কলকাতাতেও ‘ঘূর্ণি উইকেট’ চান ধোনি
ভারত-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজে সব আলোচনা যেন স্পিনারদের নিয়ে। প্রথম টেস্টে রবিচন্দ্রন অশ্বিন ও প্রজ্ঞান ওঝার ঘূর্ণিতে ৯ উইকেটের জয় পেয়েছিল ভারত। মুম্বাইয়ের দ্বিতীয় টেস্টে যেন দুই ইংলিশ স্পিনার গ্রায়েম সোয়ান ও মন্টি পানেসার জানিয়ে দিলেন, তাঁরাও পারেন। স্পিন-সহায়ক উইকেট বানিয়ে মুম্বাইয়ে উল্টো ফলই হলো ভারতের। ১০ উইকেটে টেস্টটা জিতে সিরিজে সমতা আনল ইংল্যান্ড। মুম্বাইয়ের এই বুমেরাং ফলের পর ভারতীয় অধিনায়ক ধোনি কলকাতার কিউরেটরদের কেমন উইকেট বানাতে বলেন, তা নিয়ে সবার মধ্যে আগ্রহের কমতি নেই। আহমেদাবাদ টেস্ট জিতেও উইকেটে ভালোমতো স্পিন না ধরা নিয়ে ধোনি অসন্তুষ্ট ছিলেন। সে কারণে মুম্বাইয়ে ‘প্রথম দিন থেকেই’ স্পিন ধরে এমন উইকেট বানানোর জন্য কিউরেটরদের প্রতি প্রকাশ্যে আহ্বান জানিয়েছিলেন ভারত অধিনায়ক। মুম্বাইয়ে তেমন উইকেটই পেয়েছিলেন। কিন্তু সেই উইকেটে অশ্বিন-ওঝা নন, ঘূর্ণিজাদু দেখালেন পানেসার-সোয়ান। স্পিনে ইংল্যান্ড নয়, নাজেহাল হলো ভারতই।কলকাতার পরের টেস্টে কি তবে ঘূর্ণি উইকেটের ব্যাপারে ধোনি দ্বিতীয় কোনো চিন্তা তুলে ধরবেন? সেখানে কি তিনি চাইবেন, শক্তিশালী ব্যাটিং লাইনআপের ভারত ব্যাটিং-সহায়ক উইকেটে খেলে নিজেদের অবস্থানটা অন্তত নিরাপদ রাখুক? এমন অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সবার মধ্যে। তবে ধোনি সাফ জানিয়ে দিয়েছেন, কলকাতাতেও স্পিন-সহায়ক উইকেটই প্রত্যাশা তাঁর।ধোনি বলেছেন, ‘অবশ্যই আমরা এ ধরনের উইকেটই দেখতে চাই। কারণ, এটাই আমাদের বিশেষত্ব। সাদামাটা উইকেটে টস জিতে তিন বা চার দিন ধরে ব্যাট করতে থাকার কী অর্থ হতে পারে! টেস্ট ক্রিকেটে আমরা অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে চাই। আর এ ধরনের উইকেট সেই সম্ভাবনাই তৈরি করে। ফলে আমরা নিশ্চিতভাবেই কলকাতাতে এই ধরনের উইকেট আশা করি।’ধোনির এ কথায় পানেসার-সোয়ানরা খুশিই হবেন!