কম্পিউটার দেখে নাক কুঁচকেছিলেন টেন্ডুলকার!

২৪ বছরের ক্রিকেট ক্যারিয়ারে শচীন টেন্ডুলকার যতগুলো রেকর্ড করেছেন, কম্পিউটার ছাড়া সেগুলোর হিসাব রাখতে হলে হয়তো হিমশিমই খেতে হতো পরিসংখ্যানবিদদের। আধুনিক ক্রিকেট-বিশ্বের প্রতিটি খুঁটিনাটির হিসাব নির্ভুলভাবে রাখাও সম্ভব হচ্ছে কম্পিউটারের কল্যাণে। এই কম্পিউটার ঢুকে পড়েছে ক্রিকেটের ড্রেসিংরুমেও। প্রায় সব প্রতিষ্ঠিত দলেই এখন একজন ‘অ্যানালিস্ট’ থাকেন, কম্পিউটারের সাহায্য নিয়ে তিনি খুঁটিনাটি বিশ্লেষণ করে বুঝিয়ে দেন কোন খেলোয়াড়ের শক্তি আর দুর্বলতার জায়গা কোনটি।
অথচ সাজঘরে প্রথমবারের মতো কম্পিউটার দেখে নাকি নাক সিটকেছিলেন টেন্ডুলকার। চারকোনা যন্ত্রটা ক্রিকেট খেলায় কী কাজে দেবে, সেটা নাকি ভেবেই পাচ্ছিলেন না লিটল মাস্টার।ভারতীয় সাজঘরে প্রথমবারের মতো কম্পিউটার আসে ২০০২-০৩ সালের দিকে। তার আগেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ১২-১৩টি বছর পার করে ফেলেছিলেন টেন্ডুলকার। ব্যাট-বলের লড়াইয়ে কম্পিউটার জিনিসটা কী কাজে দেবে, সেটা শুরুতে বুঝতেই পারেননি সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। সম্প্রতি এক অনুষ্ঠানে তিনি বলেছেন, ‘আমাদের বলা হয়েছিল, কম্পিউটার সব তথ্য সংরক্ষণ করে রাখবে। যে যখন যেটা দেখতে চায়, সেটা দেখতে পারবে। আমি জিজ্ঞাসা করেছিলাম, কম্পিউটার এখানে কী করছে? এটা আমার জন্য ব্যাটিং করে দেবে না। জহির খান বা হরভজনের জন্য বোলিংও করে দেবে না।’
তবে কম্পিউটারের উপযোগিতা দ্রুতই উপলব্ধি করতে পেরেছিলেন টেন্ডুলকার, ‘কিছুদিন যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে এটার মাধ্যমে অনেক কিছু মুহূর্তের মধ্যেই জানা যায়। ১৯৯৯ বা ২০০৭ সালে অস্ট্রেলিয়াতে আমি কী রকম ব্যাটিং করেছিলাম, সেটা মুহূর্তের মধ্যেই দেখে নেওয়া সম্ভব হয়েছিল।’
নতুন প্রযুক্তির সঙ্গে শুধু মানিয়ে নেওয়াই নয়, পরবর্তী সময়ে ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্যও কম্পিউটার অনেক সহায়তা করেছে টেন্ডুলকারকে, ‘আমি যদি আমার সব স্ট্রেট ড্রাইভগুলো বা অফস্টাম্পের বাইরের যে বলগুলো আমি ছেড়ে দিয়েছি, সেগুলো পরীক্ষা করতে চাইতাম, তাহলে মুহূর্তের মধ্যেই সেটা করা যেত। এটা বোঝার পর আমি কম্পিউটারকে গ্রহণ করেছি। প্রতিপক্ষের শক্তিমত্তা, দুর্বলতা ইত্যাদি নির্ধারণ করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কম্পিউটার।’
শুধু ক্রিকেটের সর্বশেষ স্কোর জানতে C লিখে এসএমএস করুন 2221 নম্বরে। যেকোনো খেলার আপডেট পেতে S লিখে এসএমএস করুন 2221 নম্বরে।