কমলাপুর স্টেডিয়ামের বেহাল দশা

স্টেডিয়ামের পাশেই বিশাল জায়গা নিয়ে দাঁড়িয়ে আছে বাসস্ট্যান্ড। তার পরও কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের সীমানাদেয়ালের ভেতরে রাখা সারি সারি ড্রিমলাইন, স্টারলাইনের বাস। ঢাকা-ফেনী, ঢাকা-নোয়াখালী, ঢাকা-বান্দরবান ও ঢাকা-খাগড়াছড়ি লাইনের বাস এগুলো। আছে ট্রাক-কাভার্ড ভ্যান।
এই বাসের টিকিট কাউন্টারগুলো স্টেডিয়ামের ভেতরে নয়। স্টেডিয়ামসংলগ্ন অস্থায়ী চা-বিড়ির দোকানের পাশে বসানো হয়েছে। হরতাল বা রাজনৈতিক অস্থিরতার সময় অবশ্য বাসমালিকেরা তাঁদের গাড়িগুলো সরিয়ে নেন নিরাপদে। তবে ওই সময় জায়গাটা দখল করে রাখে বিভিন্ন কুরিয়ার প্রতিষ্ঠানের পণ্য বহনকারী গাড়ি। গতকালও স্টেডিয়ামে গিয়ে দেখা গেছে এমন বেশ কয়েকটি গাড়ি। সংরক্ষিত এলাকা, কিন্তু গণপরিবহণের মতো বাসস্ট্যান্ডের কারণে হয়ে পড়েছে অরক্ষিত। অথচ এসব নিয়ে কোনো মাথাব্যথাই নেই জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি)!
স্টেডিয়াম প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের যোগসাজশে বাসগুলো পার্কিং করা হয় বলে জানালেন স্টেডিয়ামের মার্কেট সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ‘স্টেডিয়ামের বর্তমান প্রশাসক আসার পর থেকেই এ অবস্থা চলছে। প্রশাসককে ম্যানেজ করে বাসমালিকেরা অবৈধভাবে গাড়ি পার্কিং করছেন। বিষয়গুলো জানিয়ে এনএসসি বরাবর অনেকবার চিঠি দিয়েছি আমরা। কমলাপুর স্টেডিয়ামের প্রশাসককেও চিঠি দেওয়া হয়েছে। কিন্তু কোনো কাজ হয়নি। এখান থেকে সরকার তাই রাজস্বও হারাচ্ছে।’
স্টেডিয়ামের ভেতরে মিনি বাসস্ট্যান্ড গড়ে তোলা হয়েছে। অথচ সেটা নাকি জানেনই না স্টেডিয়ামের মালিক এনএসসির পরিচালক (প্রশাসন) হাবিবুর রহমান, ‘আমরা এ ব্যাপারে কিছুই জানি না।’ পরে যোগ করলেন, ‘ওখানকার স্থানীয় একটি মাস্তান গ্রুপ জোর করে বাসগুলো স্টেডিয়ামের ভেতরে রাখে। কিছুদিন ওই রাস্তায় বাঁশ দিয়ে রেখেছিলাম। এরপর প্রধান গেট দিয়ে গাড়ি ঢোকানোর চেষ্টা করেছিল। সরকার এটা গুরুত্ব দিয়ে দেখলে হয়তো ওখান থেকে এসব বাস সরিয়ে দেওয়া যাবে।’
স্টেডিয়ামের প্রশাসক জাহাঙ্গীর আলম যুক্তি দিলেন, ‘গেট খোলা থাকে বলে হঠাৎ করে এসব বাস ঢুকে পড়ে। আমরা অনেকবার বের করে দিয়েছি।’ তবে অবৈধ পার্কিংয়ের জন্য টাকা নেওয়ার বিষয়টা তিনি অস্বীকার করেছেন, ‘এটা মোটেও সত্যি নয়।’
স্টেডিয়ামের সীমানাদেয়াল ভেঙে গেছে। সেখানে ময়লা-আবর্জনা স্তূপ করে রাখায় জায়গাটা ভাগাড়ে পরিণত হয়েছে। শুধু স্টেডিয়াম নয়, কমলাপুর মাঠের অবস্থাও করুণ। মাঠের মধ্যে গোছা গোছা হাঁটুসমান আগাছা। কাদাপানিতে ভরা। মাঠের কোনো পরিচর্যা নেই। খেলোয়াড়দের বসার টেন্টও ভাঙাচোরা। ডাগ-আউটের একপাশে পড়ে আছে সেটি। অথচ আগামী ৪ নভেম্বর শুরু হবে ফেডারেশন কাপ ফুটবল। এমন মাঠেই খেলতে হবে পেশাদার ফুটবলারদের!