কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলে ভরসা ডুমিনির
দুই দিন আগে ঘরের মাঠে সবুজাভ পিচে খেলেছেন। আর বিশ্বকাপে এসে দক্ষিণ আফ্রিকান খেলোয়াড়দের নেমে পড়তে হচ্ছে উপমহাদেশের ন্যাড়া উইকেটে। কিন্তু প্রোটিয়াদের ভয় কী! এই উইকেট যে তাদের কাছে খুব পরিচিত। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলছেন দলের বেশির ভাগ খেলোয়াড়। সুতরাং আইপিএল অভিজ্ঞতাকেই এবার বিশ্বকাপে পুঁজি মানছেন প্রোটিয়া ব্যাটসম্যান জে পি ডুমিনি।
একটা সময় ছিল, উপমহাদেশে খেলতে এলে বাইরের দলগুলোর যত অভিযোগ-অনুযোগ থাকত পিচ নিয়ে। মন্থর আর স্পিনিং উইকেট—এই শব্দগুলোই এসে যেত ম্যাচের আগে আলোচনায়। তবে আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে খেলা ডুমিনি বলছেন, ‘প্রোটিয়াদের বেশির ভাগ খেলোয়াড়ই কয়েক বছর ধরে আইপিএলে খেলছে। এটা আমাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে, এ কারণে এটি আমাদের কাছে এখন আর “বিদেশি” মনে হয় না।’ ইন্ডিয়া টুডে।
‘বিদেশি’ মনে না হওয়া পিচগুলোয় দক্ষিণ আফ্রিকার সর্বশেষ টি-টোয়েন্টির রেকর্ডও অনুপ্রেরণাদায়ী। গত বছর ভারতকে টি-টোয়েন্টি সিরিজে হারিয়েছিল প্রোটিয়ারা। প্রেরণাটাকে সঙ্গী করে হাশিম আমলার দল পারবে এবার বিশেষ কিছু করতে?
আফ্রিদির শেষ সুযোগ
অনেক নাটকের পর গতকাল ভারতে পৌঁছেছে পাকিস্তান দল। আগামীকাল শ্রীলঙ্কার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে পাকিস্তানের টি-টোয়েন্টি বিশ্বকাপ, শহীদ আফ্রিদির শেষের শুরুও। কিছুদিন আগে অবশ্য আফ্রিদি ইঙ্গিত দিয়েছেন, এক বছর আগে দেওয়া অবসরের ঘোষণা থেকে সরে আসতে পারেন। তবে পাকিস্তানের কোচ ওয়াকার যা বলছেন তাতে মনে হচ্ছে আফ্রিদিকে বিদায় সম্ভাষণ জানানোর প্রস্তুতি তিনি নিয়েই রেখেছেন, ‘আফ্রিদি ক্যারিয়ারের সায়াহ্নে আছে। কোনো বড় শিরোপা জেতার এটাই শেষ সুযোগ তার।’ অবশ্য ওয়াকারের মাথায় আফ্রিদিকে নিয়ে ভবিষ্যৎ চিন্তা, এটা জেনে অন্য কিছুও আপনি ভেবে নিতে পারেন। পাকিস্তান দলের সাম্প্রতিক বিতর্ক তো এ দুজনের বনিবনা না হওয়া নিয়েই।
ওয়াকার অবশ্য এসব গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। তাঁকে তো পুরো দল নিয়েই চিন্তা করতে হচ্ছে। ইদানীং পাকিস্তান খুব খারাপ করছে। টি-টোয়েন্টি বিশ্বকাপেই সে অবস্থা কাটিয়ে ওঠার ইচ্ছা পাকিস্তান কোচের, ‘গত ছয় মাস আমরা খুব খারাপ খেলছি, কিন্তু সে অবস্থা কাটিয়ে ওঠার ভালো সুযোগ এই বিশ্বকাপ। খেলোয়াড়েরা সবাই ভালো করতে চায় এবং সমর্থকদের উচ্ছ্বাসের উপলক্ষ এনে দিতে চায়।’ সূত্র: এনডিটিভি।
ভারত এক দৌড়েই সেমিতে!
ড্রেসিংরুমের ড্রয়িংবোর্ডে সেমিফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষের ব্যবচ্ছেদ শুরু করে দিতে পারেন মহেন্দ্র সিং ধোনি। গ্রুপ পর্ব নিয়ে না ভাবলেও চলবে তাদের, সেমিফাইনালে যাওয়া যখন একপ্রকার নিশ্চিত! রাহুল দ্রাবিড়ের ধারণা অন্তত তা-ই।
না, গ্রুপ পর্বের চারটি ম্যাচ খেলেই সেমিফাইনালে যেতে হবে ভারতকে। কিন্তু দ্রাবিড়ের ধারণা, সামর্থ্য ও ফর্ম বিবেচনায় ভারতের বর্তমান দলটির সেমিফাইনাল নিশ্চিত, ‘এ দলটি খুব ভালো। আমার ধারণা, ভারত সহজেই শেষ চারে উঠবে। এরপর সেমিফাইনাল ও ফাইনালে কার ভালো দিন যাবে তাতেই বিজয়ী নির্ধারিত হবে।’
সাবেক ভারতীয় অধিনায়কের মতে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেরা দল ভারত, ‘হার্দিক পান্ডিয়া ও পবন নেগির মতো ব্যাটসম্যান ৮ ও ৯-এ ব্যাট করবে। এতেই দলের ব্যাটিং শক্তি বোঝা যায়। ৬-৭ জন বোলার আছে, যারা এই কন্ডিশনে দুর্দান্ত। নেহরা ইনিংসের শুরুতে ভালো করছে, বুমরা শেষ দিকে। ভারতের সমস্যা ছিল এই দুই জায়গায়, সেটিও কেটে গেছে। সমীহ-জাগানিয়া দল এটি।’
তাহলে ৩০ মার্চের সেমিফাইনালের জন্যই প্রস্তুত হতে পারেন ধোনিরা। ওই দিনই দিল্লিতে প্রথম সেমিফাইনালে গ্রুপ-২-এর চ্যাম্পিয়নরা মুখোমুখি হবে গ্রুপ-১-এর রানার্সআপ দলের। এনডিটিভি।