কমলাপুর স্টেডিয়াম দেখার কেউ নেই!
কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের তৃতীয় তলায় উঠতেই গন্ধটা নাকে লাগে। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে গাঁজা সেবনের প্রস্তুতি চলছিল দুই যুবকের। তাঁদের দাবি, তাঁরা কদমতলা সংসদের লোক। তখন মাঠে চলছিল তৃতীয় বিভাগ সুপার লিগের মিরপুর সিটি ক্লাব ও কদমতলার ম্যাচ। অনাকাঙ্ক্ষিত এসব দর্শকের অবাধ যাতায়াত এখন কমলাপুর স্টেডিয়ামে। স্টেডিয়ামের বাথরুমের শাওয়ারের ট্যাপ, বাতিসহ অন্যান্য সরঞ্জাম চুরি হয় প্রায়ই। কাল স্টেডিয়ামের তৃতীয় তলার উত্তর দিকের বাথরুমে গিয়ে দেখা গেল, শাওয়ার দিয়ে অঝোরে পানি ঝরছে। এগুলো দেখভালের যেন কেউ নেই। মাস ছয়েক আগে ঝড়ে ভেঙে যাওয়া বারান্দার কাচের দেয়ালের টুকরা এখনো মেঝেতে পড়ে আছে সেভাবেই।স্টেডিয়ামের অবকাঠামোর দুরবস্থার মতো মাঠেরও দৈন্যদশা। মাঠ ফুটবল খেলার উপযোগী নয়। জায়গায় জায়গায় ঘাস উঠে গেছে। কাদাপানিতে মাখামাখি। সেখানেই চলছে ফুটবল। সামান্য বৃষ্টিতেই মাঠের এমন বেহাল দশা হয়ে যায়, খেলোয়াড়দের ইনজুরিতে পড়ার ঝুঁকি বাড়ে। মহানগর লিগ কমিটির সম্পাদক সাব্বির হোসেন বললেন, ‘সুপার লিগের এই রাউন্ডে তবুও তো খেলা চলছে। প্রথম রাউন্ডের সময় মাঠের অবস্থা আরও খারাপ ছিল। থিকথিকে কাদার মধ্যেও খেলা চালিয়েছি।’ মাঠের ঘাস কাটা হয় না অনেক দিন। সুপার লিগ শুরুর আগে তিনি নিজ দায়িত্বে ঘাস কাটিয়েছেন বলে দাবি করলেন সাব্বির। এমন কাদাযুক্ত মাঠে মোটেও স্বচ্ছন্দে খেলতে পারছিলেন না দুই দলের খেলোয়াড়েরা। তবে স্টেডিয়াম প্রশাসক জাহাঙ্গীর আলম মাঠটিকে খারাপ বলতে রাজি নন, ‘মাঠ তো ভালোই আছে। একটু বৃষ্টি হয়েছে বলে সামান্য কাদা জমেছে। তবে ১২ সেপ্টেম্বর থেকে খেলা শুরু না হলে মাঠের আরেকটু পরিচর্যা করা যেত।’ স্টেডিয়ামে অনাকাঙ্ক্ষিত লোক কীভাবে ঢুকছে? এ ব্যাপারে তাঁর ব্যাখ্যা, ‘আমাদের মাত্র দুজন গার্ড। এর মধ্যে সাপ্তাহিক ছুটি থাকে, আবার কেউ ছুটিতে থাকে। লোকবলের স্বল্পতা আছে। তবে আমরা লুঙ্গি পরা কাউকে স্টেডিয়ামের প্রধান প্রবেশপথ দিয়ে ঢুকতে দিই না। কিন্তু ভদ্র বেশে অনেকে ঢুকে প্রায়ই স্টেডিয়ামের অনেক জিনিস চুরি করে নিয়ে যায়।’