করের করাতে নাদাল-সেরেনা

ইউএস ওপেনের চ্যাম্পিয়ন হওয়ায় ২৬ লাখ ডলার। বছরের শেষ গ্র্যান্ড স্লামে ‘বোনাস’ ১০ লাখ ডলার। সব মিলিয়ে ইউএস ওপনের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে ৩৬ লাখ ডলার করে আয় করেছেন রাফায়েল নাদাল ও সেরেনা উইলিয়ামস। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা দাঁড়ায় প্রায় ২৮ কোটি টাকা!
কেবল একটা প্রতিযোগিতা থেকেই ২৮ কোটি টাকা আয়। অর্থটা চোখ ধাঁধানোই বলতে হয়। নাদাল ও সেরেনা স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত। তবে টেনিসে বর্তমান সময়ে অন্যতম দুই সেরা খেলোয়াড়ের মাথার ওপরে রয়েছে করের খড়্গ। কর বাবদ দিয়ে দিতে হবে উপার্জিত অর্থের অর্ধেকেরও বেশি। আনন্দের মাঝেও বুকের ভেতর একটু খচখচানি লাগাটাই স্বাভাবিক। নাদাল বা সেরেনা কারও কথা থেকেই অবশ্য সেটা বোঝার জো নেই।
এ বছরই ইউএস ওপেনের চ্যাম্পিয়নের প্রাইজমানি বাড়িয়ে রেকর্ডের পর্যায়ে নিয়ে যায় দেশটির টেনিস অ্যাসোসিয়েশন। কর বাবদ বেশির ভাগ অর্থ পকেট থেকে বেরিয়ে যাবে জেনেও খুশিই আছেন ১৩টি গ্র্যান্ড স্লামজয়ী নাদাল, ‘এটা বড় অঙ্কের অর্থ। কিন্তু এটা সত্যিকারের প্রাইজমানি নয়। আপনাকে কর পরিশোধ করতে হবে। যত দূর জানি, স্পেনে এটা ৫৬ শতাংশ। কর বাদ দিয়েও যা থাকে, সেটাও অনেক।’
নাদাল কর-টর নিয়ে কিছুটা ভাবলেও অর্থের ব্যাপার-স্যাপার নিয়ে মাথা ঘামাতে চান না নিজের ১৭তম গ্র্যান্ড স্লামজয়ী সেরেনা। ৩১ বছর বয়সী মার্কিন এই কৃষ্ণসুন্দরীর ভাষ্য, ‘আমি তো সব সময় আয়ের অর্ধেক কর দিয়ে থাকি। তবে আমি কখনোই এসব নিয়ে ভাবি না। জীবনে কখনোই কোনো ইভেন্টের চেক হাতে তুলে নিইনি। অর্থের জন্য আমি টেনিস খেলি না। আমি ভালোবাসি গ্র্যান্ড স্লাম। আমার বাবা হয়তো অর্থের কথা মাথায় রেখে ছোটবেলায় আমাকে টেনিসে এনেছিলেন। সত্যি বলতে কি, আমি নিজে কখনো এসব নিয়ে ভাবিনি।