কর্তোয়া যখন নিজের ক্লাবেরই শত্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেলসির বিপক্ষে খেলতে বাধা নেই কর্তোয়ার।
চেলসির বিপক্ষে খেলতে বাধা নেই কর্তোয়ার।

অ্যাটলেটিকো মাদ্রিদে দুর্দান্ত মৌসুম কাটছে কর্তোয়ার। তবে তাঁর অবস্থা হয়েছে ‘এক ফুল দো মালি’র মতো। বেলজিয়ান এ গোলরক্ষক মূলত চেলসির খেলোয়াড়। ধারে খেলেন অ্যাটলেটিকোতে। ঝামেলা তো এখানেই। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে যে দুদল মুখোমুখি। অ্যাটলেটিকো-চেলসির দ্বিপক্ষীয় চুক্তির কারণে সেমিফাইনালে কর্তোয়া খেলতে পারবেন কি না, তা নিয়েই যত গুঞ্জন। সমস্যার সমাধান আপাতত হয়েছে। চেলসির বিপক্ষে অ্যাটলেটিকোর হয়ে খেলতে কোনো অসুবিধা নেই বলে জানিয়েছে উয়েফা।
জানা গিয়েছিল, চুক্তির শর্ত অনুযায়ী চেলসির বিপক্ষে কর্তোয়াকে কোনো ম্যাচে খেলাতে হলে বিপুল অঙ্কের টাকা গুনতে হবে অ্যাটলেটিকোকে। সেই অঙ্কটার পরিমাণ ৩০ লাখ থেকে ১ কোটি ইউরো পর্যন্ত লেখা হয়েছে স্প্যানিশ সংবাদমাধ্যমে। আসল অঙ্কটা যা-ই হোক না কেন, গরিব ঘরের সংসার অ্যাটলেটিকোর পক্ষে এত টাকা যে দেওয়া সম্ভব হবে না, সেটি আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এরই মধ্যে ত্রাণকর্তা হয়ে এল ইউরোপের ফুটবল অভিভাবক উয়েফা।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, ‘ঐক্যবদ্ধ ক্রীড়া প্রতিযোগিতা উয়েফার মূলনীতি। উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ডিসিপ্লিনারি রেগুলেশনসে সুস্পষ্ট বিধান রয়েছে, কোনো ক্লাবের অন্য ক্লাবের খেলোয়াড়ের ম্যাচ খেলার ব্যাপারে প্রভাব খাটানো বা খাটানোর চেষ্টা কঠোরভাবে নিষেধ করা হয়েছে।’ ফলে দুই ক্লাবের মধ্যে দ্বিপক্ষীয় চুক্তি যা-ই থাকুক না কেন, উয়েফার বিধান অনুযায়ী চ্যাম্পিয়নস লিগের ম্যাচ চলাকালীন সেই চুক্তির শর্ত ‘বাতিল, অকার্যকর ও অপ্রয়োগযোগ্য’ বলেই বিবেচিত হবে। সে হিসেবে বড় দাও মেরেছে অ্যাটলেটিকোই। ফর্মে থাকা কর্তোয়াকে তারা পাচ্ছে কোনো ধরনের অর্থবিয়োগ ছাড়াই। যদি সেমিফাইনালে হেরেই যায় হোসে মরিনহোর দল, সে ক্ষেত্রে আফসোসের সুরে তারা বলতেই পারে, ‘দুধ-কলা দিয়ে সাপ পুষেছি!’ ওয়েবসাইট।