কমেছে প্রশিক্ষণ বাজেট
জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসির) ২০১০-১১ সালের বাজেট অনুমোদিত হয়েছে কাল নির্বাহী কমিটির সভায়। ২৭৯ কোটি ২৬ লাখ ৩০ হাজার টাকার বাজেটে সমপরিমাণ অর্থই আয় ধরা হয়েছে। এর মধ্যে ২১১ কোটি টাকাই উন্নয়ন ব্যয়ের জন্য।নতুন বাজেটের উল্লেখযোগ্য দিক হলো, ফেডারেশনগুলোর অনুদান বেড়েছে ২৫ শতাংশ। জেলা-বিভাগীয় ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর জন্য বেড়েছে ১০ শতাংশ। আর প্রতিভা অন্বেষণের জন্য রাখা হয়েছে দুই কোটি টাকা।এনএসসির বাজেট মানেই স্টেডিয়াম বানানো, সংস্কার ইত্যাদি খাতে বিপুল ব্যয়। প্রশিক্ষণ খাতে ব্যয় সামান্যই। গত বছর প্রশিক্ষণ খাতে বাজেট ছিল দেড় কোটি টাকা। এবার কমে এক কোটি ৩০ লাখ!সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, বিভিন্ন গেমস ও বিশেষ প্রশিক্ষণের জন্য সরকার টাকা দেয়। এই বাজেটে তা অন্তর্ভুক্ত নয়। গত বছর প্রশিক্ষণ খাতে খরচ হয়েছে মাত্র ২০ লাখ টাকা। এসএ গেমসের প্রশিক্ষণ খাতে সরকার টাকা দেওয়ায় এক কোটি ৩০ লাখই উদ্বৃত্ত থেকে গেছে।