়েছিল নেইমার-ফ্রেড-অস্কারদের।
‘মেক্সিকোর দেয়াল’ কি আজ গুঁড়িয়ে দিতে পারবেন রোবেন-ফন পার্সিরা?