কমান্ডো চায় পাকিস্তান!
এশিয়া কাপ খেলতে আসতে পাকিস্তান যে বিশেষ নিরাপত্তা চেয়েছে, আইসিসির সভা থেকে দেশে ফিরেই সেটি বলেছেন বিসিবিপ্রধান নাজমুল হাসান। সেই বিশেষ ব্যবস্থা কী, সেটা জানা গেল পিটিআইয়ের খবরে। পিসিবির একটি ঘনিষ্ঠ সূত্র পিটিআইকে জানিয়েছে, পাকিস্তান দলের জন্য ২৪ ঘণ্টা সেনা কমান্ডো চেয়েছে পিসিবি!
ওই সূত্রের দাবি, বিসিবির কাছে পিসিবির দাবি ছিল আরও, ‘পিসিবির উচ্চপদস্থ কর্মকর্তারা বিসিবির কাছে এটা পরিষ্কার করে দিয়েছে যে সন্তোষজনক বাড়তি নিরাপত্তাব্যবস্থার নিশ্চয়তা পেলেই কেবল বাংলাদেশে দল পাঠাবে পাকিস্তান। বাড়তি এই নিরাপত্তাব্যবস্থা নিয়ে দুই বোর্ডের আলোচনাও হয়েছে, পিসিবি ২৪ ঘণ্টা সেনা কমান্ডো চেয়েছে। পিসিবির আরেকটি দাবি ছিল, টিম হোটেলের সামনের বা কাছে এবং স্টেডিয়ামের একটি নির্দিষ্ট এলাকা পর্যন্ত কোনো ধরনের প্রতিবাদ সভা বা বিক্ষোভ সভা হতে না দেওয়া।’
দুবাই থেকে দেশে ফিরে বাড়তি নিরাপত্তাব্যবস্থা নিয়ে বিসিবিপ্রধান বলেছিলেন, ‘পিসিবি আমাদের কাছে বাড়তি কিছু নিরাপত্তা চেয়েছে। আমরা বলেছি, সব দলের জন্যই সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রয়োজনে পিসিবির প্রতিনিধিদল এসে নিরাপত্তাব্যবস্থা দেখে যেতে পারে। তার পরও বাড়তি নিরাপত্তার প্রয়োজন মনে করলে সেটাও দেওয়া হবে।’
পিসিবির সূত্রের দাবি, নিরাপত্তাব্যবস্থা খতিয়ে দেখতে বোর্ডের নিরাপত্তা ব্যবস্থাপক কর্নেল আজমকে ১৯ জানুয়ারি বাংলাদেশে পাঠাবে পিসিবি। নিরাপত্তা ব্যবস্থাপকের প্রতিবেদন পাঠানো হবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের পরামর্শের ওপর ভিত্তি করেই বাংলাদেশে দল পাঠানোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বর্তমানে ঢাকায় আছে শ্রীলঙ্কা ক্রিকেটের দুই সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল। আইসিসি নিরাপত্তা পরিদর্শক দলেরও ঢাকায় চলে আসার কথা কয়েক দিনের মধ্যেই। তথ্যসূত্র: পিটিআই।