কলকাতার জন্য সৌরভের শুভ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা নাইট রাইডার্স তাঁর দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কলকাতার ‘দাদা’ সৌরভ গাঙ্গুলীর ঠিকানা এখন পুনে ওয়ারিয়র্স। তাই বলে শাহরুখ খানের দলের ওপর হিংসা বা ক্ষোভ নেই সৌরভের। আইপিএলের পঞ্চম আসরের চ্যাম্পিয়ন হিসেবে তাঁর আগের দল কলকাতাকেই দেখতে চান তিনি।‘ফাইনালের দুটি দলকেই শুভ কামনা জানাতে চাই আমি। তবে চাই, নতুন কোনো দল চ্যাম্পিয়ন হোক। আমার মনে হয়, এবার চ্যাম্পিয়ন হবে কলকাতা নাইট রাইডার্স।’ বার্তা সংস্থা পিটিআইকে বলেছেন সৌরভ।এবার প্রথমবারের মতো ফাইনালে উঠেছে গৌতম গম্ভীরের দল কলকাতা। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের এটি চতুর্থ ফাইনাল। আজ জিতলে হ্যাটট্রিক শিরোপা জেতা হবে চেন্নাইয়ের। সৌরভের বিশ্বাস, ধোনির চেয়ে অভিজ্ঞতায় পিছিয়ে থাকলেও আত্মবিশ্বাসের ঘাটতি নেই গম্ভীরের। তিনি বলেন, ‘মাঠে সমান আত্মবিশ্বাসী থাকবে গম্ভীর। কলকাতা যথেষ্ট ভারসাম্যপূর্ণ একটা দল। ম্যাচে জেতার মতো খেলোয়াড় দলে রয়েছে।’আইপিএলের প্রথম তিনটি আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সৌরভ। নেতৃত্ব দিয়েছেন প্রথম দুটি আসরে। অথচ চতুর্থ আসরের নিলামে তাঁকে কেনেনি কলকাতা। তাঁকে নিয়ে আগ্রহ দেখায়নি ১০টি ফ্র্যাঞ্চাইজির কোনোটিই! সৌরভকে ছাড়াই এগিয়ে চলছিল আসর। তবে আশিষ নেহরার ইনজুরিতে তাঁকে দলে আনে পুনে। এর পর থেকে পুনেতেই আছেন সৌরভ।সৌরভের চোখে সেরা একাদশ: গৌতম গম্ভীর (অধিনায়ক), ক্রিস গেইল, রোহিত শর্মা, বিরাট কোহলি, ক্যামেরুন হোয়াইট, মহেন্দ্র সিং ধোনি, জ্যাক ক্যালিস, সুনীল নারায়ণ, ডেল স্টেইন, মরনে মরকেল ও লাসিথ মালিঙ্গা। স্ট্যান্ড-বাই: বীরেন্দর শেবাগ, কোচ: স্টিফেন ফ্লেমিং।