কমলার নীল কষ্টের আসল কারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্রেসিংরুমে অন্তঃকলহ ছিল। এ রকম ইঙ্গিত আগেও পাওয়া গিয়েছিল। পর্তুগালের কাছে হেরে শেষ আশাটুকুও মুছে যাওয়ার পর হতাশ আরিয়েন রোবেন বিষয়টি আর গোপন রাখতে পারলেন না।যুগে যুগে প্রতিভাবান সব ফুটবলারের জন্ম দিলেও ডাচরা সাফল্যের মুখ তেমন দেখেনি। ‘দুর্ভাগ্য’ তো আছেই, অন্তঃকলহটা কোনো অংশে কম দায়ী নয়। ড্রেসিংরুমে অন্তর্দ্বন্দ্ব ডাচদের পুরোনো রোগ। সাম্প্রতিক সময়ে এই রোগ অনেকটাই কাটিয়ে উঠেছিল। দুই বছর আগে ২০১০ বিশ্বকাপের ফাইনালে ওঠে তারা দলীয় সমন্বয়ের ছাপ রেখেই। কিন্তু এবারের ইউরোতে ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে হারার পরই শঙ্কাটা জেগে ওঠে, অন্তঃকলহের পুরোনো আগুনটাই তুষের মধ্যে জ্বলছে না তো!শঙ্কাটা যে মিথ্যা নয়, রোবেনই স্পষ্ট করে দিয়েছেন, ‘অবশ্যই কিছু অভ্যন্তরীণ ব্যাপার ছিল। তবে আমরা তা নিজেদের মধ্যেই রাখতে পারতাম। কিন্তু বিশ্বাস করুন, আমরা সব চেষ্টাই করেছি, কিন্তু কাজ হয়নি।’ বায়ার্ন মিউনিখ তারকার দৃঢ় বিশ্বাস, ড্রেসিংরুমের অন্তর্দ্বন্দ্বই ব্যর্থতার প্রধান কারণ, ‘সাফল্যের জন্য দল এখানে ক্ষুধার্তই ছিল। কিন্তু আমরা সংগঠিত হতে ব্যর্থ হয়েছি। আমি মনে করি, টেকনিক্যাল স্টাফ, খেলোয়াড়েরাসহ পুরো দল মিলেই আমরা ব্যর্থ হয়েছি। ক্রীড়া বিশ্বের জন্যই এটা রূঢ় বাস্তবতা। অবশ্যই আমাদের সবারই আয়নার দিকে তাকানো উচিত।’অধিনায়ক মার্ক ফন বোমেলের কণ্ঠেও রোবেনের কথারই প্রতিধ্বনি। পর্তুগালের ম্যাচটি বেঞ্চে বসে কাটানো ৩৫ বছর বয়সী মিডফিল্ডারের দাবি, ২০১০ বিশ্বকাপের তুলনায় এবার ড্রেসিংরুমের পরিবেশটা ছিল অন্য রকম, ‘আমি অধিনায়ক এবং আমি সব সময়ই আমার খেলোয়াড়দের সুরক্ষা দিয়েছি। কিন্তু দুই বছর আগের তুলনায় আবহাওয়াটা ছিল ভিন্ন। কিন্তু কেন, তা আমি জানতাম না। আমি শুধু আমার নিজের কথাই বলতে পারি, অন্যদের কথা নয়।’অন্তঃকলহের আগুন যতই জ্বলুক, মাঠের ব্যর্থতার দায় কি এড়াতে পারবেন খেলোয়াড়েরা? শিরোপার দাবি নিয়ে এসে তিন ম্যাচেই হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায়ের কোনো ব্যাখ্যাই হয় না। ব্যর্থতা স্বীকার করে রোবেন বলছেন, ‘এটাই আমার ক্যারিয়ারের সবচেয়ে বাজে মৌসুম। বায়ার্ন কিংবা জাতীয় দল, কোথাও সময়টা ভালো গেল না। এটা অবিশ্বাস্য এবং বড় এক আঘাত। কারণ, মৌসুমের শুরুতে আমি খুবই রোমাঞ্চিত ছিলাম। চ্যাম্পিয়নস লিগের ফাইনালটা ছিল বড় এক আঘাত। জাতীয় দলের হয়ে এই হতাশাটা আরও বেশি অপ্রত্যাশিত।’খেলোয়াড়েরা তো বটেই; ব্যর্থতার কারণ খুঁজে ফিরছেন হল্যান্ডের সাবেক তারকা ফুটবলাররাও। দলের পারফরম্যান্স কাটাছেঁড়া করে ইয়োহান ক্রুইফ ব্যর্থতার দায় চাপাচ্ছেন দলের তারকা খেলোয়াড়দের কাঁধে। ডাচ কিংবদন্তির দাবি, ‘কমলা দলের ভেঙে পড়ার প্রধান কারণ, খেলাটি তৈরি করতে গিয়ে গড়বড় করে ফেলা। সহজ পাস দিতেও দুর্বলতাটা ছিল স্পষ্ট। বেশির ভাগ খেলোয়াড়ই ইউরো ২০১২-তে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে। আমি মূলত দলের তারকা খেলোয়াড়দের কথাই বলছি।’ ওয়েবসাইট।