কলকাতা টেস্টেও থাকছেন না হরভজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম টেস্টে দলে জায়গা পাননি হরভজন সিং। আর তাঁর পরিবর্তে অভিষিক্ত রবিচন্দ্রন অশ্বিন যে ম্যাচ-জয়ী পারফরমেন্স দেখিয়েছেন তাতে দ্বিতীয় টেস্টেও দলে সুযোগ মিলছে না ভারতের অন্যতম সেরা এই অফ স্পিনারের। প্রথম টেস্ট-জয়ী দল অপরিবর্তিত রেখেই ১৪ নভেম্বর কলকাতায় দ্বিতীয় টেস্টে মাঠে নামবে স্বাগতিক ভারত।টেস্ট ক্রিকেটে অভিষেকের সুযোগটা বেশ ভালোভাবেই কাজে লাগিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে নয়টি উইকেট নিয়ে পেয়েছেন ম্যাচ-সেরার স্বীকৃতি। আরেক স্পিনার প্রজ্ঞান ওঝাও হরভজনের দলে অন্তর্ভুক্তির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। দুই ইনিংসে তিনি পেয়েছেন সাতটি উইকেট। এই দুই স্পিনারের উচ্চকিত প্রশংসা করেছেন ভারতের নির্বাচক কমিটির সভাপতি কে শ্রীকান্ত। গতকাল দ্বিতীয় টেস্টের দল ঘোষণার সময় তিনি বলেছেন, ‘প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই দলটা খুবই ভালো পারফরমেন্স দেখিয়েছে। নির্বাচক, কোচ ও অধিনায়ক ধোনি এতে খুবই খুশি। অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অভিষেক ম্যাচেই যে দুর্দান্ত বোলিং করেছে, তাতে আমি মুগ্ধ। প্রজ্ঞান ওঝা ও পেসার উমেশ যাদবও ভালো বল করেছে। সর্বোপরি পুরো দলেরই ভালো পারফরমেন্সের পর দ্বিতীয় টেস্টেও এই একই দল নিয়েই আমরা মাঠে নামতে যাচ্ছি।’ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি, বিরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন টেন্ডুলকার, ভি ভি এস লক্ষণ, যুবরাজ সিং, ইশান্ত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, প্রজ্ঞান ওঝা, উমেশ যাদব, বিরাট কোহলি, আজিনকা রেহানে, রাহুল শর্মা, বরুণ অরুণ। ইএসপিএন।