কলকাতা বনাম সৌরভ!
আইপিএল লড়াইয়ে আজ রাতে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও পুনে ওয়ারিয়র্স। খাতা-কলমে কলকাতার প্রতিপক্ষ পুনে হলেও ‘আসল’ প্রতিপক্ষ কিন্তু কলকাতারই একজন—সৌরভ গাঙ্গুলী!কলকাতার ‘দাদা’ হিসেবে পরিচিত সৌরভ। তার পরও তিনি কেন আজ কলকাতার প্রতিপক্ষ, সচেতন পাঠকদের তা বেশ ভালোই জানা আছে। আইপিএলের প্রথম তিনটি আসরে কলকাতার হয়ে খেলেছেন সৌরভ। নেতৃত্ব দেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে তাঁকে কেনেনি কলকাতা। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজের কেউই। কলকাতার ‘দাদাকে’ ছাড়াই এগিয়ে চলেছিল আসর। তবে আশিষ নেহরার ইনজুরিতে চলতি মাসের শুরুতে সৌরভকে দলে আনে পুনে। আজ যখন কলকাতা মুখোমুখি হচ্ছে পুনের, তখন কলকাতার আসল প্রতিপক্ষ তো সৌরভই।কলকাতার মালিক শাহরুখ খান অবশ্য সৌরভের সঙ্গে নয়, লড়াইটা পুনের সঙ্গেই বলতে চান। ‘আমি বা আমার দলের দাদার বিপক্ষে কিছু করার নেই। আমরা ব্যক্তিগত কাউকে লক্ষ্য করে খেলি না। দল হিসেবে একটা দলকেই হারাতে চাই আমরা, নির্দিষ্ট কোনো ক্রিকেটারকে নয়’—বলেছেন শাহরুখ।মাঠের লড়াইয়ের আগে এই বক্তব্য শাহরুখের কৌশলও হতে পারে। যে সৌরভের প্রশংসায় তিনি এত দিন পঞ্চমুখ ছিলেন, এমনকি দলে না নেওয়ার পরও। নিজের ব্যর্থতা স্বীকার করে বেশ কয়েকবার দুঃখও প্রকাশ করেন বলিউডের ‘কিং খান’। অথচ সৌরভ পুনেতে যোগ দেওয়ার ঠিক পরই পাল্টে যায় শাহরুখের সুর, ‘আমি দাদাকে দলে ফিরিয়ে আনতে পারতাম। কিন্তু তিনটি আসরেই কলকাতা ভালো করতে পারেনি। আমাদের নতুন উদ্যমে শুরুর প্রয়োজন ছিল। তা ছাড়া আমাদের সামনের দিকেও তাকাতে হবে’—সৌরভের প্রয়োজনহীনতার ইঙ্গিত দিয়ে বলেন শাহরুখ। ওয়েবসাইট।