কমলার রং ছড়ানোর দিন
দুই দলের মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান খুঁজতে গেলে ফিফার ওয়েবসাইট আপনাকে জানিয়ে দেবে, ৯ ম্যাচের ৬টিই জিতেছে স্লোভাকিয়া, হল্যান্ড ২টি! বিশ্বকাপে একমাত্র যে ম্যাচটিতে তারা মুখোমুখি হয়েছে, সেখানেও হল্যান্ডকে ৩-০ গোলের পরিষ্কার ব্যবধানেই হারিয়ে দিয়েছিল স্লোভাকিয়া। ফেবারিট কে? স্লোভাকিয়াই নিশ্চয়ই!দাঁড়ান, হিসাবে একটু ভুল হয়ে যাচ্ছে। স্লোভাকিয়া আসলে এই প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ডাচদের। এটা তো তাদের প্রথম। ফুটবলের গ্রন্থকীটেরা আন্দাজ করে নিয়েছেন নিশ্চয়ই এমন পরস্পরবিরোধী পরিসংখ্যানের কারণটি। স্লোভাকিয়া যে আসলে পূর্বসূরি চেকোস্লোভাকিয়ার রক্তই বয়ে নিয়ে বেড়াচ্ছে শরীরে। ফিফার রেকর্ডে তাই রেখে দেওয়া আছে চোকোস্লোভাকিয়ার তথ্য। উত্তরাধিকার সূত্রে যেটি পেয়েছে স্লোভাকরা। ইতিহাসের নুড়ি-পাথর কুড়িয়েই যদি প্রেরণা খুঁজতে চায় স্লোভাকিয়া, হল্যান্ডই বা হাত গুটিয়ে বসে থাকবে কেন? ‘টোটাল ফুটবল’ নামের এক বিপ্লবের আঁতুড়ঘর, বিশ্বকাপ খেলছে নবমবারের মতো। শিরোপা একবারও জেতেনি, কিন্তু উঠেছিল টানা দুটো ফাইনালে—১৯৭৪ আর ১৯৭৮ সালে। ১৯৭৪ বিশ্বকাপে আবার ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলকেই হারিয়ে দিয়েছিল তারা। কিন্তু ‘...শেষ পর্যন্ত জার্মানিই জেতে’ তত্ত্বটার কারণে শিরোপা জেতা হয়নি।কে হায়, ইতিহাস খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে!হল্যান্ডের একটা শিরোপা পাওনা পড়ে আছে বহুদিন ধরেই। কিন্তু পাওনা তুলে নিতে তো পাওনাদারের তাগাদাই থাকতে হয় বেশি। ১৯৯৪ সালে সেরা আট আর ১৯৯৮ সালে সেমিফাইনালে ওঠা দলটি কেন পারছে না, সেটিও একটি বিস্ময়। যদিও এবার চুপিচুপি কিন্তু নিজেদের ‘আখের’ ঠিকই গুছিয়ে নিচ্ছে ওরা। দ্বিতীয় রাউন্ডে পুরো ৯ পয়েন্ট নিয়ে ওঠা দুটো দলের একটি হল্যান্ড, অন্যটি আর্জেন্টিনা।এই দলে তারকাও আছে। গত চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি দুই দলের মূল খেলোয়াড়ই ছিল হল্যান্ডের। আরিয়েন রোবেন আর ওয়েসলি স্লাইডার। আছেন ফন ডার ভার্ট, রবিন ফন পার্সি, ডির্ক কিউট, ফন বোমেলের মতো তারকাও।সে তুলনায় স্লোভাকিয়া দলটি তেমন ডাকাবুকো নয়। আন্তর্জাতিক মঞ্চে এই দলের খুব বেশি খেলোয়াড়ও আগে পরিচিতও ছিল না। তবে মারেক হামসিক আর রবার্ট ভিতেক এরই মধ্যে নাম কুড়িয়েছেন। তা ছাড়া এই স্লোভাকিয়াই তো ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিদায় করে উঠে এসেছে নকআউট পর্বে।তাই আজকের ম্যাচে নিরঙ্কুশ ফেবারিট হওয়ার পরও হল্যান্ড যথেষ্ট সাবধান। ডাচ স্ট্রাইকার ফন পার্সি সেটা লুকোনোর চেষ্টাও করেননি, ‘স্লোভাকিয়া অবশ্যই কঠিন প্রতিপক্ষ। ইতালির বিপক্ষে ওরা তো দুর্দান্ত খেলেছে। ওই ম্যাচে জয় তাদের দেশের জন্যই একটা বড় অর্জন। টুর্নামেন্টে এখন পর্যন্ত আমরা ভালো খেলেছি। কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে।’ফন পার্সির মুখের কথাটাই যেন কেড়ে নিয়েছেন ইতালির বিপক্ষে জোড়া গোল করা ভিতেক। তিনি বলছেন, যা পাওয়ার স্লোভাকিয়া পেয়ে গেছে। এখন তাদের এই টুর্নামেন্টে সবকিছুই হবে বোনাস। মনের আনন্দে খেলা। আর হল্যান্ডের ওপর থাকবে ফেবারিটদের দায় মেটানোর চাপ। ‘আমাদের হারানোর কিছুই নেই। টুর্নামেন্টে আমরা নবাগত আর আন্ডারডগ হিসেবেই এসেছিলাম। অন্যদের চমকে দেওয়া ছিল আমাদের লক্ষ্য। সেই লক্ষ্যপূরণ হয়ে গেছে।’স্লোভাকিয়া আসলে যা পাবে, সেটি বোনাস। দেশটির পত্রপত্রিকাই তো তাদের দ্বিতীয় রাউন্ডে উত্তরণকে শিরোনাম দিয়েছে ‘অলৌকিক’। হল্যান্ডের মাথার ওপরই চাপটা বেশি। কোচ বার্ট ফন মারউইক সেটি স্বীকার করে নিয়েই বলছে, এই চাপটা জয় করাই তো আসল বীরদের কাজ!আজ কি তবে ‘কমলা’র রং ছড়ানোর দিন? এএফপি, রয়টার্স।