
মানুষের আকৃতির দুটো অবয়ব ওপরে তুলে ধরেছে সোনালি দুনিয়াটাকে। মিল খুঁজে পাচ্ছেন কিছুর সঙ্গে? হ্যাঁ, বিশ্বকাপ ট্রফির কথাই বলা হচ্ছে। চুয়াত্তরে পশ্চিম জার্মানিতে অনুষ্ঠিত দশম বিশ্বকাপে আবির্ভূত হলো এই ট্রফি। ১৮ ক্যারেট সোনাখচিত এই নতুন ট্রফির নকশা আঁকলেন সিলভিও গাজ্জানিগা নামের এক ইতালীয়। তিনবার বিশ্বকাপ জিতে ব্রাজিল পুরোনো জুলেরিমে ট্রফিটি চিরদিনের জন্য নিজেদের করে নিলে ফিফা গাজ্জানিগাকে দিয়ে তৈরি করাল ‘নতুন দিনের’ বিশ্বকাপ ট্রফি। চুয়াত্তরে জার্মান বিশ্বকাপ দিয়ে শুরু। গাজ্জানিগার সেই বিশ্বকাপ ট্রফিটি নিজেদের করে নেওয়ার লড়াই যে চলছে এখনো!
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে বিভক্ত জার্মানির পূর্ব ভাগটি সেবারই নাম লিখিয়েছিল বিশ্বকাপে। এরপর আর কখনোই তাদের বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি। চুয়াত্তরে পূর্ব জার্মানি কেবল খেলেইনি, পশ্চিমের ভাইদের হারিয়ে হইচই ফেলে দিয়েছিল বিশ্বজুড়ে। নিজেদের গ্রুপে পশ্চিম জার্মানিকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চলে গিয়েছিল পরের রাউন্ডেও। পুবের কাছে হারের ধাক্কা সামলে বিশ্বকাপ শেষে চ্যাম্পিয়ন কিন্তু হয়েছিল সেই পশ্চিম জার্মানিই।
চুয়াত্তরের বিশ্বকাপ বিখ্যাত ‘কমলা’ রঙের উত্থানের জন্য। হেঁয়ালি ভাবতে পারেন, ভাবতে থাকুন। কিন্তু কমলা রঙের জার্সি পরে সেবার হল্যান্ড যে ফুটবল খেলেছিল, তাকে কমলার উত্থান বলাটা কি খুব ভুল হবে?
হল্যান্ড সেবার খেলেছিল এক অদ্ভুত ঘরানার ফুটবল। ‘টোটাল ফুটবল’ নামে পরিচিত সেই ঘরানার সৌন্দর্য সেবার অবাক বিস্ময়ে অবলোকন করেছিল গোটা বিশ্ব। ইয়োহান ক্রুইফ নামের এক ফুটবল শিল্পীর পায়ে এই টোটাল ফুটবল যেন হয়েছিল আরও সৌকর্যমণ্ডিত। রাইনাস মিশেলের নাম ভুলে গেলে কীভাবে হবে? এই টোটাল ফুটবলের রেসিপিটা যে ছিল তাঁরই মস্তিষ্কপ্রসূত। নতুন ধরনের এই ফুটবলে দিগভ্রান্ত তাবত্ দলকে উড়িয়ে দিয়ে হল্যান্ড সেবার চলে গিয়েছিল ফাইনালে। কিন্তু ফাইনালে জার্মানদের ক্ষুরধার পরিকল্পনার কাছে হার মেনে হল্যান্ডের স্বপ্নের যাত্রার হয়েছিল সমাপ্তি। বিশ্বকাপের ইতিহাসে হল্যান্ড সেবারই প্রমাণ করেছিল সেরা দল সব সময় শিরোপাধারী হয় না।
টোটাল ফুটবলটা আসলে কেমন ছিল, যে ফুটবল জয় করে নিয়েছিল কোটি কোটি ফুটবলপ্রেমীর হূদয়!
