কমলাপুর স্টেডিয়াম নিয়ে টানাটানি
আগামী ২৯ অক্টোবর কমলাপুর স্টেডিয়ামে প্রদর্শনী ক্রিকেট ম্যাচ খেলতে চায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। এ ব্যাপারে মাঠ চেয়ে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে আবেদনও করা হয়েছে সংগঠনের পক্ষ থেকে।ওই সময় কমলাপুরের মাঠে কোনো খেলা আছে কি না, তা জানতে বাফুফেকে চিঠি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। ওই চিঠি পেয়ে বাফুফের সাধারণ সম্পাদক আল মুসাব্বির সাদীকে বেশ ক্ষুব্ধ দেখাল কাল। বললেন, এবার কড়া ভাষায় ক্রীড়া পরিষদকে চিঠি লিখবে বাফুফে। যাতে করে বাণিজ্যিকভাবে আর মাঠ ভাড়া দেওয়ার চিন্তাও না করে ক্রীড়া পরিষদ। এই কমলাপুরের মাঠে খেলা বন্ধ করে বহু কনসার্ট হয়েছে। মাঠে বাঁশ পুঁতে অনেক গর্ত করা হয়েছে। মাঠ হয়েছে ক্ষতবিক্ষত। তার পরও সেটি মেরামত করা হয় না। গর্ত থেকে যায়, সেই মাঠেই আবার চলে খেলা। কমলাপুর মাঠের অবস্থা বর্তমানে কিছুটা ভালো। অনেক চেষ্টার পর এটিকে খানিকটা খেলার উপযোগী করা হয়েছে। আসন্ন ফুটবল মৌসুমের অনেক ম্যাচই এই মাঠে হবে।এই অবস্থায় চলচ্চিত্র শিল্পী সমিতির মাঠ চাওয়ার খবর শুনে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বললেন, ‘ব্যাপারটা আমি এই মাত্র শুনলাম। তবে এনএসসি ফেডারেশনকে চিঠি দিয়ে থাকলে কাজটা ঠিক হয়নি বলব। এটা কোনোভাবেই সমর্থন করা যায় না। কারণ সামনে কমলাপুর স্টেডিয়ামে আমাদের অনেক খেলা আছে। এ অবস্থায় মাঠ দেওয়া সম্ভব নয়।’