পরিসংখ্যান যেখানেই রাখুক, ব্যাটিং যদি হয় বিনোদনের জন্য, তাহলে শীর্ষ কজনের মধ্যেই থাকবেন ডেনিস কম্পটন। সেই চল্লিশ-পঞ্চাশের দশকেই খেলতেন দারুণ সব উদ্ভাবনী শট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইংলিশ ক্রিকেটের জনপ্রিয়তা যখন দারুণভাবে পড়ে যায়, বলা হয় কম্পটন নাকি প্রায় এক হাতে ফিরিয়েছিলেন জনপ্রিয়তা। এসব ক্ষেত্রে তিনি গ্রেট হলেও একটা জায়গায় কিন্তু ছিলেন নিতান্তই সাধারণ। কম্পটনের ‘রানিং বিটুইন দ্য উইকেট’ হাসির খোরাক জোগাত প্রায়ই। অবাক করা তথ্য, সেই কম্পটনই যতবার রানআউট হয়েছেন, হিট উইকেট হয়েছেন এর চেয়ে বেশি! ৭৮ টেস্টের ক্যারিয়ারে ৫ বার হিট উইকেট হয়েছেন, রানআউট তিনবার। টেস্ট ইতিহাসে তাঁর চেয়ে বেশি হিট উইকেট হওয়ার ‘কৃতিত্ব’ নেই আর কারও। তিনবার হিট উইকেট আউট হয়েছেন সাবেক ভারতীয় অলরাউন্ডার মহিন্দর অমরনাথ। আরও ১০ জন এই আউটের শিকার হয়েছেন দুবার করে। ওয়ানডেতে দুবার করে হিট উইকেট হয়েছেন ছয়জন, দুবারের বেশি কেউ নন। এঁদের মধ্যে আবার আলাদা রুমেশ কালুভিতারানা। সাবেক শ্রীলঙ্কান উইকেটকিপার টেস্ট-ওয়ানডে দুটিতেই হিট উইকেট হয়েছেন দুবার করে!