কমলাপুরের মাঠ নিয়ে সমঝোতা স্মারক
দূর হলো লাল ফিতার বাধা। কমলাপুর স্টেডিয়ামে ফিফার প্রস্তাবিত টার্ফ বসানোর কাজে অগ্রগতি হয়েছে অনেকটা। এ ব্যাপারে আজ জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) সঙ্গে বাফুফের সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
ফিফার বর্তমান নিয়মে টার্ফ বসাতে সরকারের কাছ থেকে ২০ বছরের জন্য লিজ নিতে হবে মাঠ। আগে নিয়ম ছিল ১০ বছরের। তাই আরামবাগ বালুর মাঠ ১০ বছরের জন্য লিজ নিয়ে টার্ফ বসানো গেছে। বাংলাদেশ সরকারের আইন আবার সর্বোচ্চ ১০ বছরের বেশি লিজ অনুমোদন করে না। তবে কমলাপুর স্টেডিয়ামের টার্ফ বসাতে ফিফা বাফুফেকে অভয় দিয়েছে, সরকার ১০ বছরের জন্য কমলাপুরের মাঠ দিতে চাইলে সেটিই যেন নিয়ে নেওয়া হয়। ফিফা ব্যাপারটা বিবেচনা করবে। সেই আশ্বাস পেয়েই আজ সমঝোতা স্মারক স্বাক্ষরের সব অয়োজন সম্পন্ন।
প্রায় দুই বছর অপেক্ষা করতে হয়েছে এই লিজের জন্য। গত বছর মার্চে ঢাকায় এসে ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার আরামবাগ বালুর মাঠে টার্ফ উদ্বোধন করে বাফুফেকে তাগিদ দিয়ে যান, দ্রুত কমলাপুরের মাঠ লিজ নিতে। কিন্তু বাংলাদেশে সরকারি কাজের দীর্ঘসূত্রতার কারণে ফিফার অবকাঠামোগত সুবিধাগুলো ঠিকভাবে নিতে পারছে না বাংলাদেশ।
অথচ ভুটানের মতো দেশও ফিফার ‘গোল প্রকল্পে’র দ্বিতীয়টি এরই মধ্যে পেয়ে গেছে ফিফার কাছ থেকে। আর বাংলাদেশে এখনো ঝুলে আছে দ্বিতীয়টি! দ্বিতীয় গোল প্রকল্প শেষ করার পরদিনই তৃতীয়টি ফিফার কাছে চাওয়া যাবে। তৃতীয়টি অনেক আগেই নেওয়া যেত, যদি সব ঠিক চলত। তার পরও আশায় আছে বাফুফে। সিলেট বিকেএসপিতে প্রস্তাবিত ফুটবল একাডেমিতে টার্ফ বসানোই তৃতীয় গোল প্রকল্প হিসেবে ভেবে রেখেছে বাফুফে।
সবকিছু ঠিকঠাক এগোলে এত দিনে চার-পাঁচটি টার্ফ ফিফার কাছ থেকে নেওয়ার সুযোগ ছিল। কিন্তু বাস্তবতার কাঁটাতারে আটকে সেটি আর কোথায় হলো!