কমলাপুরে কনসার্ট চলছেই!
কমলাপুর স্টেডিয়ামের বাইরে দর্শকের লম্বা লাইন। সবাই ঢুকছে স্টেডিয়ামে। ফুটবল ম্যাচ দেখতে নয়, উপলক্ষ কনসার্ট। কমলাপুর স্টেডিয়াম এখন কনসার্টের নিয়মিত ভেন্যু। গত ডিসেম্বরে দুটি কনসার্ট হয়েছিল এখানে। কাল ‘গ্ল্যামার মিডিয়ার উইন্টার ফেস্টিভ্যাল’ নামে হয়ে গেল আরেকবার।এমনিতেই মাঠের অবস্থা করুণ। জায়গায় জায়গায় ঘাস নেই। অসমতল। এর ওপর মাঠের একদিকে মাটি খুঁড়ে বানানো হয়েছে মঞ্চ। প্রায় শ খানেক গর্ত খুঁড়ে বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে লম্বা নিরাপত্তা বেড়া। মাঠে হাজার হাজার লোকের অবাধ বিচরণ। আজ এই মাঠেই হওয়ার কথা বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের বিয়ানীবাজার-ওয়ারীর ম্যাচ। কিন্তু গর্ত খোঁড়ায় মাঠ ক্ষতিগ্রস্ত, কীভাবে খেলা চলবে চিন্তিত সংশ্লিষ্টরা। এই মাঠেই এখন একই সঙ্গে দ্বিতীয় বিভাগ ও বাংলাদেশ লিগের দ্বিতীয় স্তরের খেলা চলছে। মাঠ রক্ষণাবেক্ষণের সময়ই পাওয়া যায় না।স্টেডিয়ামে কনসার্ট কেন? জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সচিব শফিক আনোয়ারের উত্তর, ‘কনসার্ট হচ্ছে মাঠের বাইরে।’ কিন্তু বাস্তবতা হলো, মাঠের অর্ধেকেরও বেশি জায়গাজুড়ে বানানো হয়েছে মঞ্চ। পরে এনএসসির সচিব যোগ করলেন, ‘আজ (কাল) তো খেলা নেই। তাই বাফুফের সঙ্গে আলাপ করেই মাঠ ভাড়া দেওয়া হয়েছে।’তবে বাফুফের কর্মকর্তাদের দাবি, তাঁরা মাঠ ছাড়তে চাননি। এনএসসি জোর করেই মাঠ নিয়েছে।