কর্মকর্তারাই পাকিস্তান ক্রিকেটকে ডোবাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুধাবিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় পাকিস্তান ক্রিকেটের দৈন্যদশা খুবই প্রকট হয়ে ফুটে উঠেছে। দুটি ম্যাচের কোনোটিতেই সামান্যতম প্রতিরোধ গড়তে পারেনি টি-টোয়েন্টির সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সিরিজ পরাজয়ের চেয়েও পরাজয়ের ধরনটা কাঁটা হয়ে বিঁধছে সাবেক পাকিস্তানি ক্রিকেটারদের। পাকিস্তান ক্রিকেটের জীবন্ত স্পিন কিংবদন্তি আবদুল কাদিরের মতে, ক্রিকেট সংগঠকদের অদূরদর্শিতা আর জ্ঞানের অভাবই পাকিস্তানের ক্রিকেটারদের ডুবিয়ে মারছে। তিনি মনে করেন, ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে অনুপযোগী খেলোয়াড়দের নিয়ে দল গড়াই দক্ষিণ আফ্রিকার কাছে নাস্তানাবুদ হওয়ার মূল কারণ। দলটিতে মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক, ইমরান ফরহাতের মতো কয়েকজন খেলোয়াড় ছিলেন, যাঁরা টি-টোয়েন্টিটা খেলতেই পারেন না। আবদুল কাদিরের মতে, ‘একজন সাধারণ মানুষও বুঝতে পারবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটো টি-টোয়েন্টি ম্যাচে দলের সমস্যাটা কোথায় ছিল। বুঝতে পারেননি কেবল আমাদের ক্রিকেট সংগঠক আর নির্বাচকেরা।’দলের কোচিং স্টাফ নিয়েও প্রশ্ন তুলেছেন আবদুল কাদির। সমালোচনার তীরটা মূলত প্রধান কোচ হিসেবে ওয়াকার ইউনুস ও বোলিং কোচ আকিব জাভেদের দিকেই। তিনি মনে করেন, ‘ওয়াকার আর আকিব কেউই খেলোয়াড়ি জীবনে ব্যাটসম্যান ছিলেন না। অথচ দলটার দিকে তাকিয়ে দেখুন, ওতে কোনো বিশেষজ্ঞ ব্যাটিং কোচ নেই। অথচ কে না জানে পাকিস্তান ক্রিকেট দলের মূল সমস্যাটা ব্যাটিংয়েই।’পাকিস্তানি ক্রিকেটের সমালোচনা করলেও বিজয়ী দক্ষিণ আফ্রিকাকে প্রশংসা করতে অবশ্য ভোলেননি আবদুল কাদির। দক্ষিণ আফ্রিকার যে ব্যাপারটি তাঁর সবচেয়ে ভালো লেগেছে তা হলো, হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের মতো খেলোয়াড়দের ছাড়াই নতুন ও প্রতিভাবান একটি দল নিয়ে তারা তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।আবদুল কাদিরের সঙ্গে গলা মিলিয়েছেন সাবেক পাকিস্তানি ফাস্ট বোলার সরফরাজ নেওয়াজ। তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটে এখন নতুন রক্ত দরকার। অথচ নির্বাচকেরা বুড়োটে খেলোয়াড়দের নিয়েই আছে। এই তথাকথিত অভিজ্ঞ খেলোয়াড়েরা কখনো দেশের হয়ে খেলে না। তাঁদের সব মনোযোগ নিজেদের নিয়ে।’সরফরাজ নিজের মন্তব্যের সপক্ষে উদাহরণও টেনেছেন। তিনি বলেন, ‘দুটো ম্যাচেই মিসবাহর ইনিংসের দিকে তাকান। দেখবেন সে কিন্তু দুটোতেই সর্বোচ্চ রান করেছে। কিন্তু সেই রান দলের কোনো কাজে লাগেনি। সে একান্তই নিজের জন্য খেলেছে। দলে নিজের জায়গাটা আগামী দুটো সিরিজের জন্য পাকাপোক্ত করেছে। অনেক সময় নিয়ে সেট হয়ে সে ইনিংস দুটো খেলেছে। মিসবাহ অতিরিক্ত সময় নেওয়ায় দলের বাকি ব্যাটসম্যানরা চাপে পড়ে গেছে।’ ডন অনলাইন।