কর্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভিসা মিলল কিন্তু...
মোহাম্মদ ইদ্রিস সুপার টেনে পাকিস্তানের ম্যাচের বেতার ধারাভাষ্য দেবেন। ইসলামাবাদের ভারতীয় দূতাবাসে তাই ভিসার জন্য আবেদন করেছিলেন। ইদ্রিস ভিসা পেয়েছেন, কিন্তু বুঝে উঠতে পারছেন না ভারতে যাবেন কি যাবেন না! পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচগুলো হবে কলকাতা ও মোহালিতে। কিন্তু ইদ্রিস ভিসা পেয়েছেন দিল্লি ও মুম্বাইয়ের, যেখানে পাকিস্তানের কোনো ম্যাচই নেই। ভিসা ইস্যু করার সময় ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ তাঁকে সতর্ক করে দিয়েছেন, মুম্বাই ও দিল্লির বাইরে কোনো শহরে যাতে তিনি প্রবেশ না করেন। এই পরিস্থিতিতে অসহায় ইদ্রিস, ‘খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়েছি। ভাবছি ভারতে যাওয়া আমার উচিত হবে কি হবে না।’ হতাশ ইদ্রিস আবার শরণাপন্ন হচ্ছেন ইসলামাবাদের ভারতীয় হাইকমিশনের। আশা এবার তিনি সহযোগিতা পাবেন। আইএএনএস।
এবার ব্যাটিং পিচ!
গত বছর নাগপুরে ভারত-দক্ষিণ আফ্রিকার টেস্টের কথা মনে আছে? স্পিনাররা যে টেস্টে নিজেদের ইচ্ছেমতো বল ঘোরাতে পেরেছিলেন। যেখানে পেসারদের খেলাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছিল ব্যাটসম্যানদের জন্য। ওই টেস্টে জিতলেও উইকেট নিয়ে কঠোর সমালোচনার মুখে পড়ে ভারত। পরে ম্যাচ রেফারি জেফ ক্রো নাগপুরের পিচকে খুব খারাপ বলে রায় দেন। নাগপুরের সেই বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামেই নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ১৫ মার্চ বিশ্বকাপ অভিযান শুরু করবে অন্যতম ফেবারিট ভারত। তবে এবার নাগপুরের পিচ বোলিংবান্ধব হবে না, হবে ব্যাটিংসহায়ক। ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের জন্য ব্যাটিংসহায়ক পিচ তৈরির জন্য আমাদের পরিষ্কার নির্দেশনা দিয়েছে আইসিসি’—বলেছেন বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র। আইএএনএস।
গম্ভীরের বিরক্তি
টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব এখনো শুরু হয়নি। তবে ১৯ মার্চ ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে এতটাই উত্তাপ ছড়িয়েছে যে এখন সেদিকেই সবার চোখ। আর এসব দেখে একটু বিরক্ত ভারতের ওপেনার গৌতম গম্ভীর, ‘এটা সব প্রচারমাধ্যমের টিআরপি বাড়ানোর একটা কৌশল ছাড়া কিছু নয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে সবাই এখানে শিরোপা জেতার জন্যই এসেছে।’
গম্ভীরের কাছে পাকিস্তানের সঙ্গে ভারতের ম্যাচও অন্য দশটা ম্যাচের মতোই, ‘মানুষজন এটা নিয়ে হইচই করছে, কিন্তু আপনি যেকোনো ক্রীড়াবিদকে জিজ্ঞাসা করুন। সবাই বলবে এটা এমন কিছু নয়, বরং বিশ্বকাপ নিয়েই কথা হওয়া উচিত।’
২০১৪ সালের পর ভারতের হয়ে আর মাঠে নামা হয়নি এই বাঁহাতি ওপেনারের। গত কিছুদিনে টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের যে ফর্ম, সেটি দেখে ভারতকেই ফেবারিট বলছেন বেশির ভাগ বিশ্লেষক। গম্ভীর অবশ্য ফেবারিট প্রশ্নে বেশ সতর্ক, ‘ভারত যে গ্রুপে আছে পরের পর্বে ওঠা সহজ হবে না। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানকে নিয়ে আগে থেকে কিছু বলা কঠিন। টি-টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারিয়ে দিতে পারে।’ বরং দেশের মাটিতে খেলাকে বড়সড় চাপই বলছেন বাঁহাতি ওপেনার। টাইমস অব ইন্ডিয়া।
লঙ্কান ক্রিকেট এবং রাজনীতি
শ্রীলঙ্কা ক্রিকেট বড় দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছে। একের পর এক সিরিজ হার, বিশ্বকাপের আগে অধিনায়কের সরে দাঁড়ানো, নির্বাচক কমিটি বাতিল করে দেওয়া—সবই হচ্ছে। এবার শুরু হলো কাদা ছোড়াছুড়িও।
শুরুটা করেছিলেন সদ্য পদচ্যুত প্রধান নির্বাচক কপিলা বিজেগুনেবর্ধনা। এবারের এশিয়া কাপ থেকে শ্রীলঙ্কা লিগ পর্বেই বিদায় নেওয়ার পর নির্বাচক কমিটি বাতিল করে দেন শ্রীলঙ্কান ক্রীড়ামন্ত্রী। পরে বিজেগুনেবর্ধনা অভিযোগ করেছেন, তিনি রাজনীতির শিকার। তাঁর ইঙ্গিত, বর্তমান বোর্ড সভাপতি থিলাঙ্গা সুমাথিপালাই ক্রীড়ামন্ত্রীকে তাঁর বিরুদ্ধে খেপিয়ে তুলেছেন। তিনি এমন মন্তব্যও করেন, কিছুদিন পর নাকি নির্বাচক কমিটিরই প্রয়োজন ফুরিয়ে যাবে শ্রীলঙ্কায়, রাজনীতিবিদেরাই পছন্দ অনুযায়ী দল নির্বাচন করবেন!
বিজেগুনেবর্ধনার এই মন্তব্য ভালোভাবে নেয়নি শ্রীলঙ্কা ক্রিকেট। বোর্ডের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘বিজেগুনেবর্ধনার বক্তব্য ভুল এবং বিভ্রান্তি সৃষ্টি করতেই এটা বলা হয়েছে। শ্রীলঙ্কা দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের কথা ভাবছে, তখন এসব মন্তব্য দলের মনোবলে আঘাত দেবে।’ এনডিটিভি