করিন্থিয়ানসকে সিটির না
ঝুলে গেল কার্লোস তেভেজের ভাগ্য। করিন্থিয়ানসের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ক্লাবের উচ্চপর্যায়ে বৈঠকের পর প্রস্তাবটা ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। পাঁচ কোটি পাউন্ডের নিচে ইংলিশ ক্লাবটি ছাড়তে রাজি নয় তাঁদের অধিনায়ককে। অন্যদিকে ব্রাজিলিয়ান ক্লাবটিও বলে দিয়েছে তারা সাড়ে তিন কোটি পাউন্ডের বেশি খরচ করতে রাজি নয় আর্জেন্টাইন স্ট্রাইকারকে ফিরিয়ে আনতে।করিন্থিয়ানসের প্রেসিডেন্ট আন্দ্রেস সানচেজ মঙ্গলবার জানিয়েছেন, আগামী রোববারের মধ্যেই দুই পক্ষের সমঝোতা হতে হবে। নইলে এ বছর আর তেভেজের ব্রাজিলে আসা হচ্ছে না। ২০ জুলাই শেষ হচ্ছে ব্রাজিলের দলবদলের সময়।কোপা আমেরিকা দেখতে সানচেজ এখন আর্জেন্টিনায়। সেখানে বসেই টেলিফোনে কথা বলেছেন তেভেজ ও তাঁর প্রতিনিধির সঙ্গে। তার পরই ম্যান সিটিকে প্রস্তাব দেওয়া হয়। সিটি প্রস্তাবটি গ্রহণ করলে তেভেজকে পেতে করিন্থিয়ানসকে তাঁদের টিভি স্বত্বের শতকরা ২০ থেকে ২৫ ভাগ খরচ করতে হতো।প্রস্তাবের ব্যাপারে সানচেজ বলেছিলেন, ‘আমি একটা প্রস্তাব দিয়েছি যেটা মনে হয়, সিটি ফেলতে পারবে না। এবং আমরাও আর টাকার অঙ্কটা বাড়াব না। তারা যদি পাঁচ কোটি পাউন্ডই চায়, তবে তারা তেভেজকে রেখে দিতে পারে।’তেভেজ ২০০৫ সালে করিন্থিয়ানসকে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপ জিতিয়েছিলেন। এরপর ২০০৬ সালে চলে আসেন ইংল্যান্ডে। ওয়েস্টহাম ও ম্যানইউ ঘুরে যোগ দেন সিটিতে। এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হয়ে দলকে প্রথমবারের মতো নিয়ে গেছেন চ্যাম্পিয়নস লিগেও। নিজে সফল হলেও ইংলিশ পরিবেশে খাপ খাওয়াতে না পেরে গত বছর তাঁর স্ত্রী দুই মেয়েকে নিয়ে চলে যান আর্জেন্টিনায়। তখন থেকেই তেভেজ জানিয়েছিলেন, মেয়েদের কাছাকাছি থাকতে চান। এ কারণেই ইংল্যান্ডে আর নয়। আগের মৌসুমে সিটিকে লিখিতভাবে অনুরোধও করেছিলেন তাঁকে বিক্রি করে দেওয়ার জন্য। পরে সেটি প্রত্যাহার করে গত মৌসুমটা খেলে যান। কিন্তু এই মৌসুম শেষে আবারও সিটি ছাড়ার জন্য উন্মুখ হয়ে গেছেন এই স্ট্রাইকার। রয়টার্স, ওয়েবসাইট।