কর্নার থেকে সরাসরি গোল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্নার কিক নিলেন আনোয়ার। ফরাশগঞ্জ গোলরক্ষক শাকিল উঠলেন লাফিয়ে। কিন্তু ফ্লাইট মিস হলো। বলটা হঠাৎ বাঁক নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে দ্বিতীয় পোস্টে লেগে জালে। কর্নার থেকে সরাসরি গোল!সাম্প্রতিক বছরগুলোতে এমন অভিজ্ঞতা বাংলাদেশের কোনো ফুটবলারের নেই। শোনা যায়, পাকিস্তান আমলে এমন কীর্তি ছিল প্রতাপ শংকর হাজরার। গোলাম সারোয়ার টিপু বললেন, স্বাধীনতার আগে তিনিও একবার কর্নারে সরাসরি গোল করেছিলেন। ১৯৮৩ সালে ব্রাদার্সের বিপক্ষে আজাদ স্পোর্টিংয়ে আনোয়ার মানিক গোল করেছিলেন সরাসরি। বাংলাদেশের জার্সি গায়ে নেপালের বিপক্ষে ঢাকার মাঠে এমন গোল করেছেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ রাসেলের জার্সি গায়ে সেইসব স্মৃতি মনে করিয়ে দিলেন ঝিনাইদহের ছেলে আনোয়ার। গত বছর মোহামেডানে খেলা ৩০ বছর বয়সী স্ট্রাইকার এমন গোল করে নিজেই অবাক, ‘আমার লক্ষ্য ছিল বলটা সতীর্থ আব্বাসের মাথায় ফেলা, যাতে সে হেডে গোল করতে পারে। কিন্তু বলটা হঠাৎ অনেকটা ঘুরে জালে ঢুকে গেল। এমন গোল চাইলেই করা যায় না। আমি নিজেই অবাক।’৯ মিনিটে পাওয়া এই গোলই শেষ চারটি ম্যাচে টানা হারের পর কাল শুরুতেই জয়ের রাস্তা খুলে দেয় শেখ রাসেলের সামনে। পরপরই বুকোলার প্লেসিংয়ে ২-০ এবং দ্বিতীয়ার্ধে দলকে তৃতীয় গোলটাও এনে দিয়েছেন ওই আনোয়ার।৩৬ মিনিটে এমাকো লাল কার্ড দেখার পরও শেখ রাসেল জিতল ৩-০ গোলে। ১০ জনের দল নিয়ে এর আগেও একটি ম্যাচ জিতেছে শেখ রাসেল। ১০ জনের দলের বিপক্ষে দুটি ম্যাচ হারের তিক্ত অভিজ্ঞতাও হয়েছে দলটির!দুঃস্বপ্ন পেছনে রেখে উঠে দাঁড়ানোর চেষ্টা। তারই সুবাদে ৯ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে আপাতত অবস্থান চার নম্বরে শেখ রাসেলের। কোচ মারুফুল হক একটু যেন প্রাণ ফিরে পেলেন, ‘এই জয় আমাদের আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছে। তাই এখনো সব শেষ মনে করছি না।’৯ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ২০। ৮ ম্যাচে সমান পয়েন্ট আবাহনীর। শেখ রাসেল অনেকটাই পেছনে পড়ে আছে। তবে পরাজয়ের বৃত্ত থেকে বেরিয়ে আসাটা এখন রাসেলের কাছে বড় স্বস্তি!ওদিকে ৯ ম্যাচে মাত্র ৭ পয়েন্ট নিয়ে অবনমনের শঙ্কায় কাঁপছে ফরাশগঞ্জ। দলটি এদিন ভুগেছে গোলরক্ষণ দুর্বলতায়। শাকিলকে দুই গোলের পর তুলে বদলি গোলরক্ষক হিসেবে নামানো হয় মাসুমকে। কিন্তু দিনটা তাঁর জন্যও ভালো কাটেনি। কোচ কামাল বাবু তাই ক্ষুব্ধ, ‘দুই গোলরক্ষকই দলকে ডুবিয়েছে।’