কর্মকর্তাদের দ্বন্দ্বে স্থবির বক্সিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জানুয়ারি থেকে জুন—ছয় মাসে মাত্র একটি টুর্নামেন্ট। স্বাধীনতা দিবস বক্সিং ছাড়া আর কোনো কারণেই বক্সাররা রিংয়ে ওঠার সুযোগ পাননি। আজ শুরু হওয়ার কথা ছিল জাতীয় জুনিয়র বক্সিং চ্যাম্পিয়নশিপ। সেটিও গেছে পিছিয়ে। আবার কবে শুরু হবে স্পষ্ট করে বলতে পারছেন না ফেডারেশনের কর্মকর্তারাই।প্রতিযোগিতা শুরুর জন্য বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা ও সার্ভিসেস সংস্থায় চিঠি পাঠানো হয়েছিল। তার পরও সঠিক সময়ে টুর্নামেন্ট শুরু হচ্ছে না দেখে হতাশ বক্সাররা। ফেডারেশনের যুগ্ম সম্পাদক সুলতানউদ্দিন আহমেদ অবশ্য জানালেন, ‘স্কুলের ছেলেদের পরীক্ষার কারণে খেলা পেছানো হয়েছে। নারায়ণগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, যশোর ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা থেকে চিঠি দিয়ে খেলা পেছানোর অনুরোধ জানানো হয়েছে। বর্তমান চ্যাম্পিয়ন আসিফ ইসলাম উজবেকিস্তান যাচ্ছে বলে বিকেএসপিও এই সময় খেলতে চাইছে না।’ফেডারেশনের সভাপতি মাহবুব আহমেদ ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব। সাধারণ সম্পাদক কর্নেল (অব.) এম এ লতিফের অন্য পরিচয় বর্তমান বিরোধীদলীয় ব্যক্তিত্ব। বক্সিংপাড়ায় গুঞ্জন, দুজনের দ্বন্দ্বের কারণেই দিন-দিন স্থবির হয়ে পড়ছে ফেডারেশন। এ ব্যাপারে সাধারণ সম্পাদক এম এ লতিফের বক্তব্য, ‘আমি বক্সিংয়ে অনেক কিছু করতে চেয়েছি, কিন্তু করতে পারছি না। আমার কিছু বলার নেই। উনি (সভাপতি) বিষয়টিকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে না দেখলেও পারেন। খেলাধুলাকে রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত।’ তবে সাধারণ সম্পাদকের সঙ্গে কোনো রকম দ্বন্দ্বের কথা অস্বীকার করেছেন সভাপতি, ‘আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।’