কলকাতার খবর উড়িয়ে দিলেন নাজমুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিকল্প আয়োজক হিসেবে দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার নাম একটু-আধটু শোনা যাচ্ছিল। এবার হুট করে চলে এল ভারত! কালকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার খবর, আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কয়েকটি ম্যাচ হতে পারে ভারতে। শুধু তা-ই নয়, পত্রিকাটির দাবি, ভেন্যু সমস্যা ও রাজনৈতিক সমস্যা না মিটলে পুরো টুর্নামেন্টই সরে যেতে পারে ভারতে!ভারতীয় বোর্ডের অন্তর্বর্তীকালীন প্রধান জগমোহন ডালমিয়া কাল পত্রিকাটিকে বলেছেন, ‘আমরা কারও কাছ থেকে ম্যাচ কেড়ে নিতে চাই না। বরং বাংলাদেশকে সাহায্য করতে চাই। বাংলাদেশে সমস্যা যদি না মেটে, তাহলে কয়েকটা ম্যাচ আমরা আয়োজন করে ওদের সাহায্য করারই চেষ্টা করব।’ ডালমিয়ার ঘনিষ্ঠ বোর্ডের কোনো কোনো কর্তা আবার পত্রিকাটিকে বলেছেন, পুরো টুর্নামেন্টই সরে আসতে পারে ভারতে।আইসিসি সভা থেকে ফিরে বিসিবি প্রধান নাজমুল হাসান অবশ্য বারবারই বলেছেন, আগামী বছর বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে কোনো সংশয় নেই।সিঙ্গাপুরে গেছেন স্বাস্থ্যপরীক্ষার জন্য, সেখান থেকেই কাল ফোনে পুরোনো কথাই বললেন নতুন করে। টুর্নামেন্টটির ভারতে সরে যাওয়ার জোরের সঙ্গে উড়িয়ে দিয়ে বললেন, ‘কক্সবাজারে স্টেডিয়াম নির্মাণ আর সিলেট স্টেডিয়ামের সংস্কারকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। আর এই দুই ভেন্যু যদি প্রস্তুত না-ও হয়, বিকল্প হিসেবে ফতুল্লা ও বিকেএসপির কথা তো আমরা বলেছিই। আগস্টের প্রথম সপ্তাহে আইসিসির পরিদর্শক দল যখন আসবে, তখন বিকল্প ভেন্যু দেখে তারা খুশি হবে আশা করি। বিশ্বকাপ নিয়ে শঙ্কার কিছু দেখছি না। আমি কোনো চিন্তাই করছি না।’