কমিটির সুপারিশই গ্রহণ করল বাফুফে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাতানো খেলা নিয়ে বাংলাদেশ লিগ কমিটি যে সুপারিশ দিয়েছিল, কাল বাফুফের দীর্ঘ পাঁচ ঘণ্টার জরুরি সভায় সেটিই গ্রহণ করা হয়েছে। এর মানে, বাংলাদেশ লিগে শেখ জামালই চ্যাম্পিয়ন। তবে দলটির জরিমানা ২০ লাখ টাকা। রহমতগঞ্জের জরিমানা পাঁচ লাখ টাকা। রহমতগঞ্জের কর্মকর্তা সালাউদ্দিন কালা তিন বছর, একই দলের গোলরক্ষক ইরান শেখ দুই বছর এবং মুক্তিযোদ্ধার কোচ মারুফুল হক দুই মাস নিষিদ্ধ।দুই দলের আর্থিক জরিমানা সমান করার গুঞ্জন ছিল। দুই দুলের পয়েন্ট কাটার কথাও বলেছিলেন কেউ কেউ। তবে বাংলাদেশ লিগে শেখ জামালের চ্যাম্পিয়নশিপ বজায় রাখার জন্য মারুফের পাতানো-সংশ্লিষ্টতা খুঁজে মুক্তিযোদ্ধার পয়েন্টও কাটার কথা বলেছিলেন শীর্ষ এক কর্মকর্তা। সালাউদ্দিন কালাকে মিষ্টি খাওয়ার জন্য মারুফ নাকি সাড়ে তিন লাখ টাকা সেধেছেন, এটি মারুফের ‘অপরাধ’ বলে গণ্য হয়েছে।তবে বাইরে যত কথাই হোক, শেষ পর্যন্ত ‘সমঝোতার ম্যাচের’ মতো ‘সমঝোতার সভা’ই হয়ে গেল কাল। যদিও একটা পর্যায়ে সভার পরিবেশটা খানিক উত্তেজনাময় হয়ে ওঠে। সভা শেষে একজন কর্মকর্তার কাছে বিস্তারিত জানতে চাইলে বললেন, ‘আমাদের প্রতিজ্ঞা করানো হয়েছে, বাইরে যাতে কিছু না বলি।’ তবে একটি সূত্রের খবর, দুই দলের আর্থিক জরিমানা সমান করার প্রস্তাবসহ আরও কিছু প্রস্তাব উঠেছিল। দুজন সহসভাপতি বলেছেন, ‘ম্যাচটা পাতানো প্রমাণ করা গেলে যেকোনো শাস্তি দিন, প্রমাণ ছাড়া পয়েন্ট কাটা যাবে না।’ এ অবস্থায় পয়েন্ট কাটার দাবি ওঠেনি বলে জানিয়েছেন সালাউদ্দিন।গত ১১ জুন বাংলাদেশ লিগে শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচ পাতানো হয়েছে অভিযোগ উঠলে বাংলাদেশ লিগ কমিটি তদন্ত করে। ম্যাচটাকে তারা ‘পাতানো’ না বলে ‘সমঝোতা’র বলেছিল। সেই প্রতিবেদনের কয়েকটি বাক্য পরিবর্তন করার কথা উঠলেও কালকের সভায় সালাউদ্দিন তা করতে দেননি বলে জানা গেছে।বেলা সোয়া দুইটায় শুরু হওয়া সভা থেকে পৌনে চারটার দিকে বেরিয়ে যান বাফুফে সভাপতি। ধানমন্ডির বেক্সিমকো অফিসে আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচ নিয়ে বিশেষ সভায় যোগ দেওয়ার আগে বলে যান, ‘এক ঘণ্টা পর ফিরে আসছি। সিদ্ধান্ত আজই হবে।’সালাউদ্দিন ঘণ্টা দুয়েক পর ফিরলে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বাংলাদেশ লিগ কমিটির চেয়ারম্যান ও বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শেদী জানান, ‘নির্বাহী কমিটি একমত হয়ে লিগ কমিটির সুপারিশ অনুমোদন দিয়েছে। অফিশিয়ালি চিঠি দেওয়ার দিন থেকেই শাস্তি কার্যকর।’ ‘কমিটি তো বাইলজের বাইরে যেতে পারে না। পাতানো খেলার ব্যাপারে আমি জিরো টলারেন্স দেখিয়ে আসছি’—বলেছেন সালাউদ্দিন।উল্লেখ্য, পাতানো খেলার অভিযোগে ১৯৮১ সালে আজাদ স্পোর্টিং এবং অন্য একবার চলন্তিকারও পয়েন্ট কাটা হয়েছিল। শেখ জামাল-রহমতগঞ্জ ম্যাচটি ‘সমঝোতার’ই হলে পয়েন্ট কাটা হলো না কেন? সালামের কথা, ‘তদন্ত প্রতিবেদন প্রকাশের দিনও বলেছি, আপনারা অনেক প্রশ্ন করবেন উত্তর দিয়ে আপনাদের কনভিন্স করতে পারব না। আজও তাই বলছি। বাইলজে শাস্তির ব্যাপারে পরিষ্কার কিছু বলা নেই, আরও কিছু তথ্য না থাকায় আগে যে সিদ্ধান্ত নিয়েছি সেটিই কার্যকর।’ সংক্ষুব্ধ দল বা ব্যক্তির আপিল করার সুযোগ আছে? লিগ কমিটির সদস্য আনোয়ারুল হক জানালেন, ‘ডিসিপ্লিনারি কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যায়। বাফুফের নির্বাহী কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে কি না, নিশ্চিত নই।’ সহসভাপতি মনজুর হোসেনের সংযোজন, ‘বাফুফের গঠনতন্ত্র অনুযায়ী আইনের আশ্রয় নেওয়া যাবে না। ফিফার আইনও তাই।’প্রথম আলোর পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল শেখ জামালের সভাপতি মনজুর কাদেরের সঙ্গে। তিনি প্রথমে বাংলাদেশ লিগ কমিটির সদস্যদের নীতি-নৈতিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এরপর ‘আপনারা তো ওদের পক্ষে লেখেন’ বলে ফোন কেটে দেন। জানা গেছে, মনজুর কাদের লিগ কমিটির অপসারণ চান, নইলে বাংলাদেশ লিগ থেকে দল প্রত্যাহারের হুমকি দিয়েছেন।