কলকাতা ও মুম্বাইয়ের ভেন্যু নিয়ে অসন্তুষ্ট আইসিসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপে ভারতের দুটি প্রধান ভেন্যুর সংস্কারকাজের ধীরগতিতে দারুণ অসন্তুষ্ট আইসিসি। কলকাতার ইডেন গার্ডেন ও মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আদৌ বিশ্বকাপের আগে প্রস্তুত হয়ে উঠবে কি না, তা নিয়েও দেখা দিয়েছে সংশয়। ইডেন গার্ডেনে গ্রুপ পর্বের চারটি ও ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালসহ চারটি খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কিন্তু আইসিসির পরিদর্শক দল এই ভেন্যু দুটি পরিদর্শনে এসে রীতিমতো হতাশই হয়েছে।নভেম্বরের ৩০ তারিখে এই ভেন্যু দুটির সংস্কারকাজ শেষ হওয়ার কথা থাকলেও আইসিসির পরিদর্শক দল পরিদর্শনে এসে দেখে, এগুলোর কাজ এখনো অসম্পূর্ণ। শেষ পর্যন্ত তারা সংস্কারকাজ শেষ করার জন্য আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছে। আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি ইতিমধ্যেই সন্দেহ পোষণ করেছেন, এই ভেন্যু দুটির সংস্কারকাজ নির্ধারিত সময়ে শেষ করা নিয়ে। আয়োজকদের কয়েক মাস আগে কমনওয়েলথ গেমসের অব্যবস্থাপনার কথাও মনে করিয়ে দিয়েছেন তিনি।এদিকে ভারতের বিশ্বকাপ আয়োজক কমিটির পরিচালক রত্নাকর শেঠি কলকাতা ও মুম্বাইয়ের ভেন্যু দুটি নিয়ে আইসিসির ইভেন্ট ম্যানেজারের যাবতীয় শঙ্কা একেবারেই পাত্তা দিতে চাননি। এমনকি আইসিসির অসন্তুষ্টি নিয়ে কোনো প্রতিবেদনও তাঁর হাতে আসেনি বলে দাবি করেছেন তিনি। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের সংস্কারকাজ ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে তিনি মনে করেন। বাদবাকি ভেন্যুও আইসিসিকে ১৫ জানুয়ারির মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বলে আত্মবিশ্বাসী রত্নাকর শেঠি। ক্রিকইনফো।