প্রথম দিনটা গেল বৃষ্টিতে। ডানেডিন টেস্টের দ্বিতীয় ও তৃতীয় দিনটাও ভালো কাটেনি ইংল্যান্ডের। ব্যাটিং ও বোলিং—দুই বিভাগেই স্বাগতিক নিউজিল্যান্ডের কাছে নাজেহাল ইংলিশরা নিজেদের ফিরে পেল চতুর্থ দিনে এসে। কাল সকালেও ম্যাককালাম-ঝড় যখন তাণ্ডব চালাচ্ছে ইংলিশদের ওপর, কে ভাবতে পেরেছিল দিনের শেষে হাসিমুখ থাকবে ইংল্যান্ডের। ইংলিশদের মুখে হাসি ফিরিয়েছেন অ্যালিস্টার কুক ও নিক কম্পটন। দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন দুজনই। উদ্বোধনী জুটিতে রেকর্ড ২৩১ রান। চতুর্থ দিনটা সফরকারীরা শেষ করেছে ১ উইকেটে ২৩৪ রানে। এখনো নিউজিল্যান্ড এগিয়ে ৫৯ রানে। তবে ইংল্যান্ডের সাজঘরে স্বস্তির বাতাস হাতে থাকা ৯টি উইকেটের জন্যই।প্রথম ইনিংসে পুরো দল মিলে করেছিল ১৬৭। এক কুক-কম্পটনের উদ্বোধনী জুটিই টপকে গেলে সেই রান। ২৩১, নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের উদ্বোধনী জুটির নতুন রেকর্ড। এর আগে ১৯৮৩ সালে লর্ডসে ২২৩ রান করেছিলেন গ্রায়েম ফাউলার ও ক্রিস ট্যাভারে। মাত্র পাঁচ টেস্টেই এখন তিনটি শতরানের জুটি কুক-কম্পটনের।ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক অ্যালিস্টার কুক কাল পেয়েছেন ক্যারিয়ারের ২৪তম সেঞ্চুরি। ‘ক্যাপ্টেন’ কুকের সেঞ্চুরি যেন টেস্ট ক্রিকেটে এখন সবচেয়ে স্বাভাবিক ঘটনা। অধিনায়ক হিসেবে খেলা সাত ম্যাচেই ছয় সেঞ্চুরি পেয়ে গেলেন ২৮ বছর বয়সী এই ওপেনার। আর সেঞ্চুরির ধরনগুলোতেও এত মিল যে কুকের আগের করা সেঞ্চুরিগুলোর বর্ণনা এই ম্যাচেও চালিয়ে দেওয়া যাবে। অন্য প্রান্তে অধিনায়কের দেখানো পথেই হেঁটেছেন নিক কম্পটন। কিংবদন্তি ডেনিস কম্পটনের পৌত্র পেয়েছেন প্রথম টেস্ট সেঞ্চুরি। ১১৬ রান করে কুক যখন উইকেটের পেছনে ক্যাচ দেন, কম্পটনের রান তখন ৯৯। ২ বল পরই অবশ্য এক রান নিয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছান নব্বইয়ের ঘরে প্রায় ১৩ ওভার আটকে থাকা ডানহাতি এই ব্যাটসম্যান। এর আগে সকালে আগের দিনের ৪০২ রানের সঙ্গে মাত্র ৮.৪ ওভারে আরও ৫৮ রান যোগ করে নিউজিল্যান্ড। স্টুয়ার্ট ব্রডকে বিশাল এক ছয় মেরে পঞ্চাশ রানে পৌঁছানো ম্যাককালাম কাল ১৭ বলেই করেছেন ৩০। মেরেছেন তিনটি ছক্কা। অধিনায়ককে যোগ্য সংগত দিয়েছেন অভিষিক্ত ব্রুস মার্টিন। বাঁহাতি স্পিনে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও ৪১ রান করেছেন নয়ে নেমে। ওয়েবসাইট।