কমার্স কলেজের ‘ফেন্সিং-বিপ্লব’
বার্ষিক ফাইনালের সাচিবিক বিদ্যা পরীক্ষা শেষ। কলেজের পোশাকেই মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোরে এলেন তানজিনা আক্তার, সাফিনা ফাইরুজ জামান, শাহিদা নাজনীনরা। বাংলাদেশ গেমসের ফেন্সিংয়ে অংশ নিতে পরীক্ষার হল থেকে সোজা ভেন্যুতে ঢুকে পড়লেন সবাই। এসেই দ্রুত পরে নিলেন মাস্ক, জ্যাকেট, গ্লাভস, চেস্টগার্ড, নিকার্স। ম্যাটে নামার আগে একটু ঝালিয়ে তো নিতে হবে! ফেন্সিংয়ে সবচেয়ে বেশি আগ্রহ ঢাকা কমার্স কলেজের ছাত্রছাত্রীদের। বাংলাদেশ আনসারের পর এই কলেজের খেলোয়াড়েরাই দাপটের সঙ্গে খেলছেন ফেন্সিং। সাবেক ও বর্তমান ছাত্রছাত্রীরা অংশ নিচ্ছে এবারের গেমসে বিভিন্ন দলের হয়ে। আগ্রহটা জাগিয়েছেন ক্রীড়া শিক্ষক ফয়েজ আহমেদ।ফেন্সিং বাংলাদেশে শুরু ২০০৮ সালে। তবে এখনো ফেডারেশনের মর্যাদা পায়নি। আন্তর্জাতিক ফেন্সিং ফেডারেশনের (এফআইই) সদস্যপদ পেয়েছে অ্যাসোসিয়েশন হিসেবে। অলিম্পিকের এই খেলাটির জন্ম ফ্রান্সে। আধুনিক ফেন্সিংয়ের সব নিয়ম মানা হয় এফআইইয়ের গঠনতন্ত্র অনুসারে। খেলাটা তিনটি বিভাগে—ফয়েল, স্যাবর ও ইপি। এরই মধ্যে ইপিতে একটি সোনা জিতেছেন কমার্স কলেজের ছাত্র সাজিদ হোসেন।লম্বা স্টিলের তরবারি দিয়ে খেলা হয়। পাঁচ মিনিটের বাউটে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া খেলোয়াড় জেতেন। ইপিতে শরীরের যেকোনো অংশে স্পর্শ করলেই পয়েন্ট। ফয়েলে শুধু জ্যাকেটে স্পর্শ করতে হবে। স্যাবরে প্রতিপক্ষকে শুধু স্পর্শ করলেই চলবে না, তরবারির মাথায় লাগানো ক্লিপটিও চেপে ধরতে হবে। চাপটার ওজন ৫০০ গ্রাম হলেই পয়েন্ট।কমার্স কলেজের সাবেক ছাত্র কাজী সামির আসাফ দুই বছর আগে ইতালিতে ফেন্সিংয়ের বিশ্বকাপে খেলেছেন। একদিন অলিম্পিকে খেলবেন, এই স্বপ্নই দেখেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ফেন্সিংয়ের সরঞ্জাম খুবই মূল্যবান। ম্যাটের দাম ২৭ লাখ টাকা। প্রতিটি তরবারির দাম ৮-১০ হাজার টাকা। আপাতত সব সরঞ্জাম এফআইইর অনুদান হিসেবে পাওয়া। প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় ভাগাভাগি করে খেলতে হচ্ছে। এই কলেজের সাবেক ছাত্রী উম্মে হাবিবার কথা, ‘প্রথমে খেলাটির নাম শুনে একটু ভয় পেয়েছিলাম। ফয়েজ স্যার শিখিয়ে দেওয়ার পর ভয়টা কেটে গেছে। এটা খুবই মজার খেলা।’ আন্তর্জাতিক অঙ্গনে টুকটাক সাফল্যও আসছে ফেন্সিংয়ে। ২০১০ সালে চেন্নাইয়ে প্রথম দক্ষিণ এশিয়ান ফেন্সিংয়ে রুপা, গত বছর হায়দরাবাদে পাওয়া গেছে ব্রোঞ্জ। এখন এসএ গেমসে সোনার স্বপ্নে বিভোর বাংলাদেশ।