করাচিতে আকরামের গাড়িতে গুলি

সর্বকালের সেরা বোলারদের একজন। তাঁর অভিজ্ঞতা কাজে লাগাচ্ছে ভারতের আইপিএল। তাহলে পাকিস্তান কেন নয়? মাত্র কদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের আহ্বানে সাড়া দিয়ে তরুণ বোলারদের পথ দেখানোর দায়িত্ব নিয়েছিলেন ওয়াসিম আকরাম। কিন্তু আজ ঘটে গেল অপ্রত্যাশিত ঘটনা। করাচিতে তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। আকরাম অবশ্য শারীরিকভাবে আহত হননি।
পাকিস্তানে গুলি, বোমা হামলা—এসব শুনলে প্রথমেই সন্দেহ হয়, সন্ত্রাসী হামলা কি না। ২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা ক্রিকেট দলের ওপর নৃশংস হামলা চালিয়েছিল সন্ত্রাসীরা। যাতে ছয় পুলিশ এবং দুজন সাধারণ নাগরিক নিহত হন। শ্রীলঙ্কার ৬ ক্রিকেটার ও একজন রিজার্ভ আম্পায়ার আহত হন। আকরামের গাড়িতে গুলি চালানোর ঘটনাটির সঙ্গে অবশ্য কোনো সন্ত্রাসী হামলার যোগসূত্র পাওয়া যায়নি।
করাচির জাতীয় স্টেডিয়ামে বোলারদের ক্যাম্প চলছে। সেখানেই যাওয়ার জন্য বেরিয়েছিলেন আকরাম। এ সময় পথে একটি গাড়ির সঙ্গে তাঁর গাড়ি ধাক্কা লাগে। এই ঘটনার পর আকরাম এক্সপ্রেস নিউজ চ্যানেলকে বলেছেন, তাঁর গাড়ি লক্ষ্য করে গুলি চালানো ব্যক্তিটি একজন ‘কর্মকর্তা’ ছিলেন। সেই কর্মকর্তা কোথায় চাকরি করেন, তা অবশ্য আকরাম বলেননি। পাকিস্তানের পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, চলতি পথে দুই গাড়ির মধ্যে ঝামেলা বাঁধার নৈমিত্তিক ঘটনার মতোই এটি। কথা-কাটাকাটি থেকেই বিষয়টি এত দূর গড়িয়েছে।
আকরামও বলেছেন, পাকিস্তানে কেউ তাঁকে এর আগে কোনো হুমকি দেয়নি। তবে তাঁর দাবি, ধাক্কাটি ইচ্ছাকৃত, ‘একটা গাড়ি আমার গাড়িকে ধাক্কা দেয়। আমি তখন ওই গাড়িটা থামাই। একটা লোক গাড়ি থেকে বের হয়ে এসে আমার গাড়ি লক্ষ্য করে গুলি চালায়। ওই ব্যক্তিটি অবশ্যই একজন কর্মকর্তা ছিলেন। আমি ওই গাড়ির নম্বর টুকে নিয়ে পুলিশকে দিয়েছি।’
সংবাদমাধ্যমের খবরগুলো জানিয়েছে, গুলি আকরামকে লক্ষ্য করে চালানো হয়নি। গাড়িতেই চালানো হয়েছে। পুলিশ জানিয়েছে, একাধিক গাড়ির মধ্যে ধাক্কার ঘটনা ঘটেছে। আকরামের ম্যানেজার আরসালান হায়দার জানিয়েছেন, পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য পুরো সুস্থ আছেন। ঘটনাস্থল থেকে তিনি স্টেডিয়ামে চলে যান। সেখানে পুলিশ এসে তাঁর বক্তব্য নিয়ে গেছে। সূত্র: এএফপি, ডন।