কলকাতা নাইট রাইডার্সের টানা তিন ম্যাচের জয়যাত্রা রুখে দিল আইপিএলের নবাগত দল কোচি টাসকার্স কেরালা। জয়ের খুব কাছাকাছি গিয়েও মাত্র ১৭ রানের হার মেনে নিয়ে মাঠ ছাড়তে হয়েছে গৌতম গম্ভীরের কলকাতাকে। ১৫৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে কলকাতার ইনিংস শেষ হয়েছে ১৩৯ রানে।টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন কলকাতা অধিনায়ক গৌতম গম্ভীর। প্রথম ৬ ওভারের মধ্যে মাত্র ৩০ রানে ব্রেন্ডন ম্যাককালাম ও পার্থিব প্যাটেলকে সাজঘরে ফিরিয়ে শুরুটাও ভালোভাবেই করেছিলেন বাঁ-হাতি ফাস্ট বোলার জয়দেব উনাডকট। তৃতীয় উইকেটে ৫১ রানের জুটি গড়ে সেই ধাক্কা কিছুটা সামলে নিয়েছিলেন মাইকেল ক্লিঞ্জার ও মাহেলা জয়াবর্ধনে। ১২তম ওভারে ২৯ রান করে ক্লিঞ্জার আউট হয়ে গেলেও দৃঢ়তার সঙ্গে খেলে গেছেন জয়াবর্ধনে। লঙ্কান এই ব্যাটসম্যানের ব্যাট থেকে এসেছে ৫৫ রান। শেষ মুহূর্তে ব্রাড হজের ১৯ বলে ৩৫ রানের ঝোড়ো ইনিংসটির সুবাদে কোচির সংগ্রহ দাঁড়ায় ১৫৬ রান।জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিকে আরও একটা সহজ জয়ের ইঙ্গিতই দিচ্ছিলেন কলকাতার দুই ওপেনার জ্যাক ক্যালিস ও ইয়ন মরগান। উদ্বোধনী জুটিতেই তাঁরা যোগ করেছিলেন ৬৯ রান। কিন্তু ১১তম ওভারে কোচিকে খেলায় ফেরান রিয়াফি গোমেজ। পর পর ২ বলে তুলে নেন জ্যাক ক্যালিস ও অধিনায়ক গৌতম গম্ভীরের উইকেট। ২ ওভার পর মনোজ তিওয়ারিও সাজঘরে ফিরলে হারের আশঙ্কা চেপে বসে কলকাতা শিবিরে। কিন্তু তখনো ভরসার প্রতীক হিসেবে উইকেটে ছিলেন মরগান। চতুর্থ উইকেটে ইউসুফ পাঠানকে নিয়ে তিনি যোগ করেন ৩৫ রান। ১৯তম ওভারে মরগান রানআউটের শিকার হওয়ার পরপরই শেষ হয়ে যায় কলকাতার জয়ের স্বপ্ন। ৫১ বলে ৬৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে সাজঘরে ফিরে যান মরগান। ইউসুফ পাঠান ১৭ রান করে আউট হওয়ার পর কলকাতার ইনিংস শেষ হয় ১৩৯ রানে। কোচির পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন বিনয় কুমার ও রিয়াফি গোমেজ।