কম্বোডিয়ায় হার দিয়ে শুরু আবাহনীর
প্রতিপক্ষ কিরগিজস্তানের নেফচি। এর আগের তিনটি এএফসি প্রেসিডেন্টস কাপ ফুটবলে সাবেক সোভিয়েত বলয়ের কোনো দলের কাছে হারেনি আবাহনী। এবারও তাই জয় না হোক অন্তত ড্র করার আত্মবিশ্বাস নিয়ে গিয়েছিল দলটি। কিন্তু বাংলাদেশ লিগের হ্যাটট্রিক চ্যাম্পিয়নরা তাদের চতুর্থ প্রেসিডেন্টস কাপের প্রথম ম্যাচে ২-০ গোলে হেরে গেছে।কম্বোডিয়ার রাজধানী নমপেনে কাল শুরু গ্রুপের অন্য ম্যাচে স্থানীয় পেন ক্রাউন দল ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কার ডন বস্কোকে। আগামীকাল পেন ক্রাউনের সঙ্গেই দ্বিতীয় ম্যাচ আবাহনীর। গ্রুপ থেকে দুটি দল যাবে দ্বিতীয় রাউন্ডে। তাই এই ম্যাচ আবাহনীর জন্য গুরুত্বপূর্ণ।কিন্তু প্রথম ম্যাচটার আবাহনীর অভিজ্ঞতা ভালো নয়। নমপেন থেকে ফোনে ম্যানেজার সত্যজিৎ দাস জানিয়েছেন, ১০ মিনিটে কর্নার থেকে প্রাণতোষ বল ফেরালেও বক্সের বাইরে থেকে নেফচি মিডফিল্ডারের দর্শনীয় ভলিতে ১-০। ২৯ মিনিটে রক্ষণে অরূপ ও রাখাইনের ভুল-বোঝাবুঝিতে ২-০। আবাহনী দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। প্রাণতোষের হেড গেছে বাইরে। অরূপের ক্রসে রনি পা ছোঁয়াতে পারেননি।এ নিয়ে আক্ষেপ আছে। তবে আবাহনীর ম্যানেজারের মুখে অভিযোগও কম নয়, ‘বেলা দেড়টায় প্রচণ্ড গরমের মধ্যে খেলা শুরু হয়। আমরা দ্বিতীয় গোলটা খাওয়ার আগে হঠাৎ করেই অস্ট্রেলিয়ান রেফারি গরমের অজুহাত তুলে খেলা বন্ধ রাখেন কয়েক মিনিট। তখন আমাদের দল প্রাধান্য বিস্তার করে খেলছিল। ফিফার আইন ভঙ্গ করে খেলা বন্ধ করায় আমরা ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ করেছি।’