ফুটবলের গত্বাঁধা ছকে ফুটবলারদের এমন স্বাধীনতা এর আগে দেখেনি আর কেউই। ডিফেন্ডার-স্ট্রাইকার বলে কিছু নেই, দলের ১১ জনই ছড়িয়ে ছিটিয়ে খেলছে মাঠজুড়ে। কখনো ডিফেন্স থেকে কেউ উঠে আসছেন আক্রমণে, আবার কখনো মাত্র গোল করা খেলোয়াড়টি নিচে নেমে গিয়ে হয়ে উঠছেন নিজ দলের রক্ষণভাগের নিউক্লিয়াস! বল নিয়ে কারুকার্য চলত, তাই ডিফেন্স থেকে শুরু করে প্রতিপক্ষের ডি-বক্স পেরিয়ে একদম গোল লাইন পর্যন্ত। ফুটবল মাঠ যেন নকশিকাঁথা, ফুটবল হলো সুইয়ের শৈল্পিক আঁচড়। আর একেকজন ফুটবলার সুদক্ষ একেকজন শিল্পী, সুনিপুণ পায়ে মাঠজুড়ে খেলে বেড়ানোই আসলে ওই টোটাল ফুটবল।
দ্বিতীয় গ্রুপের চার দলের তিনটিই লড়েছিল সমানে সমান। পয়েন্টের দাঁড়িপাল্লায় চার পয়েন্ট নিয়ে সমানে সমান যুগোশ্লাভিয়া, ব্রাজিল আর স্কটল্যান্ডের মধ্যে গোল ব্যবধানের বাটখারা বসাতেই কপাল পুড়ল শেষজনের। চতুর্থ গ্রুপে আর্জেন্টিনাকে দুইয়ে ঠেলে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে চমক দেখিয়েছিল পোলিশরা। চার গ্রুপের মধ্যে তারাই শুধু জিতেছিল তিন ম্যাচের তিনটিই, পকেটে পুরেছিল গ্রুপ পর্বের পুরো ছয় পয়েন্ট। এর সঙ্গে প্রতিপক্ষের জালে বলও জড়িয়েছিল ১২ বার, খেয়েছিল মাত্র ৩টি, যার দুটিই আর্জেন্টিনাকে ৩-২ গোলে হারানোর দারুণ প্রতিদ্বন্দ্বিতার স্বাদে ভরা ম্যাচে।
নকআউট পর্বকে বিলম্বিত করা হয়েছিল একবারে ফাইনাল পর্যন্ত, দ্বিতীয় রাউন্ডেও সেবার ছিল চারটি করে দল নিয়ে দুটি গ্রুপ। দুই গ্রুপের শীর্ষ দুদল খেলবে টুর্নামেন্টের একমাত্র নকআউট ম্যাচ—ফাইনাল। বাকি দুদল একে অপরের সঙ্গে লড়বে তৃতীয় হওয়ার দৌড়ে। এবার আরেক চিরশত্রু পোল্যান্ডের সঙ্গে এক গ্রুপে পড়া পশ্চিম জার্মানি দ্বিতীয় পর্বে ফিরে এল স্বরূপে। নিজেদের সেরাটা খেলেই ছন্দে থাকা পোল্যান্ডকে তৃতীয় স্থান পর্যন্তই আটকে দিয়ে জার্মানরা উঠে এল সেমিফাইনালে। নিজেদের পারস্পরিক সাক্ষাতের ফুটবলযুদ্ধেও ঠিকই জিতেছিল বিশ্বযুদ্ধে পোলিশদের কাছে হেরে যাওয়া জার্মানরাই। অপর গ্রুপে চলতে থাকল অল অরেঞ্জদের পুরো মাঠ দাপিয়ে বেড়ানো ফুটবলের জয়জয়কার, তিন ম্যাচের তিনটিই পকেটে পুরে সোজাসুজি ফাইনালে জমিয়ে রাখল তারা নিজেদের যোগ্য পা। পোল্যান্ডের কাছে হেরে চতুর্থ স্থানেই মিশন শেষ করল নিজেদের চার বছর আগের ছায়া হয়ে থাকা ব্রাজিল দল। মহাতারকা পেলের উপস্থিতি ছাপিয়ে তাই পাদপ্রদীপের আলোয় তখন সাদা-কালো জার্সির দলনেতা বেকেনবাওয়ার আর কমলাদের নেতা ইয়োহান ক্রুইফ।
ততদিনে বিশ্বকাপ ফাইনালে চিরাচরিত এক অঘোষিত নিয়মের মতো হয়ে গেছে, কিছুটা কুসংস্কারের মতো শোনাবে হয়তো। যে দল প্রথম গোলটি করে শেষ বাঁশি বাজার সঙ্গে শূন্য হাতে মাঠে ছাড়ে তারাই। ইয়োহান ক্রুইফ তা জানতেন কি না, কে জানে। মিউনিখের ফাইনালে জার্মান ডি-বক্সে ঢুকে পড়েছিলেন তিনি দেড় মিনিটের মাথায়ই, ফাউলের বাধায় বলটা জড়াতে পারেননি জালে। সেই ফাউলে পাওয়া পেনাল্টিতেই বিশ্বকাপ ফাইনালে পেনাল্টি থেকে আসা প্রথম গোলটি করেন ইয়োহান নিসকেনস, ততক্ষণে কোনো জার্মান খেলোয়াড় বল ছোঁয়ার সুযোগ পর্যন্ত পাননি। ২৫ মিনিটে আবারো পেনাল্টি, এবার ফাউল ডাচদের ডি-বক্সে। সহজ শটে পেনাল্টিকে গোলে অনুবাদ করতে ভুল করেনি জার্মানরাও। অতঃপর ৪৩ মিনিটে মুলার শো, বিশ্বকাপে সেটাই শেষবার। আগের বিশ্বকাপে ১০ গোল করা মুলারের সেবারের আসরের চতুর্থ গোলটি ডাচদের কপালে খোদাই করে সেটে দিল রানার্সআপের তকমা। দুই বিশ্বকাপ মিলিয়ে মোট চৌদ্দ গোল করে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড ছিনিয়েও নিলেন জাস্ট ফন্টেইনের কাছ থেকে। রেকর্ড বই থেকে জার্ড মুলারের নাম সরাতে এরপর লেগেছিল ৩২ বছর। টুর্নামেন্ট সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট অবশ্য বাগিয়ে নিয়েছিলেন পোল্যান্ডের লাটো!
২০ বছর আগে পুসকাসের হাঙ্গেরিকে শোকের সাগরে ভাসানো জার্মানি কপাল পোড়াতে ২০ বছর পর বেছে নিল টোটাল ফুটবলে টুর্নামেন্ট মাতিয়ে রাখা ক্রুইফদেরই। কে জানতো, রানার্সআপ হওয়ার সেই পোড়া দাগ আজ অবধি পিছু নেবে ডাচদের বিশ্বকাপ ভাগ্যে!