কমিউনিটি শিল্ড ম্যানচেস্টার ইউনাইটেডের
দুর্দান্ত খেলেই কমিউনিটি শিল্ড জয় করল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত খেলার দ্বিতীয়ার্ধের দাপুটে পারফরম্যান্সের ফলে তিনটি গোল করে শিল্ড নিয়েই ঘরে ফেরে ম্যান ইউ।খেলার প্রথমার্ধে জোলেওন লেসকট ও এডিন জেকোর গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। এই অর্ধে ম্যান সিটির ছিল একচ্ছত্র আধিপত্য। দ্বিতীয়ার্ধে চমৎকার ঢংয়েই খেলায় ফেরে ম্যানচেস্টার ইউনাইটেড। সমতা ফিরিয়ে নিয়ে আসেন ক্রিস স্ম্যালিং ও নানি। এ নিয়ে সর্বশেষ পাঁচ মৌসুমের মধ্যে চারবারই মৌসুমের পর্দা উন্মোচনের এই আসরের শিরোপা ঘরে তুলল ম্যানচেস্টার ইউনাইটেড।অ্যাস্টন ভিলা থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া অ্যাশলি ইয়ং কাল ছিলেন সত্যিই অন্য রকম। ওয়াইন রুনির সঙ্গে দারুণ জুটি বেঁধে বারবার ঢুকে পড়েছেন সিটির রক্ষণব্যূহে। এই জুটি এ মৌসুমে ভালোই জমবে বলে মনে করছেন অনেকেই।ম্যাচের ৩৮ মিনিটের সময় লেসকটের গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। ডেভিড সিলভার একটি ফ্রি-কিক থেকে রিও ফার্ডিনান্দের সামনে বল পেয়ে যান লেসকট। সেখান থেকে গোলরক্ষক ডি গিয়াকে বোকা বানাতে একেবারেই বেগ পেতে হয়নি লেসকটের। এর কিছুক্ষণের মধ্যেই বসনিয়ান খেলোয়াড় জেকো দুরপাল্লার শটে ডি গিয়াকে বোকা বানান। গোলটি হয়তো অনেক দিন ভুলতে পারবেন না স্প্যানিশ গোলরক্ষক ডি গিয়া।মধ্যাহ্ন বিরতির সময় দলে তিনটি পরিবর্তন আনেন ম্যানচেস্টার ইউনাইটেড কোচ ফার্গুসন। মাঠ থেকে তুলে নেন ফার্ডিনান্দ, নেমেনজা ভিদিচ ও মিশেল ক্যারিককে। এই অর্ধে কিন্তু দুর্দমনীয় হয়ে ওঠে তাঁর শিষ্যরা। দ্বিতীয়ার্ধের সাত মিনিটের সময় বসনিয়ান ডিফেন্ডার জেকোর একটি ভুলে ফাঁকায় বল পেয়ে যান স্ম্যালিং। তা থেকে তিনি কোনো ভুল করেননি সিটির জালে বল জড়িয়ে দিতে। খেলার ৫৮ মিনিটের সময় সমতা ফিরিয়ে নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড।নানি ও ওয়াইন রুনি নিজেদের মধ্যে পাস খেলে সিটির রক্ষণব্যূহে ঢুকে পড়েন। রুনি ডান দিকে বল টম ক্লেভারলিকে বাড়ালে তিনি ফিরতি বল বাড়ান নানির দিকে। নানি বল ধরে তা গোলে পরিণত করেন।খেলা যখন নিশ্চিত অতিরিক্ত সময়ের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই সেই নানিই জয়সূচক গোল করে ম্যানচেস্টার সিটির স্বপ্ন চূর্ণ করে দেন। ম্যান ইউকে জিতিয়ে দেন মৌসুমের প্রথম শিরোপা।