কলকাতা অধ্যায় শেষ আকরামের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইপিএলের গত তিন আসরে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ওয়াসিম আকরাম। তবে এবারের আসরে কলকাতার ডাগ আউটে আর দেখা যাবে না পাকিস্তানের এই কিংবদন্তি বোলারকে। পরিবারকে বেশি সময় দেওয়ার লক্ষ্যে কলকাতা নাইট রাইডার্সের বোলিং কোচের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি।আইপিএলের গত তিন মৌসুমে কলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচ ট্রেভর বেলিসের পাশাপাশি বোলিং কোচ হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেছেন ওয়াসিম আকরাম। প্রথম দুটি মৗসুমে সফলতা না পেলেও গত মৌসুমে তাঁর দল জিতেছে আইপিএল শিরোপা। কিন্তু এখন পরিবারকে আরও বেশি সময় দেওয়াটাই জরুরি বলে মনে করছেন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক। তাঁর অনুপস্থিতি দলের সবাই খুব অনুভব করবে বলে মন্তব্য করেছেন কলকাতা নাইট রাইডার্সের প্রধান নির্বাহী ভেনকি মাইসুর। তিনি বলেছেন, ‘ওয়াসিম আকরাম একজন জীবন্ত কিংবদন্তি। দলের সবাইকে খুব দারুণভাবে অনুপ্রাণিত করতে পারেন। তাঁর অনুপস্থিতি আমরা অনুভব করব। যদিও যে কারণে তিনি বিদায় নিচ্ছেন, সেটা আমরা উপলব্ধি করেছি। আমরা আশা করছি, ভবিষ্যতে আবার আমরা তাঁকে পাশে পাব।’দলের নতুন ফিল্ডিং কোচ হিসেবে ট্রেভর পেনিকে নিয়োগ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পেনি বর্তমানে ভারতের জাতীয় দলের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।আগামী ৩ এপ্রিল শুরু হবে আইপিএলের ষষ্ঠ মৌসুম। টাইমস নিউজ নেটওয়ার্ক।