গ্যালারির স্ট্যান্ডে পাশাপাশি দুটি পতাকা। একটি শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। অন্যটি বাংলাদেশের। কলকাতার সল্টলেক স্টেডিয়ামের গ্যালারিতে লাল-সবুজ পতাকা মাথায় বেঁধে দাঁড়িয়ে থাকতে দেখা গেল এক দর্শককেও। নিশ্চয়ই কোনো বাংলাদেশি। আইএফএ শিল্ডের সেমিফাইনালে ইস্ট বেঙ্গলকে ৩-০ গোলে হারিয়ে কী চমৎকারভাবেই কলকাতায় বাংলাদেশের পতাকা ওড়াল শেখ জামাল ধানমন্ডি! সেই পতাকা উড়ল অবশ্য তিন বিদেশির সৌজন্যে। গোল করেছেন এমেকা ডার্লিংটন, সনি নর্দে ও ওয়েডসন অ্যানসেলমি। ১৫ ফেব্রুয়ারি ফাইনালে ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন জামালের প্রতিপক্ষ কলকাতা মোহামেডান।
আগের ম্যাচে উপমহাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহনবাগানকে হারানোর পর কাল সেমিফাইনালে শেখ জামালের শিকার শিল্ডে ৩০ বারের চ্যাম্পিয়ন ইস্ট বেঙ্গল। যাদের বিপক্ষে এটি বাংলাদেশের কোনো ক্লাবের প্রথম জয়। যে জয়ে মাত্র দ্বিতীয়বারের মতো শিল্ডের ১১৮ বছরের ইতিহাসে ফাইনালে বাংলাদেশের কোনো প্রতিনিধি। এর আগে ১৯৯৫ সালে ফাইনালে উঠে এই ইস্ট বেঙ্গলের কাছেই হেরেছিল ঢাকা মোহামেডান। এসবেও পুরোপুরি বোঝানো যাচ্ছে না শেখ জামালের দাপট। চোখ জুড়ানো পাসিং ফুটবল খেলে কলকাতায় বাংলাদেশের ফুটবলের বড় এক বিজ্ঞাপনই হয়ে উঠেছে দলটি।
শুরু থেকেই ম্যাচে আধিপত্য বিছিয়ে প্রথম গোল ২৩ মিনিটে। হাইতিয়ান ওয়েডসনের ক্রস থেকে এমেকার মাথা ছুঁয়ে বল জালে। ৩৮ মিনিটে দ্বিতীয় গোলটি কলকাতা মাতানো হাইতিয়ান ফরোয়ার্ড সনি নর্দের। এমেকার পাস পেয়ে বাঁ পায়ের কোনাকুনি শটে অসাধারণ এই গোল। ৬৭ মিনিটে তিনজনকে কাটিয়ে ওয়েডসনের তীব্র গতির শট ইস্ট বেঙ্গলের এক খেলোয়াড়ের পায়ে লেগে জালে। স্কোরলাইন ৩-০। ম্যাচও কার্যত সেখানেই শেষ।
৩-০ স্কোরলাইনই শেখ জামালের দাপট বোঝাতে যথেষ্ট। অথচ ঘটনা হলো, ব্যবধানটা আরও বড়ও হতে পারত। সনি নর্দে, মামুনুল গোলের সুযোগগুলো কাজে লাগাতে পারলে ইস্ট বেঙ্গলকে রীতিমতো লজ্জাতেই ডুবতে হতো। অনুশীলনে চোট পাওয়ায় নিয়মিত গোলরক্ষক জিয়ার বদলে কাল মাঠে নেমেছিলেন হিমেল। বড় পরীক্ষা দিতে না হলেও আত্মবিশ্বাসীও লেগেছে তাঁকে। রক্ষণভাগও আগের ম্যাচের তুলনায় অনেক জমাট ছিল। ইস্ট বেঙ্গল সেটি ভেদই করতে পারেনি।
শেখ জামালের পাসিং ফুটবল এই ম্যাচের আগেই কলকাতার সংবাদমাধ্যমে ‘বাংলাদেশি টিকি-টাকা’ হিসেবে অভিহিত হয়েছে। কালও মাঝমাঠে একের পর এক পাসের পসরা সাজিয়েছেন মামুনুলরা। ইস্ট বেঙ্গলকে অসহায়ই লেগেছে এর সামনে। সেই অসহায়ত্ব থেকেই হয়তো অর্ণব মণ্ডলের অমন জঘন্য ফাউল। খেলার শেষ মিনিটে স্লাইডিং ট্যাকলে লিঙ্কনের পায়ে মেরে লাল কার্ড পেয়েছেন অর্ণব। এর আগে সোহেলের গলা চেপে ধরে হলুদ কার্ড দেখেছেন ইস্ট বেঙ্গলের অধিনায়ক রবার্ট।
ম্যাচ শেষে মুঠোফোনেও বোঝা যাচ্ছিল অধিনায়ক মামুনুলের উচ্ছ্বাস, ‘আমাদের রক্ষণভাগের খেলোয়াড়েরা আজ চমৎকার খেলেছে। ফাইনালে উঠতে পেরে আমরা খুব খুশি। আরও খুশি হব, যদি শিল্ড নিয়ে দেশে ফিরে ১৬ কোটি মানুষের স্বপ্ন পূরণ করতে পারি।’ জয়ের পর পরই শেখ জামাল একাডেমির চেয়ারম্যান শওকত রাসেল ১০ হাজার মার্কিন ডলার বোনাসের ঘোষণা দিয়েছেন। চ্যাম্পিয়ন হলে ২৫ হাজার ডলারের ঘোষণাও দেওয়া আছে।
এসব বাড়তি প্রেরণা, তবে মাঠের খেলা দিয়েও শেখ জামালই ফাইনালে ফেবারিট। এমনকি ফাইনালের প্রতিপক্ষের কাছে গ্রুপ পর্বে হারার পরও!
শেখ জামাল ৩: ০ ইস্ট বেঙ্গল
১৫ ফেব্রুয়ারি শিল্ডের ফাইনালে শেখ জামালের প্রতিপক্ষ কলকাতা মোহামেডান